হৃদয়ে মুক্তিযুদ্ধ, স্থাপত্যে মুক্তির ছোঁয়া
উচ্চশিক্ষার জন্য দুজনেই তখন জার্মানিতে। কিন্তু বছর না ঘুরতেই তা ইস্তফা দিয়েই বেরিয়ে পড়েন ইউরোপ ভ্রমণে। বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন দেখার প্রবল আকর্ষণই তাঁদের নিয়ে যায় স্পেনের বিলবাওয়ে গুগেনহাইম মিউজিয়াম, জার্মানির বার্লিনে জুইস হলোকাস্ট মিউজিয়াম ও প্যারিসের পাম্পিটো সেন্টারের মতো সব স্থাপত্যশৈলীর কাছে। সেসব দেখেই হৃদয়ের গভীরে দেশকে নিয়ে বোনা স্বপ্নগুলোও উঁকি দিতে শুরু করে। বলছিলাম স্থপতি দম্পতি তানজিম হাসান ও নাহিদ ফারজানার গল্প। পরিচয়টা তাঁদের আরেকটু দীর্ঘ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের জন্য নকশা প্রণয়নকারী স্থপতিই যে তাঁরা দুজন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ’৯৩ ব্যাচের শিক্ষার্থী তারা। ‘বিশ্ববিদ্যালয় জীবনের অর্জিত সবটুকু শিক্ষা, জ্ঞান এবং নিজেদের সর্বশ্রেষ্ঠটুকু উজাড় করে দিয়েছিলাম এ নকশা তৈরির পেছনে।’ বলছিলেন এই তরুণ স্থপতি দম্পতি।পৃথিবীব্যাপী সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা প্রণয়নের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের নকশা প্রণয়নের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এটি বাংলাদেশের স্থাপত্য নকশা প্রণয়নের একমাত্র প্রতিযোগিতা যেখানে ৭০টির বেশি নকশা জমা পড়ে। আর সেখানেই দেশ-বিদেশের কজন সেরা জাদুঘর বিশেষজ্ঞ স্থপতির সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের চোখে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় তাদের তৈরি নকশা। দেশকে নিয়ে তিলে তিলে গড়ে তোলা একটি স্বপ্নের বাস্তব রূপ দেওয়া শুরু হয় তখনই।‘মুক্তিযুদ্ধ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের মধ্যে সব সময় কাজ করে। নিজেরা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু ইতিহাস আমদের এ নিয়ে কাজ করতে দায়বদ্ধ করে তোলে। এ সবকিছুর প্রতিফলন আমরা এই নকশার মাধ্যমে ঘটাতে চেয়েছি।’ নিজেদের নকশা তৈরির পেছনের মূল কারণগুলো এভাবেই ব্যক্ত করছিলেন এই স্থপতি দম্পতি।দেশের তরুণ প্রজন্ম ও ছোট্ট শিশুরা যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির চর্চাকে অন্তরে ধারণ করে এর চেতনায় সামনে এগিয়ে যায় সেজন্য জাদুঘরের নকশায় ওপেন এমফিথিয়েটার, সমৃদ্ধ লাইব্রেরি, চেম্বার অব আইসোলেশনের মতো অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর শুধু যেন জাদুঘর না হয় তা যেন হয়ে ওঠে জনসাধারণের কেন্দ্র, যাদের মিলিত প্রচেষ্টাই আমাদের এ রক্তস্নাত স্বাধীনতা—এসব আবেগানুভূতির সংমিশ্রণই এ নকশা।’ এমনটিই মনে করেন তারা।