হৃদয়ের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয়ের মেলবন্ধন অনুষ্ঠানে বন্ধুদের নৃত্য
হৃদয়ের মেলবন্ধন অনুষ্ঠানে বন্ধুদের নৃত্য

অতিথিদের আগমনে ভরে ওঠে মিলনায়তন। আগত নতুন আর পুরোনো বন্ধুদের তাজা গোলাপ দিয়ে বরণ আর সবার হাতে পরিয়ে দেওয়া হলো রাখিবন্ধন। গত ১৯ আগস্ট আনন্দঘন পরিবেশে বেলা ১১টায় বরগুনা বন্ধুসভার ‘হৃদয়ের মেলবন্ধন’ অনুষ্ঠানটি সম্পন্ন হলো বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে।
অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করেন বর্তমান সভাপতি সুশান্ত পোদ্দার। তিনি বরগুনা বন্ধুসভার সৃষ্টিলগ্নের বন্ধুদের ও উপদেষ্টাদের আগামীর দিনগুলোতে পাশে থাকার অনুরোধ করেন।
বন্ধু মৌ আর বাকিয়া নিজস্ব শৈল্পিকতায় তুলে ধরেন বাংলাদেশের রক্তাক্ত ইতিহাস। সবুজ ফিতার বাঁধন কেটে উপদেষ্টা এম জসীম উদ্দীন প্রকাশ করেন লাল কাপড়ে মোড়া দেয়ালিকাটি।
বন্ধু সুদ্বীপা ও আসাদের নৃত্য, বন্ধু মুনের আবৃত্তি আর সম্মিলিত কণ্ঠে বন্ধুসভার গান অনুষ্ঠানকে দিয়েছে এক অনন্য মাত্রা। ২০০২-এ যাত্রা শুরু করা বরগুনা বন্ধুসভার সূচনা কার্যক্রম নিয়ে কথা বলেন প্রথম আহ্বায়ক হারুন অর রশিদ রিংকু। বন্ধুসভার অনেক কার্যক্রমে উপস্থিত না থাকতে পারার আক্ষেপ করেন বন্ধু হুমায়ুন, মাসুদ, ডেভিড, তুহিন, অমিত ও পূর্ণিমা। উপদেষ্টা মো. গোলাম সরোয়ার টুকু বন্ধুসভার সব কার্যক্রমে যেকোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। উপদেষ্টা মাসউদ সিকদার বলেন, বরগুনা বন্ধুসভার সঙ্গে ১২ বছর কাটানোর গল্প। জি এম জিয়াদ শোনান পত্রিকার গল্প সংগ্রহের নানা কৌশল। জাকির হোসেন মিরাজ বন্ধুদের উদ্দেশে বলেন, তোমরা আগামী দিনে এমন এক বাংলাদেশ উপহার দেবে, যা আমরা স্বপ্ন দেখি। বন্ধু আল আমীন ও মুনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বন্ধুসভার সঙ্গে জীবন বাঁধার গল্প শোনান বন্ধু বিদ্যুৎ, মিজানুর, রফিক, স্বপ্নীলসহ আরও অনেকে।
উপদেষ্টা মো. গোলাম সরোয়ার টুকু, এম জসীম উদ্দীন ও মাসউদ সিকদার সৃষ্টিলগ্নের বন্ধুদের হাতে তুলে দেন সম্মাননা স্মারক। মো. ফারুক হোসেন সৃষ্টিলগ্নের উপদেষ্টাদের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক।
প্রথম আলো বরগুনা বন্ধুসভা