ঘরের বাইরে হুমায়ূন আহমেদ তাঁর প্রথম জন্মদিন পালন করেছিলেন সম্ভবত ১৯৯৫ সালে। সেটা ছিল তাঁর ৪৭তম জন্মদিন। এই আয়োজনে হুমায়ূন আহমেদ, তাঁর তিন মেয়ে, ছেলে এবং স্ত্রী গুলতেকিন আহমেদের এক ভাই ও তাঁর স্ত্রী—এ কজনই উপস্থিত ছিলেন। নিতান্ত ঘরোয়া ও পারিবারিক ছিল এ আয়োজন।হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা তাঁর জন্মদিন অনুষ্ঠানকে ঘরের ভেতর থেকে বের করে আনেন ১৯৯৮ সালে, তার ৫০তম জন্মবার্ষিকীতে। সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মূলত ছিলেন এর আয়োজক। ভোরের কাগজ-এ তাঁর জন্মদিনের এ সংবাদটি দেখে আমিও ছুটে গিয়েছিলাম। অনেক দিন হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা হয় না। ভাবলাম, যদি এ উপলক্ষে তাঁর সঙ্গে দেখা হয়। কিন্তু লেখকের জন্মদিনে কী উপহার নিয়ে যেতে পারি! হাতের কাছে একটা মূল্যবান ছবি আছে। ভাবলাম, এটা যদি উপহার হিসেবে নিয়ে যাই, কেমন হয়?বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি তাঁর বক্তৃতা শোনার জন্য। একসময় তিনি এলেন এবং মাইকের সামনে দাঁড়িয়ে, অত্যন্ত নার্ভাস ভঙ্গিমায় কিছু বললেন। আজ ১৪ বছর পর তার সবটুকু আর মনে নেই। যেটুকু মনে আছে, তা হচ্ছে, তিনি বলেন, ‘প্রকাশকেরা যখন এখানে আমার জন্মদিনের অনু্ষ্ঠান করার প্রস্তাব দেয়, তখন আমি কিঞ্চিৎ দ্বিধার মধ্যে পড়ে যাই। ঘরের বাইরে আমার জন্মদিনের অনুষ্ঠান হবে, এটা ভাবতে আমার বেশ সংকোচ বোধই হচ্ছিল। মনের একটা অংশও আবার বলছিল, হোক না, দেখি কী হয়!’ তিনি বলেন, ‘আমি কখনোই আশা করিনি যে আমার জন্য এ রকম একটা অনুষ্ঠান হবে আর এত লোক এখানে উপস্থিত থাকবে। আমি আপনাদের ভালোবাসায় ধন্য...।’২০০৮ সাল। হুমায়ূন আহমেদ ৬০-এ পড়বেন। ৬০তম জন্মদিন পালনের জন্য নানা রকম জল্পনা-কল্পনা শুরু হলো দখিন হাওয়ার আড্ডায়। ২০০৮ সাল থেকে নতুন করে তাঁর জন্মদিনের আনুষ্ঠানিক উদ্যাপন শুরু করেন হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা। জন্মদিন আয়োজনের পুরোভাগে ছিল অন্যপ্রকাশ। প্রকাশকদের উদ্যোগেই পাবলিক লাইব্রেরি চত্বরে সপ্তাহব্যাপী বইমেলা দিয়ে শুরু হয় জন্মদিন উৎসবের। ১৩ নভেম্বর বেলা ১১টায় বইমেলার উদ্বোধন হয়, উদ্বোধন করেন লেখকজননী আয়শা ফয়েজ, তাঁর সঙ্গে ছিলেন হুমায়ূনপত্নী শাওন, ছেলে নিষাদ।তাঁর ৬০তম জন্মদিনের এই অনুষ্ঠান বসেছিল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। পুরো মঞ্চে লম্বা একটা টেবিল, পুরো টেবিলটি তাজা গোলাপ দিয়ে মোড়ানো। টেবিলের পেছনে একটিমাত্র চেয়ার। সেখানে বসে আছেন বার্থডে ম্যান হুমায়ূন আহমেদ। মঞ্চে আর কোনো অতিথি নেই। তাঁর জন্মদিনে চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হলো, তিনটি ছিল অন্যপ্রকাশ থেকে ছাপা, অপরটি অনন্যার। বইগুলোর মোড়ক উন্মোচন করেন লেখকজননী আয়শা ফয়েজ, লেখকপত্নী মেহের আফরোজ শাওন, লেখকপুত্র নুহাশ হুমায়ূন ও লেখক ইমদাদুল হক মিলন।ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন নানা জন, জন্মদিনের শুভেচ্ছা দেন এবং প্রথমবারের মতোই হলভর্তি দর্শকের সামনে কথা বলতে আসেন শাওন। দর্শকেরা তাঁর কথা শোনেন। কথা শেষ হলে হলের মধ্যে বেশ জোরে তালিও পড়ে। অনুষ্ঠানের পর হুমায়ূন আহমেদ তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে রাতের খাবার-দাবারের জন্য যান গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে।হুমায়ূন আহমেদের আনুষ্ঠানিক জন্মদিনের বাইরে তাঁর আরেকটি জন্মদিন উৎসব হতো তাঁর নিজের ফ্ল্যাট দখিন হাওয়ায়। আগে নিশ্চয়ই নুহাশপল্লীতেও হয়েছে, আমি পাইনি, তবে ২০০৮ সালের পর ১২ নভেম্বরের রাতগুলো অন্য রকম ব্যঞ্জনা নিয়ে আসত তাঁর দখিন হাওয়ার ফ্ল্যাটে। এমনিতে যদিও নিজেকে বলতেন-বাইরে যাব মরতে?থাকব আমি গর্তে।সে কারণে আমজনতার কাছাকাছি যাওয়া বা আমজনতার তাঁর কাছে যাওয়ার সুযোগ থাকত না। কিন্তু এইদিন যে তাঁর দরজা সবার জন্যই খোলা থাকত, সেটাও সবাই জানত না। যারা জানত তারা ১২ নভেম্বর সন্ধ্যার পর থেকে আসতে শুরু করত। হুমায়ূন আহমেদের ফ্ল্যাটের দরজা সব সময় খোলা থাকত, সেটা জন্মদিন বলে নয়। কী এক রহস্যময় কারণে তিনি দরজা ভেতর থেকে বন্ধ না করেই ঘুমাতেন, ভাগ্যিস এ খবরটা ওপাড়ার চোর-ডাকাতদের জানা ছিল না। নিচের তলায় অবশ্য অ্যাপার্টমেন্টের দারোয়ানেরা সব সময়ই সক্রিয় থাকেন অভ্যাগতদের পরিচয় জানার জন্য। তাঁদের কাছে অচেনা মনে হলেই গেটপাস করার আগে অনুমতি নিয়ে নিত। কিন্তু ১২ নভেম্বরের রাতে এটা থাকত না। খুব বেশি না হলেও ২০-২৫-৩০ জন ভক্ত-অনুরাগীর প্রবেশ ঘটত সে সময়। এমনও শুনেছি যে তাঁর দু-চারজন অনুরাগী ছিলেন, তাঁরা বছরের এই একটি সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। বেশির ভাগই ফুল নিয়ে আসতেন, কেউ কাপড়চোপড়। এগুলো খুলে দেখার পর কিছু এপাশে রাখতেন, কিছু ওপাশে। ওপাশেরগুলো কাউকে দিয়ে দেওয়ার জন্য। কাপড়চোপড় পরতেন খুব সাদামাটা, নরম, সুতির। যাঁরা দামি কাপড় নিয়ে আসতেন, তাঁদেরগুলো ওপাশে চলে যেত।১২ নভেম্বরের রাতের জন্য তাঁর বন্ধুদের কখনো ডাকতেন না। কিন্তু বন্ধুদের জন্য খাবারের পুরো আয়োজন করে রাখতেন। রাত আটটার পর থেকে প্রিয় বন্ধুদের নিয়ে আড্ডায় বসে যেতেন। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত এ তিনটি জন্মদিনে তাঁর একান্ত আড্ডায় দেখেছি সালেহ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, ইমদাদুল হক মিলন, জুয়েল আইচ, এস এম মনিরুজ্জামান, মনির আহমেদ, ইবনে হাসান খান প্রমুখদের। এঁদের সঙ্গে প্রাত্যহিক আড্ডার লোকজন তো আছেনই। প্রায় প্রতি সন্ধ্যায়ই তাঁর নিজের পরিবারের মধ্যে তাঁর মা, বোনেরা, ভাই আহসান হাবীব এবং নুহাশকেও দেখেছি। তাঁরা একটু দেরি করেই আসতেন।আমাদের আড্ডা শেষ হয়ে যেত ১২টা বাজার পাঁচ মিনিট আগে। তারপর কেক কাটার একটা বিষয় থাকত। মাকে নিয়ে কেক কাটতেন হুমায়ূন আহমেদ, সঙ্গে স্ত্রী-পুত্র। সে রাতে গানের আসর হতো। এসআই টুটুল দেশে থাকলে তানিয়া ও ছেলেদের নিয়ে আসতেন। ৪০-৫০ জনের মহাফুর্তির আয়োজন। অবারিত খানাপিনা, আনন্দ-উৎসব।