তরুণ এ স্থপতি দম্পতি দেশে অনুষ্ঠিত উল্লেখযোগ্য সংখ্যক নকশা প্রণয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২০০৪ সালে অনুষ্ঠিত ‘সোনালী ব্যাংক জোনাল অফিস প্রোটোটাইপ’ এর জন্য নকশা প্রতিযোগিতায় ১ম পুরস্কার, ২০০৫ সালে ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’-এর নকশা প্রতিযোগিতায় ২য় পুরস্কার প্রাপ্তি ছাড়াও ২০০৬ সালে সিলেটের লাওয়াদুয়ায় ‘ডিজিটরস ইন্টারপ্রেশন সেন্টার’ এর জন্য ‘নিসর্গ’ প্রতিযোগিতার শুধু দেশেই নয় দেশের বাইরেও তাদের রয়েছে উজ্জ্বল পদার্পণ। ২০০৯ সালে জাপানে অনুষ্ঠিত ‘শিনকেন চিকু রেসিডেন সিয়াল ডিজাইন কম্পিটিশন’-এ মেধা পুরস্কার অর্জন এবং একই সালে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ফরেস্ট প্রেসের জন্য ‘সিচুয়েট স্কাল্পচার কম্পিটিশন’-এ অংশগ্রহণ বিদেশের মাটিতে বাংলাদেশের নামকে করেছে উজ্জ্বল।‘মুক্তিযুদ্ধ জাদুঘরের নকশা জমা দেওয়ার জন্যই মাত্র ১১ দিনের আবুধাবি থেকে দেশে ফেরে তানজিম। অনেকদিন পর পুত্র সন্তান রায়াদকে দেখার আবেগ এবং নকশা তৈরি আবেগ যেন মিলেমিশে একাকার হয়েছিল।’ বলছিলেন স্থপতি নাহিদ ফারজানা। বিদেশের বুকে কাজ করার অভিজ্ঞতার ঝুলিটাও বেশ ভারী স্থপতি তানজিম হাসানের। জার্মানিতে ৯ মাস কাজ করার পর আবুধাবিতে ও ‘ডেজার্ট স্টার’ নামে ১৮ তলা বাণিজ্যিক ভবন, ‘আবুধাবি সিটি গ্যালারি’সহ বিভিন্ন স্থাপনার নকশা তৈরির অভিজ্ঞতা স্থপতি হিসেবে তাকে করেছে সমৃদ্ধ। দেশেও তানজিম হাসান ও নাহিদ ফারজানা দম্পতি মিলিতভাবে করে যাচ্ছে বিভিন্ন সুরম্য স্থাপনার নকশা। এসবের মধ্যে বহুতল বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, আবাসিক হোটেলের নকশার কথাই বিশেষভাবে বলা যায়। বর্তমানে এই স্থপতি দম্পতি নিজেদের প্রতিষ্ঠিত স্থাপনবিষয়ক ফার্ম ‘ডি ডব্লিউ জি’তে কর্মরত আছেন। প্রতিনিয়ত নিজেদের তৈরি করে যাচ্ছেন নতুন নতুন স্থাপনার সৃজনশীল নকশা। দেশকে নিয়ে দুজনই আলাদাভাবে স্বপ্ন দেখেন। স্বপ্নের পরিধিও বিশাল। তবে কেন্দ্রবিন্দু একই। স্থপতি নাহিদ ফারজানা বলেন, ‘অর্জিত স্বাধীনতা রক্ষা করে আমরা প্রত্যেকেই যে অবস্থায় আছি সেই অবস্থা থেকেই দেশের জন্য কিছু করতে চাই। রাতারাতি সমাজ বদলে দিতে না পারলেও আগামী প্রজন্মকে আমাদের স্থাপত্য নকশার মধ্য দিয়েই দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করতে চাই।’ স্থপতি তানজিম হাসানও বলেন এমনটিই। অপূর্ণতা ও না পাওয়ার মধ্যে যেটুকু পাওয়ার আছে তা দিয়েই এগিয়ে যেতে চাই। সঙ্গে নিয়ে যেতে চাই দেশকে। মুক্তিযুদ্ধের এই চিরসবুজ ইতিহাস ধরে রাখতে চাই যুগ থেকে যুগান্তরে। তবে সার্থকতা আমাদের স্থপত্য নকশার।’এমন দেশপ্রেমিক হূদয়ের মানুষেরাই পারেন দেশের জন্য কিছু করতে। নিজেদের ভালোবাসাকে সঙ্গী করে হাতে হাত রেখে দেশের প্রতি আত্মত্যাগে এগিয়ে যান তারা। দেশকে দিয়ে যান নিজেদের সর্বশ্রেষ্ঠ কাজ। আর এই কাজের মধ্যেই তারা বেঁচে থাকেন চিরকাল। জয় হোক এই স্থপতি দম্পতির।