হেলিকপ্টারে চড়ে শিশুর শ্বশুরবাড়ি যাত্রা
‘আজ হেনে (এখানে) চিয়ারম্যানের ছাওয়াল হেলিক্যাপ্টেন (হেলিকপ্টার) করি বিয়ে করতি আসবি। তাই হেনে দাড়া আছি, হেলিক্যাপ্টেন দেখবার জন্যি।’ কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম। রবিউলের মতো আরও অনেকে সেখানে সেদিন ভিড় জমিয়েছিলেন। এটা গত ৮ জুনের ঘটনা। ওই দিন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের বড় ছেলে তানজীর আহম্মেদ বিশ্বাসের (২৬) বিয়ের অনুষ্ঠান হয়। কনে পৌর এলাকার খোকসা মাঠপাড়ার আমিরুল ইসলামের মেয়ে ইসমত আরা। বয়স প্রায় ১৫ বছর। বিয়ের অনুষ্ঠান শেষে স্বামীর সঙ্গে সে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যায়।একজন জনপ্রতিনিধি হয়েও ১৮ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে করান চেয়ারম্যান আইয়ুব আলী। শুধু তাই-ই নয়, বিবাহোত্তর সংবর্ধনাও হয় বেশ ধুমধাম করে। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই সে আমন্ত্রণ রক্ষাও করেছিলেন।কনে ইসমত আরা খোকসা জানিপুর পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের ভর্তি নিবন্ধনে ইসমত আরার প্রশংসাপত্রে তার জন্মতারিখ ১৫ নভেম্বর ১৯৯৭। সে অনুযায়ী, তার বয়স ১৫ বছরও হয়নি। অথচ বিয়ের সময় ইসমত আরার নিকট আত্মীয় খোকসা পৌরসভার কমিশনার আমানত আলী ইসমত আরার একটি জন্মসনদ দেখিয়েছিলেন। ওই সনদে তার বয়স ১৮ বছর দেখানো হয়। ছেলের বাবা ও মেয়ের নিকট-আত্মীয় দুজনই ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি হওয়ায় কোনো এনজিও বা প্রশাসন বিয়ে ঠেকানোর কোনো চেষ্টাই করেনি।