হৃদয়কে একটা মঞ্চ দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রথমবার মঞ্চে উঠে বাজানোর সুযোগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে। ছোটবেলা থেকে গানের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এত মানুষের সামনে বাজাতে গিয়ে পা কাঁপছিল কাজী শফিউল কালাম ওরফে কে এস কে হৃদয়ের। কিন্তু দর্শকের করতালি আর চিৎকার যে সাহস দিয়েছিল, সেই সাহস পুঁজি করেই ক্যাম্পাসে একের পর এক আয়োজনে অংশ নিয়েছেন ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এই ছাত্র।
ছোটবেলায় বড় বোনদের গান শিখতে দেখেছেন কালাম। বাবাকেও ‘টেবিল বাজিয়ে’ গাইতে দেখেছেন। তাই পরিবার থেকেই মূলত গানের প্রতি তাঁর আগ্রহ জন্মে। এখন মূলত ঢোল আর কাহন বাজান তিনি। পাশাপাশি দোতারার টিউনিংয়ে ইউকুলেলে বাজানোটাও রপ্ত করে ফেলেছেন। এখন ইউকুলেলে বাজিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো বটেই, কখনো কখনো বাবা-মাকেও গান শোনান তিনি। চট্টগ্রামের ছেলে। তাই চাটগাঁইয়া গান তাঁকে বেশি টানে।
পড়াশোনার পাশাপাশি গান চলছে সমানতালে। তবে জানালেন, পরীক্ষার ঠিক আগের রাতে কোনো অনুষ্ঠান পড়ে গেলে তখন একটু ধকল পোহাতে হয়। তবে পড়ালেখার পাশাপাশি গানের এই চর্চা উপভোগ করেন তিনি। তালজ্ঞান যেহেতু ভালো, তাই দুটি সমানতালে চালিয়ে যাওয়ার কৌশল তিনি জানেন।
হৃদয় বলছিলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছিল শাবাশ বাংলাদেশ মাঠে। সেখানেই সর্বশেষ পারফর্ম করলাম। আমি সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি। এটাই সবচেয়ে বড় আনন্দ। যেহেতু সংগীতের প্রতি আলাদা আকর্ষণ আছে, তাই সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চেষ্টা করব।’
ক্যাম্পাস বাউলিয়ানা নামে একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন হৃদয়। পাশাপাশি তিনি প্রথম আলো বন্ধুসভারও সদস্য।