হেঁটে চলাও দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ সড়ক দিয়ে যাঁরা চলাফেরা করেন, তাঁদের ভাগ্যটা খুব খারাপ। আগে ভুগিয়েছে মির্জারপুল, এখন ভোগাচ্ছে সড়ক। অবস্থাটা এমন যে কিছু স্থানে সড়কের চিহ্নই নেই। কাদা-পানিতে পায়ে হেঁটে যেতেও কষ্ট হয়। আর বৃষ্টি হলে তো দুর্ভোগের ষোলকলা পূর্ণ হয়। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।’ কথাগুলো ক্ষোভের সঙ্গে বললেন ব্যবসায়ী মাহমুদ হোসেন। তিনি প্রতিদিন মুরাদপুর-অলি খাঁ মসজিদ সড়ক হয়ে আন্দরকিল্লার ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন।সরেজমিনে দেখা গেছে, সার্জিস্কোপ হাসপাতাল থেকে পাঁচলাইশ থানার মোড় পর্যন্ত একেবারে নাজুক হয়ে পড়েছে সড়ক। কিছু স্থানে গর্ত বড় হয়ে ছোটখাটো জলাশয়ে রূপ নিয়েছে। পিচ উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। গাড়ি বিকল হয়ে প্রায় সময়ই যানজট লেগে থাকছে। গত কয়েক দিনের টানা বর্ষণের পর হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ বৃষ্টির পর ছোট-বড় গর্তে কাদা-পানিতে একাকার হয়ে গেছে। এ ছাড়া পাঁচলাইশ থানা মোড় থেকে মুরাদপুর পর্যন্তও খানাখন্দে ভরে গেছে।মুরাদপুর-কোতোয়ালি রুটের টেম্পোচালক আবদুল হালিম বলেন, ‘প্রায় সময় গর্তে পড়ে গাড়ি আটকে যায়। দিনে দুই-তিনটা ট্রিপ মারার পর টেম্পো গ্যারেজে নিতে হয়। হয় গিয়ারের তার ছিঁড়ে যায় নয়তো ব্রেক সমস্যা করে। আর যাত্রীরাও কষ্ট পায়। ঠিকমতো গাড়ি পায় না।’মেট্রো ৬ নম্বর রুটের বাসচালক মোহাম্মদ কামাল বলেন, ‘মদুনাঘাট থেকে যে পথে আসি পুরো পথটাই ভাঙাচোরা। দিনে দুই-তিনবারের বেশি আসা-যাওয়া করতে পারি না। যার কারণে ইনকামও কমে গেছে। কিন্তু গাড়ির কোম্পানি সেটা মানতে চায় না। দিনের জমা এক টাকাও কম নেয় না।’চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদা আক্তার বলেন, ‘কলেজের সময় রিকশা কিংবা গাড়ি পাওয়া খুব কষ্টকর। রিকশাওয়ালারা দ্বিগুণ ভাড়া চায়। ফতেয়াবাদের বাড়ি থেকে মুরাদপুর পর্যন্ত আসতে যতক্ষণ না লাগে, মুরাদপুর থেকে কলেজ পর্যন্ত আসতে কমপক্ষে এক ঘণ্টার বেশি সময় লাগে। সড়কের পাশের দোকানিরা জানান, সড়কের এ অবস্থা এক দিনে হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ করুণ হাল হয়েছে। খানা-খন্দ ছোট অবস্থায় সংস্কার করে ফেলতে পারত। কিন্তু তখন করা হয়নি। এখন আবার শুরু হয়েছে সড়ক সম্প্রসারণের কাজ। ফলে দুর্ভোগ আরও বাড়বে।এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী প্রথম আলোকে বলেন, ‘সড়কটিতে এখন অনেক গর্ত। চলাচলে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু সড়কটির সম্প্রসারণকাজ করছে, তাই আমি অনুরোধ করব তারা যেন সাময়িক সংস্কারটা করে।’ সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ৫৭ কোটি টাকা ব্যয়ে সড়কটি সমপ্রাসারণ করছে। এটি ৩২ ফুট থেকে ৬০ ফুট প্রশস্ত করা হবে। কাজ শেষ হবে ২০১৩ সালের জুনে।প্রকল্প পরিচালক প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, ‘ড্রেনেজের কাজ শেষের পথে। বৃষ্টি আর পিডিবির বৈদ্যুতিক খুঁটি সরাতে দেরি হওয়ায় কাজে কিছুটা বিঘ্ন ঘটে। তবে আশা করছি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।’