হূদরোগ কমাবে 'টমেটো পিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন একটা করে ‘টমেটো পিল’ খেলে হূদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। ছবি: বিবিসি
প্রতিদিন একটা করে ‘টমেটো পিল’ খেলে হূদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। ছবি: বিবিসি

প্রতিদিন একটা করে ‘টমেটো পিল’ খেলে হূদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। সম্প্রতি ছোট অথচ খুব বিশদ এক গবেষণার পর ওই বিজ্ঞানীরা বলেছেন, টমেটো থেকে বানানো এই পিল খেলে রক্তনালির কর্মক্ষমতা আরও বাড়বে। বিবিসি এ খবর জানিয়েছে।

টমেটোতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট ‘লাইসোপিন’ আছে। এই লাইসোপিনের কারণেই টমেটো এমন লাল রঙে রাঙা হয়ে থাকে। ব্রিটিশ বিজ্ঞানীদের বানানো পরীক্ষামূলক এই পিলের মূল উপাদানও লাইসোপিন।

টমেটো পিল নিয়ে গবেষণার জন্য প্রাপ্তবয়স্ক ৭২ জন স্বেচ্ছাসেবককে বেছে নেন বিজ্ঞানীরা। এঁদের মধ্যে হূদরোগ আছে এমন স্বেচ্ছাসেবক ৩৬ জন। আর বাকিরা হূদরোগ বা এ ধরনের স্বাস্থ্য সমস্যা নেই এমন স্বেচ্ছাসেবক। প্রচলিত ওষুধের আদলে একটা সাধারণ ট্যাবলেট আর একই রকম দেখতে একটা টমেটো পিল খেতে দেওয়া হয় তাঁদের। তবে, গবেষণার স্বার্থে স্বেচ্ছাসেবক এমনকি গবেষকদেরও জানানো হয়নি কাকে কোন ট্যাবলেট খেতে দেওয়া হচ্ছে। দুই মাস ধরে দুই দল স্বেচ্ছাসেবককেই প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে দেওয়া হয়।

টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন পুষ্টি বিশেষজ্ঞরা। টমেটোর সমৃদ্ধ অ্যান্টি-অক্সিডেন্ট লাইসোপিন ক্যানসার এবং হূদরোগসংক্রান্ত জটিলতায় বেশ উপকারী, এ কথাও অনেক দিন ধরেই জানা। ছবি: বিবিসি
টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন পুষ্টি বিশেষজ্ঞরা। টমেটোর সমৃদ্ধ অ্যান্টি-অক্সিডেন্ট লাইসোপিন ক্যানসার এবং হূদরোগসংক্রান্ত জটিলতায় বেশ উপকারী, এ কথাও অনেক দিন ধরেই জানা। ছবি: বিবিসি



এ গবেষণায় ‘ফোর আর্ম ব্লাড ফ্লো’-কে বিশেষভাবে বিবেচনা করা হয়। কেননা শরীরের এই অংশের রক্তপ্রবাহ থেকে ভবিষ্যত্ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে অনুমান করা যায়।

রক্তনালি সংকুচিত হয়ে পড়লে হূদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। গবেষণার ফলে দেখা গেছে, যাঁরা টমেটো পিল খেয়েছেন তাঁদের শরীরে ‘ফোর আর্ম ব্লাড ফ্লো’ ভালোভাবে হয়েছে। আর যাঁরা সাধারণ ট্যাবলেট খেয়েছেন, তাঁদের শরীরে এ ধরনের কোনো উন্নতি হয়নি। পাশাপাশি দেখা গেছে, টমেটো পিলে রক্তচাপ, রক্তনালির জড়তা বা রক্তে চর্বিজাতীয় উপাদান বেড়ে যাওয়ার মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।


টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন পুষ্টি বিশেষজ্ঞরা। টমেটোর সমৃদ্ধ অ্যান্টি-অক্সিডেন্ট লাইসোপিন ক্যানসার এবং হূদরোগসংক্রান্ত জটিলতায় বেশ উপকারী, এ কথাও অনেক দিন ধরেই জানা। অনেকেই এ কথাও বলেছেন, ভূমধ্যসাগর অঞ্চলের মানুষদের খাদ্যাভ্যাস অনুসরণ করলে বেশ উপকার পাওয়া যেতে পারে। কেননা ওই অঞ্চলের খাবারদাবারে প্রচুর পরিমাণে টমেটো এবং অন্যান্য শাকসবজি, ফল ও জলপাইয়ের তেল থাকে।


এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা চাইছেন সহজে গ্রহণযোগ্য অবস্থায় টমেটোর পুষ্টিগুণকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে। তবে প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে অন্য বিজ্ঞানীরা বলেছেন, বিষয়টির আরও বিশদ পরীক্ষা চালানো প্রয়োজন।