হুল্লোড়ে খাওয়াদাওয়া
ঈদে একই ধরনের খাবার খেয়ে খেয়ে ক্লান্ত মনে হচ্ছে! স্বাদ বদলাতে তাই ঢুঁ মেরে আসতে পারেন ভিন্নতর এক রেস্তোরাঁয়, যেখানে খাবারের পাশাপাশি পাবেন বিনোদনের এক নতুন মাত্রা। ঘুরে আসুন ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ৮-এ ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ভ্র রেস্তোরাঁয়।ঢুকতেই বাইরে দাঁড়িয়ে থাকা মজার মাসকটের দিকে চোখ পড়লে ফিরে যাওয়া মুশকিল। বাচ্চাদের কাছে এগুলো আরও জনপ্রিয়। গত বছরের অক্টোবর মাসে যাত্রা শুরু করা ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড এরই মধ্যে বেশ জনপ্রিয় একটি নাম। বড় পরিসরের এই রেস্তোরাঁয় আছে বড় পর্দায় টেলিভিশন দেখার সুবিধা। সারাক্ষণই তাতে দেখানো হচ্ছে গান বা সিনেমা। খাবারের পাশাপাশি আছে শিশু ও বড়দের খেলার জন্য নানা ধরনের উপকরণ। রেস্তোরাঁর অপারেশন ম্যানেজার লিটন দে বলেন, ‘আমরা খাবারের পাশাপাশি অতিথিদের পরিপূর্ণ আনন্দ দিতে নানা ব্যবস্থা করেছি। নিজস্ব প্রণালিতে তৈরি বিশেষ কিছু খাবার আছে আমাদের, যা খুবই জনপ্রিয়। ক্যাপ্রিকর্ন’সে একই সঙ্গে তৈরি খাবার ছাড়াও পাওয়া যাবে গ্রোসারি ও বেকারির বিভিন্ন পণ্য। সবই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয়। পার্টির জন্য জায়গা হবে সব মিলিয়ে ৫০০ জনের। তবে পার্টি বুকিংটা সপ্তাহ খানেক আগে জানাতে হবে।’ফাস্টফুড, ভারী খাবার, আইসক্রিম, কফি ছাড়াও এখানে খেতে পাবেন নানা রকমের ফলের রস। বাঙালি ও পশ্চিমা খাবারের বিশাল এক ভান্ডার এই ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ভ্র। বেশ কয়েক পদের কম্বো প্যাকেজ রয়েছে এখানে। তার মধ্যে তন্দুরি চিকেন, গ্রিল চিকেন, ফ্রায়েড রাইস, সবজি, সালাদ, কোমলপানীয় ইত্যাদির কম্বো পাবেন। এর দাম পড়বে ২৪০ টাকা থেকে ২৯০ টাকা। নানা পদের স্যান্ডউইচ পাবেন ৬০ থেকে ২০০ টাকায়। আছে মজাদার পিৎজ্জা ও হটডগ। আইসক্রিমের মধ্যে চকলেট, ভ্যানিলা, মিক্স ইত্যাদি স্বাদ নিতে পারেন। এসব আইসক্রিমের দাম পড়বে ১৭০ টাকার মধ্যে।বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা গেম-জোন রয়েছে রেস্তোরাঁর ভেতর। ছোটদের জন্য হেলিকপ্টার, রেস রাইড, ফিশিং আওয়ার, ভিডিও গেম তো আছেই। বড়দের জন্যও আছে নানা গেম। বিশেষ দিবসে বিশেষ রূপে সেজে ওঠে রেস্তোরাঁটি। আর তাই সেই সময়গুলো উপভোগ করতে চলে আসতে পারেন এখানে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এই ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড। খাবারের ফরমায়েশ দিয়ে বন্ধু বা প্রিয়জন নিয়ে আড্ডা জমাতে এমন জায়গা মেলা ভার। ‘খাবারের মান নিয়ে সন্দেহ দূর করতে আপনি চাইলে রান্নাঘরটা দেখে নিতে পারেন এক পলক,’ বলে জানান লিটন দে।