হেমন্তে তরমুজের স্বাদ!

সড়কের পাশে ফুটপাতে থরে থরে সাজানো তরমুজ। দৃষ্টি কাড়ছে ক্রেতাদের। গরমের এই ফল এবার হেমন্তেই চলে এসেছে কক্সবাজারের টেকনাফের হাটবাজারে। অসময়ের তরমুজের স্বাদ নিতে ক্রেতারাও যেন হুমড়ি খেয়ে পড়েছেন। দেদার বিক্রি হচ্ছে।
কৃষকেরা জানান, অন্য বছরের তুলনায় এবার টেকনাফের চাষিরা আগেভাগে তরমুজের চাষ শুরু করেন। ফলে বাজারে এসেছে তাড়াতাড়ি। টেকনাফ পৌরসভার পুরোনো বাসস্টেশন এলাকায় কয়েক দিন ধরেই বিক্রি হচ্ছে তরমুজ। এসব ফল উৎপাদিত হচ্ছে বাহারছড়া সমুদ্রসৈকত ও টেকনাফের পাহাড়ি এলাকায়। এই তরমুজ স্বাদে মিষ্টি, আকারেও বড়।
২ নভেম্বর শহরের বাসস্টেশন এলাকার চার রাস্তার মাথায় গিয়ে দেখা গেছে, পানির ফোয়ারা চত্বরে একটি মিনিট্রাকে করে ৭৫০টি তরমুজ নিয়ে আসেন স্থানীয় বাহারছড়ার ফল ব্যবসায়ী মো. আবদুুল আমিন (৩৮)। এবি ব্যাংকের সামনে ফুটপাতে বসে তরমুজ বিক্রি করেন তিনি। দেখা গেছে অল্প সময়ের মধ্যে দেড় শ তরমুজ বিক্রি হয়ে গেছে।
আবদুল আমিন জানান, টেকনাফের বাহারছড়ার সৈকত ও পাহাড়ি ঢালে আগাম তরমুজের ভালো ফলন হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ‘ফড়িয়াদের কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। আমাদেরও বেশি দামে কিনে বেশি দামে বেচতে হচ্ছে।’ আবদুুল আমিন বাজার থেকে ছোট–বড় প্রতি ১০০ তরমুজ ১২ হাজার টাকায় কিনে এনেছেন। অর্থাৎ, প্রতিটি তরমুজের দাম পড়েছে ১২০ টাকা করে। সেই তরমুজ শহরে বিক্রি করেন ১৫০ থেকে ৩৫০ টাকায়।
শহরের নাফ পেপার বিতানের মালিক আবদুল গণি দেড় হাজার টাকা দিয়ে কিনলেন পাঁচটি বড় তরমুজ। এত তরমুজ কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বছরের নতুন ফল নিজে খাব, আত্মীয়স্বজনের বাড়িতেও পাঠাব।’
তরমুজ কিনতে আসা আরেক ক্রেতা আবদুর রহমান জানান, ‘বাজারে সব ফলে ফরমালিন ও বিষ মেশানো। ছোট ছেলেমেয়েদের এসব খাওয়ানো যায় না। কিন্তু এ ক্ষেত্রে তরমুজ ব্যতিক্রম। তরমুজে কোনো ভেজাল নেই, তাই একসঙ্গে তিনটি কিনলাম।’
বাহাছড়ার চাষি মোহাম্মদ আলী (৪৫) ও বদিউর রহমান (৫০) জানান, অন্যান্য স্থানের তুলনায় এখানকার চাষিরা তিন থেকে চার মাস আগে তরমুজ চাষে নামেন। কারণ ওই সময় বৃষ্টি হলেও পানি জমে না থাকায় এলাকার সমুদ্রসৈকত ও পাহাড়ি ঢালু জমিতে চাষাবাদ শুরু হয়। এক কানি (৪০ শতক) জমির তরমুজখেতে দুই হাজার ২০০টি তরমুজের থালি করা হয়। প্রতিটি থালিতে সার, কীটনাশক, বীজ ও শ্রমিক বাবদ খরচ হয় প্রায় ৪০ টাকা। সে হিসাবে প্রতি কানিতে খরচ পড়ে প্রায় ৭০ হাজার টাকা।
ভালো ফলন হওয়ায় এই দুই চাষি ইতিমধ্যে যথাক্রমে ৭৫ ও ৮০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। খেতের বাকি তরমুজ বিক্রি করে একেকজন আরও তিন থেকে চার লাখ টাকা পাওয়ার আশা করছেন।
জানতে চাইলে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুুল লতিফ জানান, সমুদ্রসৈকত ও পাহাড়ি ঢালুতে পাঁচ শতাধিক একর জমিতে আগাম তরমুজের চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিরা খুশি। তিনি আরও জানান, সাধারণত, আগাম তরমুজ ফেব্রুয়ারি-মার্চ মাসে বাজারে আসে, এবার আরও আগে চলে এসেছে।