হৃদ্রোগ হাসপাতালে অবহেলিত নারী
‘কোনো সমস্যা হলে সহজে ডাক্তার পাওয়া যায় না। নার্সদের কাছে কিছু বললেও শুনতে চায় না। উল্টো ধমক দেয়। অস্ত্রোপচারের পরে অনেক শ্বাসকষ্ট হচ্ছিল। নার্সদের বারবার জানানোর পরও অক্সিজেন দিচ্ছিল না। তখন খুব কষ্ট পাচ্ছিলাম। মনে হচ্ছিল মরে যাচ্ছি।’ কথাগুলো বলেন জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি কণা নামের এক রোগী।
হৃৎপিণ্ডে ছিদ্র সমস্যার চিকিৎসা নিতে এই হাসপাতালের নারী ও শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে আছেন তিনি। দেড় মাস ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন কণা। হাসপাতালের বিরুদ্ধে তাঁর অনেক অভিযোগ। তিনি বলেন, ‘এত দিনে মাত্র চার-পাঁচ দিন ডাক্তার আমাকে দেখেছেন।’
শাহিনুর বেগম নারী ও শিশু কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি আছেন চার দিন ধরে। একদিন চিকিৎসক এসে তাঁর ফাইলটি দেখলেও তাঁকে কিছু বলেননি। তাঁর স্বামীও কিছু জানেন না শাহিনুর বেগমের কী সমস্যা হয়েছে। তিনি বলেন, ‘ডাক্তার একদিন আইসা আর আসে নাই। ভালো-মন্দও কিছু কইল না।’
এখানে ভর্তি রোগীদের অনেকেই অভিযোগ করেন, চিকিৎসকেরা তাঁদের নিয়মিত দেখতে আসেন না। এ জন্য তাঁরা অনেক সমস্যাই চিকিৎসককে জানাতে পারেন না। এমনকি চিকিৎসক আসেন না বলে সুস্থ হয়ে গেলেও ছুটি নিতে পারেন না অনেক রোগী। তবে কেউ কেউ জানান, তাঁদের চিকিৎসক নিয়মিত আসেন। তাঁদের একজন জামেলা রহমান।
কার্ডিওলজি ওয়ার্ডে ঢুকতেই দেখা যায়, করিডরের দুই পাশের মেঝেতে বিছানা পেতে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আর ওয়ার্ডের ভেতরে হাঁটারও জায়গা নেই। যেখানে একটু খালি জায়গা, সেখানেই বিছানা পেতে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। করিডরের দুই পাশে, বারান্দায়, হাঁটার পথে, মেঝেতে—কোথায় রোগী নেই? কার্ডিওলজি ওয়ার্ডের করিডরে তিন দিন ধরে আছেন সান্ত্বনা আক্তার। তাঁর বুকে প্রচণ্ড ব্যথা। এখনো ওয়ার্ডের ভেতরে বেড পাননি বলে জানান তিনি। আবার মিনু বেগম বেড পেয়েও করিডরে থাকছেন। তিনি বলেন, ‘ভেতরে গরম। চিল্লাচিল্লি। পরিবেশ খারাপ। এইখানেই ভালা আছি।’ এখানে ঘুরে দেখা যায়, একজন রোগীর সঙ্গে দুই থেকে তিনজন অ্যাটেনডেন্ট আছে। অনেকের সঙ্গে আবার ছোট বাচ্চা। কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি—সবকিছু মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা।
নার্সদের বিরুদ্ধেও রোগীদের অভিযোগের অন্ত নেই। অনেকের অভিযোগ, কোনো সমস্যা হলে বারবার ডেকেও নার্সদের পাওয়া যায় না। তাঁরা রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আবার কারও অভিযোগ, নার্সদের কাছে কিছু জানতে চাইলে ঠিকমতো উত্তর দেন না। অনেক সময় বকাঝকা করেন। ওষুধ-ইনজেকশন দিতেও দেরি করেন।
