হেঁটে চলার শক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত মেসে থাকাকালীন দেখা পেয়েছিলাম এক ফজল কাকার। যাঁর দুটো পা নেই। রাস্তায় গড়াগড়ি দিয়ে ভিক্ষে করতেন। এক বিকেলে বলেছিলেন, বাবা, আজকালের মানুষজনও কেমন হয়ে গেছে। যারা চলাফেরা করে দু-বেলা খাওয়ার সামর্থ্য রাখে, তাদেরই ভিক্ষে দেয়। আমি অসহায়কে কেউ দিতে চায় না...।
ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন। পরদিন থেকে কলেজে যাওয়া-আসার পথে একবেলা রিকশা করে যেতাম আর একবেলা পায়ে হেঁটে। প্রতিদিনের ২০ টাকা জমিয়ে মাসে ৬০০ টাকা দিতাম ফজল কাকাকে। সেটা ছিল ২০০৮ পর্যন্ত। প্রতি মাসে টাকা হাতে নিয়ে কাকা চোখের পানি ফেলতেন আর আমার মাথায় হাত বুলাতেন। কাকার চোখের পানির প্রতিটি ফোঁটা ছিল আমার প্রতিদিনের পায়ে হেঁটে চলার শক্তি।
মাহবুব পলাশ
সভাপতি, সিলেট বন্ধুসভা।