হেলমেট, সিটবেল্ট এবং অন্যান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক বন্ধু প্রায়ই হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে আমাকে ফোন করে বলে, ‘দোস্ত, আমি অমুক হাসপাতালের এত নাম্বার কেবিনে আছি। ফলমূল নিয়ে চলে আয়। আড্ডা দেব। আর শোন, খবরদার কলা আনবি না। আমি কলা খাই না।’ আমি মাঝারি সাইজের একটা দীর্ঘশ্বাস ফেলি। গাধাটা মোটরসাইকেল নিয়ে আবার দুর্ঘটনা ঘটিয়েছে। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। ব্যাপারটা ডাল দিয়ে ভাত মেখে খাওয়ার মতোই সহজ ও স্বাভাবিক। অবস্থা এমন পর্যায়ে গেছে যে কয়দিন পর ওর সঙ্গে দেখা হলে হাসপাতালের পরিচিত কর্মচারীরা বলবেন, ‘কী ভাই, ভুলে গেলেন নাকি? অনেক দিন তো আমাদের ক্লিনিকে আসেন না।’ আর আমার গাধা বন্ধুটিও হেসে বলবে, ‘কী বলেন? এই সেদিনই না ঘুরে গেলাম, সমস্যা নেই। আসব, আসব।’ ব্যাপারটা চিন্তা করলেই আমার মাথা গরম হয়ে যায়। গরম শিঙাড়া ভালো লাগলেও গরম মাথা ভালো লাগে না। তার পরও হাসপাতালের কেবিনে গিয়ে দেখি, বেকুবটা হাসিমুখে বেডে শুয়ে আছে। বললাম, তুই আবার অ্যাকসিডেন্ট করেছিস?‘হ্যাঁ, করেছি। রুটিনওয়ার্ক যাকে বলে।’ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন?‘হাঁটুর বাটিগুলো মনে হয় চেঞ্জ করতে হবে। অনেক দিনের পুরোনো জিনিস তো। ঠিকমতো সার্ভিস দিচ্ছে না।’ আর মাথা?‘মাথার কিছু হয়নি, মাথায় নরকসঙ্গী ছিল।’ নরকসঙ্গীটা কে?‘নরকসঙ্গীর ইংরেজি হলো হেলমেট। হেল মানে নরক আর মেট মানে সঙ্গী। আক্ষরিক বঙ্গানুবাদ।’মাথায় হেলমেট পরিস কেন? তোর মাথায় তো কিছু নেই। একেবারে উন্মুক্ত এলাকা। মাথা বাঁচানোর কী দরকার?‘আরে ব্যাটা, খালি জায়গা দেখেই তো প্রটেক্ট করছি। তা না হলে ওটাও দখল হয়ে যেত। দেখিস না, দেশের খালি জায়গাগুলো কেমন পটাপট দখল হয়ে যাচ্ছে?’ বন্ধুর সঙ্গে তর্ক করে লাভ নেই। কয়েক দিন ক্লিনিকে ঝিম মেরে পড়ে থাকবে, তারপর সুস্থ হয়ে আবার মোটরসাইকেল নিয়ে বের হবে। কয়দিন পর আবার দুর্ঘটনা। কেউ তাকে দাবিয়ে রাখতে পারবে না। তবে গাধাটার মাথায় বুদ্ধিসুদ্ধি না থাকুক, হেলমেট থাকে—এটা ভেবেই আমরা একটু নিশ্চিন্ত বোধ করি। ইদানীং নিশ্চিন্ত বোধ করার আরেকটা কারণ হলো, সরকার মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরাটাকে বাধ্যতামূলক করার জন্য আইন করে দিয়েছে। হেলমেট না পরলে ৫০০ টাকা জরিমানা। শুধু হেলমেটই না, বাধ্যতামূলকভাবে গাড়ির সিটবেল্টও বাঁধতে হবে এবং চলন্ত অবস্থায় মুঠোফোন ব্যবহার করা যাবে না। আমার কোনো বন্ধুই এই আইনগুলো মেনে নিতে চাচ্ছে না। মুঠোফোনসংক্রান্ত আইনটিও আমার আরেক বন্ধু খুবই অপছন্দ করেছে। চায়ের দোকানে বসে বসে বক বক করছিল, ‘এটা কোনো আইন হলো? কত ইম্পর্টেন্ট কল আসতে পারে। অথচ বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কী যে করি!’ আমি হেসে বললাম, তুই টিঅ্যান্ডটির ফোন ইউজ কর। টিঅ্যান্ডটির ফোনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধু রেগে বলে, তোর তো বাইক-গাড়ি কোনোটাই নেই। এ জন্য এমন দালাল-মার্কা কথা বলছিস।আমি ওদের বোঝানোর চেষ্টা করি, ‘দেখ দোস্ত, হেলমেট পরলে কত লাভ। এই যে বাবুলের মাথায় এত সুন্দর কোমল মসৃণ একটা টাক পড়েছে, কিন্তু ও সেটা কাউকে দেখাতেই চায় না। সারাক্ষণ টুপি পরে থাকে। