হেঁশেল রাখুন গোছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনের অফিসের কর্মযজ্ঞ শেষে আপনাকে হয়তো হেঁশেলে ঢুকতে হচ্ছে। কিন্তু হেঁশেলটা যদি হয় অগোছালো আর নোংরা তাহলে মন কোনোভাবেই সায় দেয় না হেঁশেলের পথ মাড়াতে। অনেকে মনে করেন, রান্নাঘর বা হেঁশেলে রান্না করে যেমন তেমনভাবে রেখে দিলেই হয়তো কাজ শেষ। কিন্তু রন্ধনশিল্পী সিতারা ফেরদৌস বলেন অন্য কথা। তাঁর মুখ থেকেই শুনব হেঁশেল কীভাবে গুছিয়ে রাখা যায়। আজকাল বেশির ভাগ রান্নাঘরে কিচেন কেবিনেটের ব্যবস্থা থাকে। ফলে রান্নাঘরের জিনিসপত্র অনায়াসে কিচেন কেবিনেটের ভেতর রাখা যায়। রান্নাঘরে মসলার অনেক পাত্র থাকে। ব্যবহারের জন্য মসলার কৌটাগুলো চুলার কাছেই গুছিয়ে রাখা যায়। সবচেয়ে ভালো হয় মসলাগুলো ছোট কোনো কৌটা বা পাত্রে রাখলে। আজকাল বাজারে মাটি, সিরামিক, স্বচ্ছ কাচ বা প্লাস্টিকের সুন্দর পাত্র পাওয়া যায়, যাতে মসলা রাখলে সুন্দর লাগে। এগুলোর দামও খুব বেশি নয়। রান্নার চুলার ডান পাশে সিংক বা বেসিন থাকলে কাজ করতে সুবিধা হয়। আর সিংকের পাশে হাত মোছার জন্য রাখা যেতে পারে সুতির তোয়ালে বা কাপড়। রান্নাঘরটা যেন ধোঁয়ায় পরিপূর্ণ না হয়ে যায়, সেজন্য চুলার ওপর বসানো যেতে পারে কিচেন হুড। এটা চুলার একটু ওপরে বসালেই ভালো। রান্নাঘরের মাঝে স্নিগ্ধ ভাব আনতে রাখতে পারেন ছোট গাছ। রান্নাঘরের দেয়াল সাজানো প্রসঙ্গে তিনি বলেন, আজকাল রান্নাঘরের জন্য হরেক রকমের নকশা করা টাইলস পাওয়া যায়। চাইলে রান্নাঘরের অর্ধেকটা দেয়ালে টাইলস বসিয়ে নিলে পরিষ্কার করতেও সুবিধা হবে। যেমন চুলার সামনে টাইলস বসালে চুলা থেকে ছিটকে পড়া তেল পরিষ্কার করতে সুবিধা হয়। রান্নাঘরটা বড় হলে কাজের সুবিধার জন্য সেখানে রাখতে পারেন ফ্রিজ, ওভেন, টোস্টার বা ব্লেন্ডার। তবে সবকিছু রাখতে হবে গুছিয়ে।গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের প্রভাষক ফারহানা শরীফ বলেন, গৃহব্যবস্থাপনায় রান্নাঘরকে মোট তিনটি জায়গায় ভাগ করা হয়। আর এগুলো হলো রান্না করার কৌটা, বাছাই করার আর ধোয়ার জায়গা। এ তিনটি জায়গাই সুশৃঙ্খলভাবে রাখা দরকার। রান্নাঘরের চুলার উচ্চতার দিকে বিশেষ লক্ষ রাখতে হবে। সবচেয়ে ভালো হয় দাঁড়িয়ে রান্না করার ব্যবস্থা থাকলে। বাড়ির সদস্যসংখ্যা চারজনের বেশি হলে দুই বার্নের চুলা ব্যবহারই উত্তম। পরিপূরক জিনিসগুলো কাছাকাছি রাখা উচিত। যেমন দুধ, চিনি ও চা। এতে কাজের সময় সহজেই জিনিসগুলো পাওয়া যায়। রান্নাঘরের সিংকের পাশে থালাবাটি রাখার জন্য রাখা যেতে পারে র‌্যাক। সিংকের নিচে রাখা যেতে পারে ময়লা ফেলা ঝুড়ি। যত্রতত্র জানালা দিয়ে ময়লা না ফেলাই ভালো। চামচ রাখার জন্য স্পুন হোল্ডার রাখলে দেখতে ভালো লাগবে। ছুরি আর চপিংবোর্ড পাশাপাশি রাখাই ভালো। কাজ শেষে রান্নাঘর গুঁড়া সাবান আর লেবু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এমনকি রান্নাঘরের জানালাটাও গরম পানি আর গুঁড়া সাবান দিয়ে ধুয়ে ফেললে ভালো। কোনোভাবেই ব্যবহার্য জিনিসপত্র তেল চিটচিটে হতে দেওয়া যাবে না।সতর্কতা নিত্যদিনের জিনিসগুলোকে কাছাকাছি রাখতে হবে। কাজ শেষে চুলা বন্ধ করে রাখতে হবে। সিংকের পাশে থালাবাসন রাখার ব্যবস্থা থাকলে ভালো দেখায়। কম ব্যবহার্য জিনিসগুলো কেবিনেটে তুলে রাখাই ভালো। জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। থালাবাসন রাখা র‌্যাক পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা যায়।