হুমায়ূন আহমেদের লেখা গান খুব টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস, অভিনেতা
ফেরদৌস, অভিনেতা

বড় ভাই খুব গান শুনতে ভালোবাসতেন। তিনি বনি এম, পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের গান শুনতেন। আবার কখনো-সখনো শেখ ইশতিয়াকের গাওয়া গানের ক্যাসেট নিয়ে আসতেন। ওর সঙ্গে সঙ্গে আমিও ওই গানগুলো শুনতে শুরু করি। বয়স তখন পাঁচ কি ছয়! গানের মানে বোঝার বয়স তখনো হয়নি। তবুও শুনতাম।
এর কিছুদিন পর থেকে সোলস, মাইলসসহ অন্য ব্র্যান্ডের গান শুনতে শুরু করলাম। একই সঙ্গে রেডিও ও টিভিতে রবীন্দ্রসংগীত আর নজরুলগীতি নিয়মিত শুনতাম। নারায়ণগঞ্জে থাকতেন আমার এক বড় আপা। তিনি তখন সপ্তম শ্রেণীতে পড়তেন। আপা মঞ্চে গান গাইতেন। তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বা রিহার্সেলে যেতাম। সেখানে গান শুনতাম। এভাবেই ধীরে ধীরে সংগীতের প্রতি আমার মোহ জন্মাল।
সে সময় আমার বয়সী অনেকেই গান শিখত। ছোট বোনও বাসায় গান শিখত। ওর সঙ্গে সারেগামা পর্যন্ত শিখেছিলাম। শেখার ইচ্ছা আমার ছিল। প্রবলভাবেই ছিল। কিন্তু অনুপ্রেরণা পাইনি বলে সেভাবে গান শেখাও হয়নি। আসলে পরিবারের সবাই চাইত পড়ালেখা করেই যেন বড় মানুষ হই। বিভিন্ন অনুষ্ঠানে সবার সঙ্গে দুই-এক কলি বা পুরো গানও গেয়েছি বেশ কয়েকবার। তবে শৈশবে গান শিখতে না পারার অপূর্ণতা অন্যভাবে পূর্ণতা পেয়েছে। চলচ্চিত্রে অভিনয় করার পর থেকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। সেখানে অভিনয় আর নাচের সঙ্গে সঙ্গে দর্শকেরা গানও গাইতে অনুরোধ করেন। অনেক সময় শিল্পীদের সঙ্গেও গাইতে হয়। তখন মনে হয়, এই তো, আমার শৈশবের ইচ্ছেটা পূরণ করার সুযোগ!

‘হুমায়ূন আহমেদের লেখা গানের একটা গভীর মানে থাকে’
‘হুমায়ূন আহমেদের লেখা গানের একটা গভীর মানে থাকে’

মেহেদী হাসান আর পঙ্কজ উদাস আমার প্রিয় শিল্পী। আনন্দ শংকরের গানও খুব পছন্দ। এ ছাড়া সুফি গান আর লালনের গান ভীষণ ভালোবাসি।
ভালো লাগে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি আর লোক গান। এ ছাড়া এই সময়ের ফোক-ফিউশানও ভালো লাগে।
প্রিয় গানের তালিকায় অনেক ধরনের গান রয়েছে। কিন্তু যে দুটি গান আমাকে অন্য রকম অনুভূতি দেয়, সেটি হলো ‘যদি তোর ডাক শুনে কেউ... আর ‘শাওন রাতে যদি...’। আবার ‘আগে যদি জানতাম’ মমতাজের গাওয়া এই গানটিরও ভক্ত আমি। জেমসের ‘পাগলা হাওয়া...’, আইয়ুব বাচ্চুর ‘সব ভালো তুই...’ গানগুলো খুব প্রিয়। সেই সঙ্গে ভালো লাগে নিজের অভিনীত চলচ্চিত্র হঠাৎ বৃষ্টির ‘একদিন স্বপ্নের দিন...’ আর ‘সোনালি প্রান্তরে...’ গান দুটি। শুধু এই দুটি গানই নয়—সার্বিকভাবে আমার অভিনীত চলচ্চিত্রগুলোর বেশ কিছু গানই আমার প্রিয়। হুমায়ূন আহমেদের লেখা গানগুলো আমাকে খুব টানে। তাঁর লেখা প্রায় সব গানেই আধ্যাত্মিক বার্তা আছে। গভীর মানে আছে। এই যেমন ‘চাঁদনী পসর রাইতে যদি...’ গানটি। তাঁর সঙ্গে অনেক কাজ করেছি। হয়তো কোনো কোনো গান আমার সামনে লিখেছিলেন বা গানের সুর গুনগুনিয়ে উঠেছিলেন! তাই এখন যখন সেই গানগুলো শুনি, স্মৃতিটা মনে নাড়া দেয়।
এখন প্রায়ই গান শুনি। ব্যায়াম করার সময় বা উড়োজাহাজ ভ্রমণে গান আমার পরম বন্ধু। আসলে গান আমার কাছে কালের ভাষা। গানই
আমার বেঁচে থাকার প্রেরণা। গানই আমার দুঃসময় আর একাকিত্বের বন্ধু। তাই নানা ব্যস্ততার ভিড়েও সব সময় গানের কাছেই ফিরে যাই!
অনুলিখন: সুচিত্রা সরকার