একটি আধুনিক উড়োজাহাজ আকাশে একই স্থানে স্থিরভাবে ভেসে আছে, আরও ওপরে উঠছে; আবার ভূমিতে নেমে আসছে। একেবারে হেলিকপ্টারের মতো। আবার প্রয়োজনের সময় দ্রুত বেগে সামনে ছুটে গিয়ে অভিযান শেষ করে আসছে। ভেবে দেখুন তো, তাহলে কেমন হয়?হয়তো এখনই এমনটি দেখা যাবে না। তবে অদূর ভবিষ্যতেই সেটা ঘটতে পারে। আর এই প্রকল্পের জন্য বড় ধরনের অবদান রাখতে পারেন আপনিও! কারণ, প্রকল্পটি বাস্তবে রূপ দিতে খোঁজা হচ্ছে এমন ব্যক্তিদের, যাঁরা ওই উড়োজাহাজের নকশা এঁকে দেবেন।দ্য ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সিস বা ডারপা এই প্রকল্প হাতে নিয়েছে। তারা উল্লম্বভাবে উড়তে ও অবতরণ করতে সক্ষম (ভিটিওএল) উড়োজাহাজ বানানোর প্রকল্প নিয়ে মাঠে নেমেছে। ভিটিওএল উড়োজাহাজের নকশা আঁকা, তৈরি করাসহ পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রকৌশলী খোঁজা হচ্ছে।ডারপার সদ্য ঘোষিত কৌশলগত প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপক আশিস বাগাই বলেন, এই এক্স-প্লেন কর্মসূচি শুরু করা হচ্ছে পুরো উড়োজাহাজ নির্মাণশিল্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এতে প্রকৌশলীরা একই সঙ্গে হেলিকপ্টার ও প্রচলিত আধুনিক উড়োজাহাজের সব সুবিধার সমন্বয় ঘটিয়ে একটি আকাশযান তৈরির বিষয়ে ভাবতে শুরু করবেন।বাগাই বলেন, ‘আমরা একটি হেলিকপ্টারের পেছনে শক্তিশালী রকেট জুড়ে দেওয়ার মতো কিছু করতে যাচ্ছি না। প্রকৌশলী সম্প্রদায় এর আগে এ ধরনের অনেক প্রচেষ্টার সঙ্গে পরিচিত হয়েছে, যেগুলো কাজ করেনি। অতীতের সেই নকশাগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করার চেয়ে এবার আমরা স্থির পাখা ও ঘূর্ণমান পাখা উভয় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একটি সত্যিকারের নকশা খোঁজ করছি।’সামরিক বাহিনী গত অর্ধশতাব্দী ধরে এ ধরনের আকাশযান নির্মাণের উচ্চাভিলাষী স্বপ্ন দেখেছে। তবে সীমিত ও অপ্রস্তুত জায়গা থেকে উড়তে, প্রয়োজনে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে এবং আকাশে ওড়ার পর একই স্থানে স্থির থাকতে সক্ষম; আবার দ্রুত বেগে সামনে ছুটে যেতে সক্ষম এমন আকাশযান তৈরিতে প্রকৌশলীরা এ পর্যন্ত বারবারই ব্যর্থ হয়েছেন। লাইভসায়েন্স।