হুমায়ূনের তুলনা হুমায়ূনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন ফ্রান্সের আভিনিওতে হোটেলে বসে এ লেখা লিখছি, তখন শহীদ মিনারে জনতার ঢল নেমেছে অকালপ্রয়াত সৌভাগ্যের বরপুত্র অননুকরণীয় কথাসাহিত্যিক ও নাট্যকার-নির্মাতা হুমায়ূন আহমেদকে শেষবারের মতো দেখা জন্য। কল্পনার পাখায় ভর দিয়ে আমিও চলে গেছি শহীদ মিনারে, দাঁড়িয়ে আছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহকর্মীদের সঙ্গে। বিদেশে বসে হুমায়ূনের চলে যাওয়ার সংবাদ পাওয়ার পর থেকে সব সময় ইন্টারনেটে প্রথম আলো পড়ে জানার চেষ্টা করেছি তাঁকে ঘিরে কী ঘটছে।বেশ কয়েক বছর আগে হুমায়ূন আহমেদের এক সহকারী আমাকে তাঁর একটা নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। আমি একটু বিস্মিত হই, কারণ, তাঁর সঙ্গে আমার তেমন সখ্য বা যোগাযোগ ছিল না যে আমাকে তিনি অভিনয়ের প্রস্তাব দিতে পারেন। দুদিন নুহাশপল্লীতে থাকতে হবে জেনেও আমি রাজি হই এবং নির্ধারিত এক সন্ধ্যায় নুহাশপল্লীতে তাঁর বাসগৃহে হাজির হই। আমাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং তাঁর পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। আমি চা খেতে খেতে স্ক্রিপ্ট চাইলে জবাব দিলেন, আজ এসেছেন, খেয়েদেয়ে গল্প করুন, তারপর ঘুমাতে যান, কাল স্ক্রিপ্ট পাবেন। আমি বেশ অস্বস্তি বোধ করলাম। চরিত্র সম্পর্কে কোনো ধারণা নেই, কেবল নির্দেশমতো পোশাক এনেছি।তিনি আমাকে শুরুতেই অবাক করে দিয়ে বললেন, ‘আপনাকে আমি পছন্দ করি একটা কারণে যে আপনার সম্পর্কে কোনো স্ক্যান্ডাল নেই। আমার অনেক স্ক্যান্ডাল।’ আমি ভেবে পাই না, কী জবাব দেব। সত্যিই তাঁর দ্বিতীয় বিয়ের পর থেকে ব্যক্তি হুমায়ূনকে আমি অপছন্দ করা শুরু করেছিলাম। নন্দিত নরকের লেখককে নিয়ে নিজেদের মধ্যে নিন্দাই করতাম। যাই হোক, তিনি রাতেই টর্চ হাতে নিয়ে আমাকে নুহাশপল্লীর বিভিন্ন জায়গা দেখাতে শুরু করলেন। যত দেখি আমার বিস্ময়ের পাল্লা ভারী হতে থাকে। তাঁর খেয়ালিপনা দেখে বেশ মজাই লাগে। কতজন পারে এমন তার মনের ইচ্ছা পূর্ণ করতে।পরদিন সকালে স্ক্রিপ্ট পড়ে শোনালেন। চরিত্রটি ভালো লাগল। নাটকের নাম পদচিহ্ন। আমি কাঁধে ব্যাগ নিয়ে বাংলাদেশ দেখতে বেরিয়েছি এবং নানা খেয়ালি আচরণ করছি। নাটকের গল্পটা এখন আর মনে নেই, তবে অভিনয় করতে বেশ মজা পাচ্ছিলাম। এর পরও তিনি আমাকে একটা ধারাবাহিকে অভিনয়ের জন্য বলেছিলেন, কিন্তু নুহাশপল্লীতে দিনের পর দিন থাকা আমার পক্ষে সম্ভব ছিল না বলে রাজি হইনি। তিনি বোধহয় অসন্তুষ্ট হয়েছিলেন। এরপর মাঝেমধ্যে ঢাকা ক্লাবে দেখা হতো, শাওন এবং অন্য দু-একজনকে নিয়ে খেতে এসেছেন। সামান্য সৌজন্য বিনিময়, এর বেশি কোনো সম্পর্ক গড়ে ওঠেনি।