গত ১৭ ও ২৭ আগস্ট হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ড ঘুরে রোগীদের কাছ থেকে এসব সমস্যার কথা জানা যায়। এ বিষয়ে কথা হয় কার্ডিওলজি ওয়ার্ডের ইনচার্জ মনোমালা সরকারের সঙ্গে। তিনি বলেন, ৭৪ শয্যাবিশিষ্ট ওয়ার্ডে গড়ে ১৭০ জন রোগী ভর্তি থাকেন। এই অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে অনেক সময় কিছু সমস্যার সৃষ্টি হয়। তিনি আরও জানান, অন্য ওয়ার্ড থেকে নার্স এনেও মাঝেমধ্যে কাজ সামলাতে হয়। রোগীর সেবা ছাড়াও তাঁদের অনেক দাপ্তরিক কাজ করতে হয়। এ জন্য এই ওয়ার্ডে আরও নার্স দরকার বলে জানান তিনি।
কার্ডিওলজি ওয়ার্ডে ঢুকতেই টয়লেট ও গোসলখানা। সেখানে গিয়ে দেখা যায়, মেঝে পানি-কাদায় মাখামাখি, নোংরা, দুর্গন্ধে ভরা। তার মধ্যেই কেউ অপেক্ষা করছেন গোসলের, কেউ টয়লেটে যাবেন বলে, কেউ-বা আবার এসেছেন খাবারের বাটি-প্লেট ধুতে। এ ওয়ার্ডের ছয়টি টয়লেটের চারটিতেই কোনো ছিটকিনি নেই। একটির আবার দরজা ভাঙা। এখানে একটি গোসলখানা বা টয়লেটেও বাতি নেই। গোসলের জন্য অপেক্ষমাণ সালমা খাতুন বলেন, ‘দিনে তাও কোনো রকমে কাজ সারা যায়। কিন্তু রাতে ভয় লাগে।’ সার্জারি ওয়ার্ডে টয়লেট ছয়টি, গোসলখানা চারটি। কার্ডিওলজি ওয়ার্ডের তুলনায় এগুলো পরিষ্কার। তবে এখানে কোনো হাই কমোড নেই। এতে বিপত্তিতে পড়েন অপারেশনের রোগীরা।
খাবার নিয়েও রোগীদের অসন্তুষ্টি। সার্জারি ওয়ার্ডের স্বপ্না বলেন, ‘মোটা চালের ভাত মুখে দেওয়া যায় না।’ হাসপাতালের খাবার খেতে পারেন না গোলাপ বেগম। তাই তিনি বাইরে থেকে খাবার কিনে খান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নারী ও শিশুদের জন্য সার্জারি ও কার্ডিওলজি—দুটি ওয়ার্ড আছে। ওয়ার্ড দুটিতে পেয়িং, নন-পেয়িং মিলিয়ে ৫৩ ও ৭৪টি শয্যার ব্যবস্থা থাকলেও রোগীদের চাপ সামলাতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে সার্জারি ওয়ার্ডে ৬৫ জন ও কার্ডিওলজি ওয়ার্ডে ১৭০ জন রোগী ভর্তি থাকেন। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।
রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় হাসপাতালের পরিচালক ও অধ্যাপক এস টি এম আবু আজমের। তিনি বলেন, ‘রোগীদের অভিযোগের বিষয়গুলো সত্য নয়। খাবার থেকে শুরু করে রোগীর সেবা পাওয়ার প্রতিটি বিষয় আমি নিজে তত্ত্বাবধান করি। তাই এ রকম হওয়ার প্রশ্নই আসে না।’
তবে অতিরিক্ত রোগীদের সেবা দিতে গিয়ে কিছু সমস্যা হতে পারে স্বীকার করে এস টি এম আবু আজমের আরও বলেন, ‘“দুঃখিত, বিছানা খালি নাই” বলে আমরা রোগীকে ফিরিয়ে না দিয়ে সেবা দিয়ে থাকি। তাই রোগীর সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। রোগীদের আমরা সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। নারীদের জন্য ২২ বেডের শীতাতপনিয়ন্ত্রিত নতুন একটি ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে গত ২৪ আগস্ট, যদিও তা এখনো চালু হয়নি। সেপ্টেম্বর মাস থেকে ওয়ার্ডটি চালু হতে পারে। তখন আরও অনেক নারী সেবা পাওয়ার সুযোগ পাবেন৷’