পাচুর দোকানের আমি নিয়মিত কাস্টমার। যদিও লোকটার সঙ্গে আমার কোনো সখ্য নেই। দামের ব্যাপারেও কোনো আপোষ করে না; পারলে আরও দুই টাকা বেশি রাখে। আজও আমি দুটি গোলাপ কিনলাম। অনেক দেখেশুনে লাল টকটকে রক্ত গোলাপ। দোকানদার ভীষণ চালাক। ও যখন ফুল বেছে দেয়, তখন সেটা খারাপ হলেও ভালো। কিন্তু আজ আর আমি সেই ভুল করলাম না। নিজেই বেছে নিয়ে ২০ টাকা বের করে দিলাম। দেখলাম, লোকটা মন খারাপ করে আছে, মনে হয় পোষায়নি। কিন্তু তার আর কী করা, খদ্দের লক্ষ্মী বলে কথা। একটা রিকশা ডাকলাম। এখানকার রিকশা অনেক সস্তা, না চাইতেই পাওয়া যায়। আমি যাচ্ছি বিশ্বাসপাড়া। কোনো জন্মদিন কিংবা বিয়ের অনুষ্ঠানে নয়, আমার কাজিনের সঙ্গে দেখা করতে। ও বিশ্বাসপাড়ায় থাকলেও ওর প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আমি বিশ্বাস করতাম, ও হয়তো কারও সঙ্গে প্রেমট্রেম কিছুই করবে না। কিন্তু ও প্রেম করছে! শুধু কি প্রেম করছে, ডেটিং নামের যে ক্লাসগুলো আছে, সেগুলো সে নিয়মিত করছে। কলেজ কামাই দিলেও এই ক্লাসগুলো সে কখনোই কামাই দেয় না। আমি ওকে ভালোবাসি, সেই শৈশব থেকে। আমার ভালোবাসা হুমায়ূন আহমেদের ময়ূরাক্ষী নদী কিংবা মধুসূদনের কপোতাক্ষ নদের চেয়েও অনেক বেশি। রাত জেগে জেগে যে তারাগুলো আমার চোখে আঁকি, ভোরের শুরুতে সেগুলো আমি তার নামে বিসর্জন দিই। আমার হূদয়ের প্রাণ-মন্দিরে সে প্রতিমা, যাকে হূদয় দিয়ে অনুভব করা যায়, কিন্তু স্পর্শ করা যায় না। সে কথা বলে, আমি তাকিয়ে থাকি নির্বাক। সে হাসে, সে হাসি ছড়িয়ে পড়ে আমার হূদয়ের পরতে পরতে। সে গল্প বলে, তার গল্প, তার প্রেমের গল্প। আমি শুনি মুগ্ধ হয়ে। নিজেকে তখন মূল্যহীন বলে মনে হয়। হতাশায় নুয়ে পড়ি, হারিয়ে যাই নিজের মধ্যে। তবুও ওকে এক জোড়া গোলাপ দিতে ভালো লাগে। ওর প্রিয় গানের ডিস্ক আর গল্পের বইগুলো নিয়মিত দিতে পারলে মনে হয় যেন আমি ওকে ভালোবাসতে পেরেছি। হঠাৎ ওর সামনে দাঁড়ানো, উপলক্ষ ছাড়া কিছু গিফট করা, ঝুম বৃষ্টিতে ওকে ফোন করা, কোন ফিল্মটা হিট করল, সেটা জানানো—এসবই আমার কাছে প্রেম, এসবই ভালোবাসা। এই সংজ্ঞার মধ্যে হয়তো অনেক ভুল। তবুও এর শুদ্ধতা যাচাই করতে যাইনি কখনো। শুধু ভেবে নিয়েছি, ওকে হারিয়েছি নতুন করে ফিরে পাব বলেই। এখন আর আগের মতো ওর সঙ্গে দেখা হয় না। ছোটখাটো একটা চাকরির সুবাদে থাকতে হয় অনেক দূরে। ওর এই ছোট্ট শহরে যদি কোনো কারণে বা অকারণে এসেই পড়ি, তবে পাচুর মোড়ের ওই দোকানদারের দিকে তাকালে চোখটা ঝাপসা হয়ে আসে। নিজেকে আর ধরে রাখতে পারি না। চট করে এক জোড়া গোলাপ কিনে ফেলি। কোনো দামদর ছাড়াই ৫০ টাকার একটা নোট গুঁজে দিই। লোকটা তাকিয়ে থাকে, না পোষানোর আক্ষেপে নয়, বরং তৃপ্তির চোখে। সময়ের ব্যবধানে রিকশা পাওয়া অনেকটা দুর্লভ হয়ে গেছে। পাঁচ-সাত মিনিট ডাকাডাকির পর রিকশা মেলে। লাফ দিয়ে উঠে বসি। মনের মধ্যে হাজার কাব্য ভিড় করে। কল্পনায় হারিয়ে যাই কিছু সময়ের জন্য। কিন্তু বাস্তবতা অনেক দূরের মরীচিকা হয়ে উপহাস করে। সবই অর্থহীন বলে মনে হয়। তবুও আমি থেমে থাকি না। আমাকে যে যেতেই হবে, সেই অবিশ্বাসে ভরা বিশ্বাসপাড়ায়। কখনো কারণে, কখনো অকারণে, কখনো বা হূদয়ের টানে।ইমতিয়াজ হোসেন, নওগাঁ।