হুমায়ূন কবির ও কামরুজ্জামান আমাদের মানিক রতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন চলছে বসার ঘরে। সোফায় রিমোট হাতে অলসভাবে বসে আছে দুই ভাই। চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ তাঁদের চোখ আটকে গেল স্টার ওয়ার্ল্ড চ্যানেলে। ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০০৮’ চলছে। একটু নড়েচড়ে বসল দুজন। ওই তো দেখা যাচ্ছে, স্টেজ থেকে নামীদামি শিল্পীরা পুরস্কার নিয়ে যাচ্ছেন। কিন্তু মঞ্চের পেছনের ডিজাইনটা কি খুব পরিচিত লাগছে না! উত্তেজনায় সোফায় উঠে বসলেন দুজন। আরে, তাই তো, মঞ্চের বিশাল ডিজিটাল ডিসপ্লেতে তো তাঁদেরই ডিজাইন। হুররে, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চের জন্য তা হলে তাঁদের ডিজাইনই মনোনীত হয়েছে! এর বেশ কয়েক মাস আগে আমেরিকান একটা ডিজাইন কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়েছিল মানিক-রতনের। কেতাবি একটা নামও আছে এই যমজ ভাতৃদ্বয়ের। হুমায়ূন কবির ও কামরুজ্জামান। সে সময় ঠিক বিশ্বাস করে উঠতে পারেননি ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০০৮’ -এর জন্য দুনিয়ার এত নামীদামি বিখ্যাত ডিজাইনার থাকতে তাঁদের ডিজাইনও কেন চাইছে তারা। এ-ও কি সম্ভব! এত্ত বড় একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন? এসব চিন্তাভাবনা দূর করে তাঁরা ডিজাইন করতে বসেছিলেন এবং শেষমেশ পাঠিয়েও দিয়েছিলেন। ফলাফল হিসেবে পেয়েছেন এই আত্মবিশ্বাস, চাইলে তাঁরাও পারেন বিশ্বের নামীদামি ডিজাইনারদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের কাজ তুলে ধরতে।কথায় আছে, নামে নয় কাজে পরিচয়। কিন্তু মানিক-রতন নামের এই যমজ দুই ভাই কাজের মতো নামেও মূল্যবান মানিক আর মূল্যবান রতন। তবে ঠিক কোন ক্ষেত্রে তাঁরা মানিক আর রতন, তা বলাটা একটু মুশকিল। শুরুতে তাঁরা ছিলেন শুধুই কার্টুনিস্ট। এখন একাধারে অ্যানিমেটর, ফটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তবে সবকিছুর মূলে কিন্তু তাঁদের সেই আঁকাআঁকিই। আঁকাআঁকির প্রতি আগ্রহ তাঁদের একেবারে ছোটবেলা থেকেই। ক্লাসে পড়াশোনার ফাঁকে তাঁদের ক্লাসখাতা ভরে উঠত কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং কার্টুনে। সেসব কার্টুন বন্ধুমহলে প্রশংসা কুড়ালেও আঁকাআঁকির প্রতি আগ্রহ এক লাফে দ্বিগুণ হয়ে যায় কার্টুন ম্যাগাজিন উন্মাদ সম্পাদক আহসান হাবীবের উৎসাহ পেয়ে। সে ঘটনা এখনো স্পষ্ট মনে আছে তাঁদের, ‘যখন ক্লাস এইটে পড়ি, তখন উন্মাদ অফিসে কিছু কার্টুন পাঠাই। একদিন আহসান ভাই ফোন দিয়ে আমাদের উন্মাদ অফিসে আসতে বলেন। সেদিন কী যে আনন্দ হয়েছিল। আর সেটাই ছিল সত্যিকারের শুরু।’