হেমন্তের নির্জনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনি এক হেমন্তে পরিত্যক্ত হয়েছিলাম। অতঃপর ঠিক সেখানটাতেই আছি, সময়বিহীন। ঠিক যেন এক প্রতীক্ষারত প্রমিথিউসের মতো; ক্লান্ত, নীরব, নিস্তব্ধ! সন্ধ্যা থেকে উদয়াস্ত কতই না অখণ্ড অবসর। কত যে দিন হয় গত তা সীমা-পরিসীমাবিহীন। ইয়ত্তা নেই তার, কালচক্রের পারাপার। কত রাত যে হয় ভোর এক নিমীলতায়, অবসন্নতায়, ক্লান্ত প্রতীক্ষায়। তাই বড্ড বেশি অপ্রয়োজন আজ দুগন্ডা হিসাব মেলানোর জটিলতা। একালের অথবা সেকালের, কোন কালের? এক পৌরাণিক প্রশ্ন হয়ে থাক। যদি হও শঙ্খচিল, এসো কালেভদ্রে কখনো হারিয়ে অচেনা পথের বাঁক। আমি আছি সেই একই রকম ঠিক হেমন্তের পর, এখন আমার সম্মুখে চির হিম-বসন্ত, শীতের তর কাটছে না। মিলবে না হয়তো সব সমীকরণ ধাপ থেকে ধাপ। শূন্য, বরাবরই শূন্য, নির্জন, পরিত্যক্ততায় থাকবে আমার এফিটাফ।