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা গেলেও টুপি দিয়ে টাক ঢাকা যায় না। পেছনের ফুটো দিয়ে সবাই দেখে ভেতরে কী আছে। অথচ ও যদি হেলমেট পরে, তাহলে টাকের কোনো অংশই বাইরে থেকে দেখা যাবে না।’ বাবুল একটু নড়েচড়ে বসে, ‘দোস্ত, তুই ভালো কথা বলেছিস তো। এখন থেকে শুধু মোটরসাইকেল কেন, অফিসের ভেতরও হেলমেট পরে থাকব। কেউ জিজ্ঞেস করলে বলব, ভূমিকম্পের ভয়ে হেলমেট পরে আছি।’সাব্বির বলল, ‘বাবুইল্লার মাথায় টাক আছে। অয় হেলমেট পরুক, হেলমেট লইয়া বাথরুমে যাক। আমার মাথায় তো টাক নেই। আমি পরুম ক্যান?’ আমি বললাম, ‘তুই কত লোকের কাছ থেকে টাকা ধার করেছিস, সে খেয়াল আছে? পাওনাদারেরা তোকে গুগলে সার্চ দিয়ে খুঁজছে। বলা তো যায় না, কবে রাস্তায় দেখা হয়ে যায়। তাই তোরও হেলমেট পরা উচিত। হেলমেট পরে থাকলে অন্তত রাস্তায় তোকে কেউ চিনতে পারবে না। তা ছাড়া তুই যখন তোর প্রেমিকাকে পেছনে বসিয়ে আনন্দভ্রমণে যাস, তখন কেউ দেখে ফেললে তোর আনন্দ শুধু মাটি না, একেবারে কাদা কাদা হয়ে যাবে। তাই তুই তো হেলমেট পরবিই, তোর প্রেমিকাকেও পরাবি। ক্লিয়ার?’কিছু বলতে না পেরে ওরা একেবারে ঝিম মেরে গেল। হঠাৎ জয়নাল বলে উঠল,সিটবেল্ট!কিসের সিটবেল্ট?‘সিটবেল্ট কেন বাঁধতে হবে, সেটা বুঝিয়ে দে। প্রচণ্ড জোরে গাড়ি চালানোর সময় যাতে দুর্ঘটনা না ঘটে, এ জন্য সিটবেল্ট বাঁধতে হয়, এটা আমিও জানি। কিন্তু ঢাকায় তো গাড়িই চলে না, জ্যামে আটকে থাকে। জ্যামের মধ্যে সিটবেল্ট বেঁধে বসে থাকব কেন?’চিন্তা করেও ভালো কোনো জবাব পেলাম না। তবে দমে না গিয়ে বললাম, ‘দেখ দোস্ত, আমাদের আধুনিক হতে হবে। অর্থাৎ প্রতিটি জিনিস থেকে সুবিধা আদায় করে নেওয়া আমাদের কর্তব্য। এত টাকা দিয়ে গাড়ি কিনেছিস, আর সিটবেল্টটা ব্যবহার করবি না, তা হয় নাকি? তা ছাড়া সিনেমায় দেখবি, নায়কেরা সব সময় সিটবেল্ট বাঁধে। এটাকে একটা স্মার্টনেসও বলা যেতে পারে। খেয়াল করলে দেখবি, বাংলা সিনেমার নায়কেরা সিটবেল্ট বাঁধে না। তুই নিশ্চয়ই বাংলা সিনেমার নায়ক না। কী বলিস?’‘তা অবশ্য ঠিকই বলেছিস। যাহ্, বাঁধলাম সিটবেল্ট।’আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, এরা বেশ সহজেই ব্যাপারটা মেনে নিয়েছে। গাধা-টাইপ ছেলে তো। গাধা-টাইপ ছেলেরা সহজেই সব মেনে নেয়। কিন্তু দেশের জনগণ কি এত সহজে মেনে নেবে? সরকার একটা আইন করেছে, আর জনগণ ভদ্রছেলের মতো তা মেনে নিয়েছে—বাংলাদেশে এমন ঘটনা আমি জীবনেও দেখিনি। এবারও দেখব না। আমি নিশ্চিত, এই আইন করায় দেশের আপামর ট্রাফিক সম্প্রদায় বেশ খুশি হয়েছে। কেউ আইন অমান্য করলেই তারা ডাইরেক্ট অ্যাকশনে গিয়ে বলবে, ‘হল্ট! এই যে ভাই, আপনি হেলমেট পরেননি কেন? মাথায় সমস্যা? আইন যে হয়েছে, তা জানেন না?’মোটরসাইকেলচালক বলবে, ‘ভাইজান, রোদে দাঁড়িয়ে ডিউটি করে আপনি ক্লান্ত হয়ে গেছেন। চলুন, ফ্রেশ লাচ্ছি খেতে খেতে কথা বলি।’ তারপর দুজনে ফ্রেশ লাচ্ছি খেয়ে যে যার কাজে চলে যাবে। মাঝখান দিয়ে একজনের মানিব্যাগের টাকা যাবে আরেকজনের মানিব্যাগে। তবে আমার বন্ধুদের প্রতি আমি খুবই আস্থাশীল। তারা ঠিকই আইন মানবে। কখনোই ফ্রেশ লাচ্ছি খেতে বলবে না। আহা রে, সবাই যদি আমার বন্ধুদের মতো হতো!