এরপর শুরু হয় দৈনিক পত্রিকা ভোরের কাগজ-এ নিয়মিত কার্টুন আঁকা। তারপর প্রথম আলোর রম্য ক্রোড়পত্র ‘আলপিন’ প্রকাশিত হলে সেখানকার জনপ্রিয় কার্টুনিস্ট হয়ে ওঠেন তাঁরা। ২০০৯ সালে উন্মাদ-এর বিবেচনায় নির্বাচিত হন ‘কার্টুনিস্ট অব দ্য ইয়ার’ হিসেবে। সে সময়ই কার্টুনের সঙ্গে সঙ্গে তাঁরা ঝুঁকে যান গ্রাফিক আর্টের দিকে। ভর্তি হন শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে স্নাতক ডিগ্রি নেন গ্রাফিক ডিজাইনের ওপর। কাজ শুরু করেন ফ্ল্যাশ অ্যানিমেশনের। ভিজ্যুয়ালাইজার হিসেবে যোগ দেন একটি বিজ্ঞাপনী সংস্থায়। তখনই বুঝতে পারলেন, গ্রাফিক ডিজাইনের দুনিয়াটা অনেক বড়। ইন্টারনেটের এই যুগে চাইলে বাইরের প্রতিষ্ঠানের জন্যও কাজ করা যায় ঘরে বসে। শুরু করেন ডিজাইনার হিসেবে দেশে-বিদেশে ফ্রিল্যান্সিংয়ের কাজ। কাজ পেতে থাকেন আমেরিকা-ইউরোপসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের। খোঁজ পান বিশ্বের সর্ববৃহৎ মাইক্রো স্টক সাইট istockphoto.com-এর। সেখানে কাজ জমা দিতে থাকেন প্রবল উৎসাহে। আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের প্রয়োজনে ডাউনলোড করা শুরু করেন মানিক-রতনের কাজ। এ মুহূর্তে তাঁরা দেড় হাজারের বেশি ভেক্টর আর্ট ও আলোকচিত্র এবং প্রায় ৮০ হাজার ডাউনলোড নিয়ে ‘ডায়মন্ড’ মেম্বার হিসেবে আছেন এই সাইটে, আর মর্যাদা লাভ করেছেন এক্সক্লুসিভ আর্টিস্টের। কাজ করেছেন জেনারেল ইলেকট্রনিকস, সিএনএন অনলাইন, এমটিভি ইন্ডিয়া, রেড বুলসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে। বলিউডের চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রোর অডিও সিডির প্রচ্ছদ তৈরি হয়েছিল তাঁদের ডিজাইনে। বিজ্ঞাপনের নেশাটাও ভালোভাবে ঢুকে যায় তাঁদের মাথায়। তারই ফল হিসেবে ২০১১ সালে ঢাকা অ্যাড ক্লাব আয়োজিত বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত তরুণ ক্রিয়েটিভদের নিয়ে এক প্রতিযোগিতা অংশ নেন তাঁরা। সেটায় জয়ী হয়ে সে বছরই থাইল্যান্ডে অনুষ্ঠিত অ্যাডফেস্ট এশিয়াতে ইয়াং লোটাস প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়। তবে সেই বছর শুধু ঘুরেফিরে ফেস্টিভ্যাল দেখা হলেও এ বছর মানে ২০১২ সালে অ্যাডফেস্ট এশিয়াতে বেশ চমকে দেন তাঁরা দুজন। এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে নতুন নির্মাতা খুঁজে বের করার জন্য এই ফেস্টিভ্যাল ‘ফ্যাবুলাস ফোর’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। অনেক খেটেখুটে একটি স্ক্রিপ্ট লিখে পাঠিয়ে দেন তারা। নিজেদের যোগ্যতায়ই ‘ফ্যাবুলাস ফোর’ হিসেবে সিলেক্ট হন মানিক-রতন। সেই স্ক্রিপ্ট থেকেই তাঁরা নির্মাণ করেন একটি স্বল্পদৈর্ঘ্য ছবি যা এবার থাইল্যান্ডে অনুষ্ঠিত অ্যাডফেস্ট এশিয়াতে বড় পর্দায় দেখানো হয়।১৯৮৫ সালের ১২ অক্টোবর সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও গৃহিণী হাসিনা পারভিনের ঘরে যমজ সন্তান হিসেবে জন্ম মানিক-রতনের। বাবার চাকরির সুবাদে কখনো যশোর, কখনো ফরিদপুর আবার কখনো ঢাকায় বেড়ে ওঠা। তবে এ মুহূর্তে পড়াশোনার সুবাদে তাঁরা আছেন মালয়েশিয়ায়। অ্যানিমেশনের ওপর পড়াশোনা করছেন সেখানকার লিমককউইং বিশ্ববিদ্যালয়ে। শিখছেন টুডি ক্লাসিক্যাল অ্যানিমেশন। কারণ, তাঁদের ভবিষ্যৎ ইচ্ছা, অ্যানিমেশন এবং ফিল্ম বানিয়ে দুনিয়া কাঁপিয়ে দেবেন। তাঁদের প্রিয় কার্টুনিস্ট দেশে আহসান হাবীব ও মেহেদী হক, আর দেশের বাইরে লুরি ও সার্জিও অ্যারাগনস। চলচ্চিত্রে তাঁদের অনুপ্রেরণা সত্যজিৎ রায় এবং আলেহান্দ্রো গঞ্জালেস ইনাররিতু।