হৃৎপিণ্ডে বুলেট নিয়েও বেঁচে!
পর্দায় আমরা অনেক নায়ককে বুকে বুলেট বিদ্ধ হওয়ার পরও বেঁচে যেতে দেখি। কিন্তু পর্দায় যা দেখানো হয় বাস্তবে তা কী সম্ভব? ভারতের উত্তর প্রদেশের আলীগড়ের ভারত শর্মা এমনই একজন মানুষ, যিনি দুই মাস আগে বুকে বুলেট বিদ্ধ হওয়ার পরও বহাল তবিয়তে আছেন। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এ বছরের জুলাই মাসে উত্তর প্রদেশের একটি ব্যাংকের ভেতরে গুলিবিদ্ধ হন ৩২ বছর বয়সী ভারত শর্মা। ডাকাতেরা স্থানীয় একটি ব্যাংকে ওই সময় ডাকাতির চেষ্টা করছিল। ভারত শর্মা বাধা দেওয়ায় তাঁর ওপর গুলি ছুড়েছিল ডাকাতেরা। ওই সময় ব্যাংকে তাঁর প্রতিষ্ঠানের হয়ে একটি চেক জমা দিচ্ছিলেন তিনি। পয়েন্ট ২০ ক্যালিবারের দুটি গুলি লাগে তাঁর। এর মধ্যে একটি গুলি লাগে কোমরে আর অপরটি লাগে তাঁর বুকে।
স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করে তাঁর কোমরের গুলিটি বের করেন। কিন্তু বুকে বিদ্ধ হওয়া বুলেটটি বের করার সাহস করেননি তাঁরা। দুই মাস পরে গুজরাটের সাল হাসপাতালের চিকিৎসকেরা ভারত শর্মার হৃৎপিণ্ডে আটকে থাকা সেই বুলেটটি অপসারণ করেন।
কার্ডিয়াক সার্জন অনিল জৈন জানিয়েছেন, বুলেটটি হৃৎপেশিতে বাম নিলয়ের সামনে আটকে ছিল। যখনই হার্ট পাম্প করত, তখনই বুলেটটি নড়াচড়া করত। বুলেটটি জটিল একটি জায়গায় আটকেছিল। হৃৎপিণ্ডের এত কাছে গুলি লাগার পরও তাঁর বেঁচে যাওয়ার ঘটনা দুর্লভ।
‘অনেকটা দৈবযোগেই বেঁচে গেছেন ভারত’ চিকিৎসক অনিল জৈন এই মন্তব্য করেছেন।