হেলমেট পরুন জীবন বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড!’ এর নিচেই ঝাপসা ছোট অক্ষরে লেখা, ‘এটা কোনো আইন না, নির্মম সত্য’।এমনই সব সতর্কবাণী পাওয়া গেল ঢাকার গুলশান ১ নম্বরের ‘দ্য গ্যালারি’তে গিয়ে। ১৬-১৮ ফেব্রুয়ারি এখানে এক প্রদর্শনীর আয়োজন করে বিজ্ঞাপনী সংস্থা কোজিটো মার্কেটিং সলিউশনসের সহযোগী প্রতিষ্ঠান ‘থিংক’। ‘হেলমেট সেভস লাইফ’ স্লোগানে শুরু হওয়া প্রদর্শনীর মাধ্যমেই থিংকের শুভ উদ্বোধন হলো এ দিন। কোজিটোর ব্যবস্থাপনা পরিচালক রাজীব হাসান চৌধুরী বলেন, ‘আমাদের চারপাশে এমন অনেক বিষয় আছে, যেগুলো সম্পর্কে আমরা সচেতন হলে হয়তো অনেক অযাচিত ও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব। এমন চিন্তা থেকেই মূলত থিংকের জন্ম।’ কোজিটোর কর্মকর্তা সাজিদ মাহবুব বলেন, ‘নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই ভিন্নধর্মী পদক্ষেপ থিংক। এর মাধ্যমে আমরা প্রতি দুই মাস অন্তর একটি করে সামাজিক বিষয় বেছে নিয়ে তার ওপর কাজ করতে চাই।’ তিন দিনের এই প্রদর্শনীতে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ছিল দর্শনার্থীদের ভিড়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বিপিএম। মোটরবাইকচালক বা যাত্রীদের জন্য হেলমেট পরা যে কতটা গুরুত্বপূর্ণ, তা উঠে আসে কোজিটোর কর্মীদের চিন্তার প্রতিফলনে। যাঁরা প্রদর্শনীতে আসতে পারেননি, তাঁদের জন্য শুভ সংবাদ—থিংক উইথ কোজিটো নামে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। চাইলে এখানেই দেখে নিতে পারেন প্রদর্শনীর চিত্রগুলো।