হৃদয়ের চুলচেরা স্টাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে সব সময় ঘড়ি পরেন
হাতে সব সময় ঘড়ি পরেন

কখনো ছোট চুল, আবার কখনো বড়। চুলে দেখা যায় শুধু সাদা রং, কখনো পুরোটাই রঙিন। তবে যে স্টাইলই হোক, ভক্তদের সেটাই ভালো লাগে। গানের পাশাপাশি নিজের চুলের এমন বৈচিত্র্যময় ফ্যাশন করেও অন্যদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি হচ্ছেন সংগীতশিল্পী হৃদয় খান। শুধু চুল নয়, হৃদয় খান পোশাক নিয়েও নিরীক্ষা করতে পছন্দ করেন।

আলাপচারিতায় বললেন, ‘টি-শার্ট আর জিনস আমার অনেক পছন্দের। তবে জিনস ছাড়াও ভালো লাগে পাতলা কাপড়ের একটু ঢোলা প্যান্ট। এক রঙের এই প্যান্টের সঙ্গে থাকতে পারে শার্ট বা টি-শার্ট যেকোনোটাই। এ ছাড়া জুতার প্রতি আছে আলাদা একটা দুর্বলতা। একটু অন্য রকম হলেই জুতাটা আমার চাই। তাই নানা রঙের অনেক জুতা সংগ্রহে আছে। স্টাইলটা সব সময় আমার মুডের ওপর নির্ভর করে।’

পোশাকের পাশাপাশি হাতে ঘড়ি পরেন। পরিবেশ বুঝে মাঝেমধ্যে হিপ হপ পোশাকও পরা হয়। তবে সব ছাপিয়ে চুলই হৃদয়ের প্রধান আকর্ষণের অংশ বলে মনে করেন তিনি। ‘কয়েক দিন আগেও ছিল স্পাইক চুল। তারও আগে সোনালি রঙের ছোঁয়া ছিল চুলে। এখন আমার যে চুলটা দেখছেন, এটা পরিচর্যার পর্যায়ে আছে। কিছুদিন সময় লাগবে। আমার চুলে নতুন একটা লুক নিয়ে আসছি। এটার জন্য চুলটা বড় করছি।’

সব সময় সাধারণভাবে থাকতে পছন্দ করেন। টি-শার্টে গোল গলা বা কলার—দুটোই পরেন। কলার থাকলে সেটায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ কোনো উৎসবে বেছে নেন পাঞ্জাবি। তবে সেটা নিজের ডিজাইনে বানিয়ে নেন বেশির ভাগ সময়। পাঞ্জাবির বোতাম থেকে শুরু করে কলার, হাতা বা কাপড় কী হবে, সবই নিজে ভাবেন। সাদা আর আকাশি-নীল রং বেশি পরেন পোশাকে।

ঢাকার মিরপুরে যে ফ্ল্যাটে হৃদয় খান থাকেন, সেটা বেশ গোছানো। এখানে কাজের প্রয়োজনে একাই থাকেন। একটা কক্ষে বানিয়েছেন গানের স্টুডিও। প্রতিদিনের নিজের কাজ নিজেই করেন। সেটা রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা বা ঘর গোছানো। হূদয়ের হাতের মুরগির মাংস রান্না যাঁরা খেয়েছেন, সবাই নাকি বেশ প্রশংসা করেছেন। এ ছাড়া ডাল আর ডিম ভাজিও ভালো করেন।

দেশীয় খাবার ছাড়া ঝলসানো খাবার পছন্দ করেন হূদয়। নতুন প্রযুক্তির প্রতি দুর্বলতা ছোটবেলা থেকে। মুঠোফোন সংগ্রহের একটা বাতিক আছে তাঁর। যে কারণে মুঠোফোনের একটা বড়সড় সংগ্রহ আছে।

গাড়ি নিয়ে হুটহাট লং ড্রাইভে যেতে পছন্দ করেন। সমুদ্র খুব ভালোবাসেন। উপভোগ করেন মঞ্চে গান করতে। এভাবেই দিন কেটে যাচ্ছে বেশ হৃদয় খানের।