বন্ধুবর মাজহারের মাধ্যমে হুমায়ূনের সব খবর পেতাম। মাজহারের ওপর মাঝেমধ্যে রাগ হতো হুমায়ূনের প্রতি এত আনুগত্য দেখে। ওকে ঠাট্টা করে বলতাম ‘তোমাদের ক্যাশ কাউ’। এখন বুঝতে পারছি, ব্যবসায়িক সম্পর্ক ছাড়িয়ে হুমায়ূন মাজহারের কত আপন হয়ে উঠেছিলেন। এমন বন্ধুভাগ্য কজনের হয়? মাজহারকে ধন্যবাদ, হুমায়ূনকে চিকিৎসাকালীন সঙ্গ দেওয়া এবং যা কিছু সম্ভব করার জন্য।ফেরদৌসী মজুমদার হুমায়ূন আহমদের লেখা নন্দিত নরকে নাটকে টিভিতে অভিনয় করেছিলেন। তারপর আর কোনো নাটকে করেননি। হুমায়ূন টিভি নাটকে একটা নতুন ধারা তৈরি করেছিলেন। একটা পরিস্থিতি তৈরি করতে তাঁর মতো পারঙ্গমতা আর কারও মধ্যে দেখিনি। আর গল্প বলার ক্ষেত্রে তো ঈর্ষণীয় প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর লেখা ধারাবাহিক নাটক দেখার জন্য তো ঢাকা শহরের রাস্তা খালি হয়ে যেত। আমরা ওই দিন মঞ্চ নাটকের কোনো বুকিং নিতাম না, কারণ, লোক হবে না। তাঁর সৃষ্ট চরিত্রের যেন ফাঁসি না হয়, সে জন্য তরুণেরা মিছিল করেছে, এটা ভাবা যায়? অবশ্য নূরের অভিনয়নৈপুণ্যও এর পেছনে কাজ করেছে। আমার একেক সময় মনে হতো, নাটক নির্মাণে এত সময় ব্যয় না করে কেবল লিখলেই তিনি আমাদের নাট্যসাহিত্যকে সমৃদ্ধ করতে পারতেন। তবে তাঁর যখন যেটা ভালো লেগেছে, সেটা করেছেন। কারও পরামর্শ কি তিনি শুনতেন?হুমায়ূনের যেটা আমার সবচেয়ে ভালো লাগত, তা হলো অকপটে সত্য কথা বলার সাহস। প্রথম আলোতে তিনি বিভিন্ন সময়ে নানা সমস্যা নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন সরকার বা অন্য কারও তোয়াক্কা না করে। এই সাহস বা ক্ষমতা আমাদের নেই, সে জন্যই তিনি আমাদের চেয়ে আলাদা। অনেক সামাজিক আন্দোলনে তাঁকে আমরা আমাদের সঙ্গে পাইনি বলে আমাদের ক্ষোভ ছিল। কিন্তু তিনি একা যা করেছেন, তাতে কয়েকটি আন্দোলন অনেক গতি পেয়েছিল।সাগর পাবলিশার্সে অনেক দিনই দেখেছি, তরুণ-তরুণীরা এসে খোঁজ করছে হুমায়ূন আহমেদের নতুন কী বই বেরিয়েছে। আমাদের তরুণ প্রজন্মকে হুমায়ূন আহমেদ বই পড়ায় উদ্বুদ্ধ করেছিলেন। একটা জাদুকরি শক্তি ছিল তাঁর লেখায়। তাঁর মতো জনপ্রিয় সমকালীন বাংলা সাহিত্যে আর কেউ আছেন কি? বইমেলায় হুমায়ূন আহমেদই তো প্রধান নির্ভরতা। তাঁর জনপ্রিয়তার কারণে অনেকেই তাঁকে গভীরতা-বিবর্জিত লেখক মনে করতেন। কিন্তু কেন সবাই তাঁর লেখা গোগ্রাসে গেলে, তা ভাবতে হবে।জীবনে তাঁকে অর্থের পেছনে ছুটতে হয়নি, অর্থই তাঁর পেছনে ছুটেছে। যেমন অর্থ রোজগার করেছেন, তেমন দুহাতে খরচ করেছেন। কোনো শখ অপূর্ণ রাখেননি। এখন তাঁর পরিকল্পিত ক্যানসার হাসপাতাল তৈরি করতে তাঁর পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। সেটাই হবে হুমায়ূন আহমেদের জন্য আমাদের ভালোবাসার যথার্থ প্রকাশ। কৌতুকপ্রিয় হুমায়ূন তাঁর মরদেহকে ঘিরে মানুষের এ উন্মাদনা নিয়ে কী লিখতেন, জানতে বড় ইচ্ছা করছে।