হেঁটেই রওনা দিলেন কহিনূর, শাহেদা, মরিয়ম
কহিনূর বেগম, শাহেদা খাতুন ও মরিয়ম বিবি। তিনজনই কাজ করেন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক শিল্পকারখানায়। সকাল সাড়ে ছয়টা থেকে তাঁরা রাস্তায় অপেক্ষা করছেন বাসের জন্য। কিন্তু দাঁড়াতে দাঁড়াতে এক ঘণ্টা পেরিয়ে গেছে। কোনো বাসের দেখা নেই। কী ব্যাপার, কী হয়েছে—কিছুই জানেন না তাঁরা। অগত্যা টেম্পো, ম্যাক্সিতে ওঠার জন্য ছোটাছুটি শুরু করেন। ওসব যানবাহনও যাত্রীতে ঠাসা। ওঠার উপায় নেই। গতকাল নগরের চৌমুহনী এলাকায় এই ভোগান্তির চিত্র দেখা যায়। তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ মিলছিল না। কারণ, তখন যে করেই হোক যাওয়ার তাড়া। এরই মধ্যে কথা হয় শাহেদার সঙ্গে। তিনি জানালেন, ‘ম্যাক্সি, টেম্পো কোনো যানবাহনেই ওঠার উপায় নেই। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা যে ভাড়া দাবি করছে তা দিতে পারব না আমরা।’ তাই অবশেষে কহিনূর ও মরিয়মের প্রস্তাবে তিনজনই হাঁটা ধরলেন দ্রুতগতিতে। এত দূর পথ হেঁটে যেতে পারবেন? অনেকটা সমস্বরেই তাঁরা বললেন, ‘এ ছাড়া উপায় কী? আমাদের কথা কে ভাবে?’স্যারের কাছে পড়া হবে না আজ: আটটা থেকে স্যারের কোচিং। পৌনে আটটা বেজে গেছে কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ইশরাত। কোচিংয়ে পড়তে যাওয়ার কথা চকবাজারে। কিন্তু সকাল সাতটা থেকে গাড়ির জন্য আগ্রাবাদ বাদামতলী মোড়ে দাঁড়িয়ে আছেন। সঙ্গে ছিলেন তাঁর সহপাঠী ফাতেমা। বললেন, ‘হঠাৎ করে কী সমস্যা হলো বুঝতে পারছি না। রাস্তায় কোনো বাস নেই। অটোরিকশা কিংবা রিকশার সংখ্যাও কম। অনেকেই যেতে চাইছেন না। দু-একজন রাজি হলেও ভাড়া বলছেন তিন গুণ। মনে হচ্ছে, স্যারের কাছে পড়া হবে না আজ। বাসায়ই ফিরে যেতে হবে।’ ইশরাত জানালেন, ‘বাবা-মা তো আমাদের হিসাব করেই টাকা-পয়সা দেন। এভাবে বাড়তি ভাড়া চাইলে আমরা কোত্থেকে দেব?’ দেওয়ানহাট থেকে আগ্রাবাদ রিকশা ভাড়া ৫০ টাকা: দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত রিকশা ভাড়া বড়জোর ১৫ থেকে ২০ টাকা। এটাই স্বাভাবিক ভাড়া। কিন্তু গতকাল সেই ভাড়া দাবি করা হয় ৫০ টাকা। দল বেঁধেই মোড়ের সব রিকশাচালকেরা এই ভাড়া দাবি করতে থাকেন। এ নিয়ে যাত্রীদের সঙ্গে কথা-কাটাকাটি, যুক্তিতর্ক চলে। কিন্তু এতেও তাঁরা অনড়। তাঁদের কথা হলো, ‘বাস চলছে না। তাই সিনজিচালিত অটোরিকশা, টেম্পোতে বেশি ভাড়া দিয়েই সবাই যাচ্ছে। আমরা তো কষ্ট করে রোদের মধ্যে রিকশা চালাব। আমাদের বেশি ভাড়া দিলে ক্ষতি কী?’ এই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত হতে পারলেন না ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার হোসেন। তিনি বলেন, ‘বাস চলবে না। সে জন্য ভাড়া দিগুণ-তিন গুণ হবে কেন, এটা কি মগের মুল্লুক? পাঁচ টাকা বেশি নিলেও মানা যেত।’