২০১০ সালের জন্মদিনের রাতে, কাকতালীয়ভাবে ভরা জ্যোৎস্না ছিল। আকাশে পূর্ণ চন্দ্র। পরদিন বলেছিলেন, ‘কাল রাতে আমি খুব চিন্তায় ছিলাম। আমার মনে হয়েছিল, আমার মৃত্যু হবে কোনো এক পূর্ণিমা রাতে। মৃত্যুর জন্য জন্মদিনের তারিখটা বেশ ভালো। যেদিন জন্ম, সে তারিখে মৃত্যু। কাল রাতে মনে হয়েছিল, আমি বোধহয় আজ মারা যাব। যাক, রাতটা পার করে ফেলেছি, কোনোমতে এ যাত্রা রক্ষা!’ মূলত এটাই ছিল বাংলাদেশে হুমায়ূন আহমেদের শেষ জন্মদিন পালন।২০১১ সালের ১৩ নভেম্বর ছিল জীবিত অবস্থায় হুমায়ূনের শেষ জন্মদিন। কিন্তু সেদিন তিনি দেশে ছিলেন না। তাঁর চিকিৎসা চলছে যুক্তরাষ্ট্রে। অথচ জন্মদিনের আয়োজনটি হঠাৎ করে আরও বেড়ে গেল। সবকিছু আগের বছরের মতোই। সেই পাবলিক লাইব্রেরিতে বেলুন ওড়ানো, একক বইমেলা, তার সামনের মঞ্চে আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানটি মূলত ছিল লেখকের রোগমুক্তির, দীর্ঘ জীবন কামনার। বক্তৃতা করতে এসে সালেহ চৌধুরী কান্নাভেজা কণ্ঠে একটি চন্দন কাঠের মালা দেখালেন। ভারতের বেঙ্গালুরু থেকে কোনো এক পীরের কাছ থেকে তাঁর ছেলে এই মালা পাঠিয়েছেন বাবার কাছে। তিনি এটা দু-তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে পাঠাবেন। তাঁর ধারণা, এই মালা হাতে পরে রাখলে তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন। বক্তৃতার সময় মালাটি তিনি দেখালেন। তাঁর আবেগের সংক্রমণ ঘটল উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে। এ রকম একটা আবেগময় পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো অনুষ্ঠান।সে রাতে তাঁর একান্ত উপস্থিতি ছিল দখিন হাওয়ায় কম্পিউটারে। স্কাইপের মাধ্যমে। বাংলাদেশের রাত ১২টা মানে নিউইয়র্কের দুপুর দুইটা। হুমায়ূন আহমেদ কম্পিউটারের সামনে এসে বসেন। ক্যামেরার দিকে তাকান। তাঁর মাথায় টুপি। একবার টুপি খোলেন, মাথায় চুল প্রায় নেই। ছাঁটার পর একটু একটু গজালে যেমনটি দেখায়, তেমনই।মাজহার প্রথমে কথা বলে একে একে যারা উপস্থিত আছে সবার কথা জানিয়ে দেন। নুহাশের সঙ্গে কথা বলতে চাইলেন প্রথমে। নুহাশ এসে সামনের চেয়ারে বসে। সে তার বাবার মাথায় চুলের দিকে তাকিয়েই দুই হাত দিয়ে মুখ ঢেকে উঠে যায়। বলে, ‘না, আমি কথা বলব না।’নুহাশ চলে যাওয়ার পর পর কথা বলেন মায়ের সঙ্গে, বোনের সঙ্গে। সবার একই কথা, আমরা দোয়া করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমনই। তিন-চার মিনিট পর আবার ডাক পড়ল নুহাশের। নুহাশ এসে বসল। এবার সে বেশ স্বাভাবিক। এবার বাবা-ছেলে কথা হয়। হুমায়ূন আহমেদ প্রশ্ন করেন, ‘তোমার পড়াশোনা কেমন চলছে? ক্লাস কবে শুরু হবে?’ এটুকুই।এরপর নিজেই বলেন, ‘আমি এখন যাই, সবাই ভালো থেকো তোমরা।’ হুমায়ূন আহমেদ চেয়ার ছেড়ে উঠে যান। ল্যাপটপের পর্দায় একটা খালি চেয়ার শুধু পড়ে থাকে।লেখাটি লেখকের প্রকাশিতব্য স্মৃতিকথা হুমায়ূন আহমেদ: এক যে ছিল মুগ্ধকর গ্রন্থ থেকে সংকলিত