হেইনিং-এর মুক্তি দাবি করেছেন ব্রিটেনের মুসলমান নেতারা
ইসলামিক স্টেট (আইএস) নামক জঙ্গি সংগঠনের হাতে জিম্মি ব্রিটিশ এইড ওয়ার্কার অ্যালেন হেইনিংয়ের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ব্রিটেনের বিশিষ্ট মুসলমান পন্ডিত ও ইমামরা। তারা বলেন, আইএস যে ভাবে মানুষকে জিম্মি করে শিরচ্ছেদ করছে তা ইসলামি আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইসলামি অনুশাসন এ ধরনের কার্যকলাপ কোনো ভাবে সমর্থন করে না।
২০ সেপ্টেম্বর শনিবার স্কাই নিউজে মুসলমান পন্ডিত ও ইমামদের বাণী সম্বলিত একটি ভিডিও সংবাদ প্রচারিত হয়। এই ভিডিও বার্তায় তাঁরা বলেন, আইএস-এর কর্মকাণ্ড ইসলামিক শরিয়া বিরোধী। ইসলাম কখনো মানবতা বিরোধী জঘন্য হত্যাকাণ্ড সমর্থন করে না।
ব্রিটিশ নাগরিক অ্যালেন হেইনিং গত বছর সিরিয়া হয়ে ইরাক গিয়েছিলেন জরুরী ত্রাণ সাহায্য নিয়ে। তখন আইএস জঙ্গিরা তাঁকে আটক করে। ব্রিটেন ও বিশ্ব মিডিয়া ধারণা করছে, আইএস হয়তো তাদের সর্বশেষ টার্গেট, ব্রিটিশ চ্যারিটি কর্মকর্তা হেইনিংকেও অন্যান্যের মতো শিরচ্ছেদ করবে।
ভিডিও বার্তায় ব্রিটেনের মুসলমান পণ্ডিত ও ইমামরা যৌথভাবে অ্যালেন হেইনিংকে মুক্তির দাবি জানানোর পাশাপশি জঙ্গি আইএস-এর বর্বরোচিত হত্যাকাণ্ডেরও তীব্র সমালোচনা করেছেন। তাঁদের ভিডিও বার্তা ব্রিটিশ গণমাধ্যমে বার বার প্রচারিত হচ্ছে।
একই ধরনের আবেদন জানিয়ে বক্তব্য দিয়েছেন. লুইসাম ইসলামিক সেন্টারের ইমাম শাকিল বেগ, মানচেস্টারের প্রোফেটিক গাইডেন্স-এর পরিচালক ওস্তাদ আবু ইসাসহ বেশ কয়েকজন মুসলমান ইমাম। এর আগে ব্রিটেনের প্রায় একশ মুসলমান নেতা ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আইএসের কাছে এক খোলা চিঠির মাধ্যমে অ্যালেন হেইনিংয়ের মুক্তি দাবি করে আবেদন জানিয়েছিলেন।
সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য