হেরোইন মিশিয়ে তৈরি হচ্ছে ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিভিন্ন রাজ্যে একাধিক কারখানায় লুকিয়ে তৈরি হচ্ছে নেশার বড়ি ইয়াবা। টেকনাফ থেকে পাচার হওয়া হেরোইন ইয়াবা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহূত হচ্ছে। আবার হেরোইন মিশিয়ে তৈরি করা ইয়াবার চালান বাংলাদেশে ঢুকে পড়ছে টেকনাফ সীমান্ত দিয়ে। গত এক বছরে বিডিআর, পুলিশ, র‌্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শুধু টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৭৬ জনকে আটক করে। চোরাকারবারিরা টেকনাফ সীমান্তকে মাদক পাচারের নিরাপদ পথ (রুট) হিসেবে ব্যবহার করে আসছে। সূত্র জানায়, চোরাচালান চক্রের সদস্যরা আগে মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং পরবর্তীকালে ভারত-পাকিস্তানে হেরোইন পাচার করত। বর্তমানে পথ পরিবর্তন করে তারা ভারত থেকে আনা হেরোইন টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার এবং মিয়ানমার থেকে থাইল্যান্ডসহ অন্যান্য দেশে পাচার করছে। গত পাঁচ মাসে বিডিআর মিয়ানমারে পাচারের সময় বিভিন্ন যাত্রীবাহী চেয়ারকোচে অভিযান চালিয়ে নয়টি চালানে ১২ কোটি টাকার প্রায় ১২ কেজি হেরোইনসহ ২৪ জনকে আটক করে। এর মধ্যে সাতটি হেরোইনের চালান আটক করেন টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন। তিনি জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে হেরোইনের চালানসহ পাচারকারীদের আটক করা হয়। গুপ্তচর নিয়োগ করে আরও চালান আটকের চেষ্টা চলছে।’ তিনি জানান, ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি ও ৫ জুলাই দুইটি চালানের মাধ্যমে টেকনাফে বিডিআর আরও এক কেজি ৮৮০ গ্রাম হেরোইনসহ পাঁচ পাচারকারীকে আটক করে। তিনি বলেন, ‘আগে মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে হেরোইন ঢুকত। আর এখন টেকনাফ সীমান্ত দিয়ে উল্টো মিয়ানমারে হেরোইন পাচার হচ্ছে। মিয়ানমারে হেরোইন মিশিয়ে তৈরি হচ্ছে ইয়াবা বড়ি। পরবর্তীকালে ওই বড়ি টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে।’ ছয়মাসে মাদকের সাতটি চালান জব্দ: টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল হোসেন জানান, ‘গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত সাতটি হেরোইন ও কোকেনের চালান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ থানায় পৃথক মাদক পাচার মামলা হয়। কিন্তু পুলিশ হেরোইন পাচারের মূল হোতাদের শনাক্ত করতে পারেনি।’ তিনি বলেন, ‘এ পর্যন্ত উদ্ধার করা ছয়টি চালানের হেরোইন পরীক্ষা করে (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিডিআর পৃথকভাবে) আসল হেরোইন বলে প্রমাণ পাওয়া গেছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ‘হেরোইনসহ বিডিআরের হাতে আটক পাচারকারীদের একাধিকবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরও মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদে অপরাধীরা স্বীকার করেছে—হেরোইন ও ইয়াবা পাচারের সঙ্গে মিয়ানমার, টেকনাফ ও ঢাকার কয়েকটি শক্তিশালী চক্র জড়িত।’ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে মিয়ানমারে ইয়াবা, হেরোইন, কোকেনসহ মাদক পাচারে জড়িত রয়েছে অন্তত ৩০০ নারী ও শিশু। অসহায় ও গরিব নারী-শিশুদের নানা প্রলোভনে ভাগিয়ে এনে মাদক পাচারের কাজে ব্যবহার করা হয়। টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল হোসেন জানান, ‘কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটারের মহাসড়কে বিডিআরের তিনটিসহ ছয়টি তল্লাশিকেন্দ্র (চেকপোস্ট) রয়েছে। কিন্তু এর কোথাও নারী পাচারকারীদের শরীর তল্লাশির (নারী সদস্য) কোনো ব্যবস্থা নেই। আমরা নারী পাচারকারীদের তৎপরতা বন্ধে বিডিআর কেন্দ্রগুলোতে নারী আনসার সদস্য নিয়োগের চেষ্টা চালাচ্ছি।’কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, ‘হেরোইন ও ইয়াবা পাচারকারীরা টেকনাফকেই মাদক পাচারের নিরাপদ পথ হিসেবে ব্যবহার করছে। এ কারণে টেকনাফে মাদকসেবী ও বিক্রেতার সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। পাচারকারীরা বিশেষ ক্ষেত্রে মাদক পাচারের জন্য নারী ও শিশুদের ব্যবহার করে। গত চার মাসে ইয়াবাসহ অন্তত ১০ নারী পাচারকারীকে আইনপ্রয়োগকারী সদস্যরা আটক করেছেন।’