হূদয়ে কবিতার ধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের বৃষ্টি হচ্ছে থেমে থেমে। ভেজা গাছ, ভেজা মাটি, ভেজা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ। বিকেল থেকেই একাডেমী মিলনায়তনের বাইরে চলছে নবীন শিল্পীদের আনাগোনা। আর কিছুক্ষণ পর পরই বৃষ্টির ঝাপটা এসে ছুঁয়ে যাচ্ছে প্রাঙ্গণে থাকা তরুণ-তরুণীদের।সন্ধ্যা নামতেই শিল্পকলা একাডেমী মিলনায়তনের ভেতর শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান ‘হূদয়ে শুনি কবিতার ধ্বনি-২’। গত বুধবার নবীন আবৃত্তি শিল্পীদের পরিবেশনা নিয়ে এই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ১৭ জন নবীন আবৃত্তিশিল্পী তাদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে মিলনায়তনপূর্ণ দর্শক-শ্রোতাদের বিমোহিত করে রাখে।‘আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি/এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা/উদ্যানে ছিলো বরষা-পীড়িত ফুল/আনন্দ ভৈরবী’—আষাঢ়ের প্রকৃতির সঙ্গে মিলিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের ‘আনন্দ ভৈরবী’ কবিতাটি আবৃত্তি করেন মো. আসলাম হোসেন। তবে শুধু বর্ষা নয়, প্রেম, বিদ্রোহ, বিরহের কবিতাও ছিল। বাদ যায়নি আঞ্চলিক ভাষায় রচিত কবিতাও। নোয়াখালী ভাষায় চঞ্চল আশরাফের রচিত ‘এ্যাক ড্যাক হানি’ কবিতাটি আবৃত্তিশিল্পী পরিতোষ দাশের কণ্ঠে শোনার পর দর্শক-শ্রোতাদের করতালিতে ভরে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রমার সভাপতি রাশেদ হাসান। তিনি বলেন, শিল্পী মনে মনে গড়ে তোলে শিল্পের নন্দনকানন। এভাবে নিজস্ব নিয়মে শিল্পী নিজেকে তৈরি করেন নিভৃতে, একান্তে, একা।একদিন মৌনতার কাল শেষ হয়ে শিল্পীর কথার বাঁধ ভাঙে শ্রোতার প্রশ্রয়ে। নবীন আবৃত্তি শিল্পীদের নিয়ে প্রমার ধারাবাহিক কার্যক্রমে এটি দ্বিতীয় আয়োজন। প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় এতে রাজু দাশগুপ্ত আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’, সিকান্দর আবু জাফরের ‘বাংলা ছাড়ো’, মৃণাল কান্তি দাশের ‘কবিতা আমার’। মাহফুজ আহমেদ আবৃত্তি করেন ‘জগন্নাথ হল ২৭ মার্চ ১৯৭১’, ‘বারবারা বিডলারকে’। তসলিমা আক্তার আবৃত্তি করেন পূর্ণেন্দু পত্রীর ‘মাধবীর জন্যে’, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর ‘লাশগুলো আবার দাঁড়াক’। পরিবেশনায় আরও ছিলেন, ফাতেমা তুজ জোহরা, রোমানা আফাজ, মামুরা মমতাজ, তামান্না ইসলাম, রাজীব কুমার রায়, মো. সেলিম ভূঁইয়া, এম. ফাহাভ, নাসরীন সুলতানা, মানিক হোসেন, সঞ্জয় কুমার সরকার, ফারজানা আকতার। সর্বশেষ আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী আবৃত্তি করেন আবুল খায়ের মোসলেহ উদ্দিনের ‘আঁকতে পারি’ এবং কবি কাজী নজরুলের ‘ঝিঙে ফুল’ কবিতাটি। অনুষ্ঠানে আবহ সংগীতে ছিলেন রানা বড়ুয়া। অনুষ্ঠান শেষ হয় রাত সাড়ে নয়টায়।