চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হেলিকপ্টার, স্বয়ংক্রিয় রেল ট্র্যাকিং সোলার রেফ্রিজারেটর নিয়ে প্রকল্প
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত বৃহস্পতিবার হেলিকপ্টার, সোলার রেফ্রিজারেটর, স্বয়ংক্রিয় রেল ট্র্যাকিং, মাল্টিফাংশনাল সুইচ ডিজাইন, অটোমেশন (স্বনিয়ন্ত্রিত যন্ত্র) প্রভৃতি বিষয়ের ওপর প্রকল্প প্রদর্শনী হয়। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ এর আয়োজন করে। বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুধু প্রকল্প প্রদর্শনই নয়, বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীদের গবেষণার ফলাফলও প্রকাশ করা হয়। এর মধ্যে আইসি ইঞ্জিনের ক্ষমতাবর্ধনবিষয়ক গবেষণা উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে বিভাগীয় প্রধান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা নতুন বিষয় নিয়ে কাজ করছে। বিশেষ করে প্রদর্শনীর মাধ্যমে অটোমেশনের ওপর তাঁদের সৃজনশীলতা গড়ে উঠছে। আমি আশা করছি, প্রয়োজনীয় সহযোগিতা পেলে তাঁরা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সফলতা দেখাতে পারবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক বদিউস সালাম, মো. আবদুল ওয়াজেদ, সজল চন্দ্র বণিক, আবু সাদাত মো. সায়েম প্রমুখ। প্রদর্শনীতে যন্ত্রকৌশল বিভাগ চতুর্থ বর্ষের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।