
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় লোগাং ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকা অমরেন্দ্রনাথ পাড়ায় অবস্থিত শ্রীকুন্তিমা ছড়া অমরেন্দ্রনাথ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘরটি হেলে পড়েছে। ২০০২ সালে কাঠ, বাঁশ ও টিনের ছাউনি দিয়ে স্থানীয় বাসিন্দারা ঘরটি তৈরি করেছিলেন। বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়া বিদ্যালয়ঘর কোনো রকমে গাছের গুঁড়ি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। হেলে পড়া এই ভবনেই চলছে পাঠদান।
শ্রীকুন্তিমা ছড়া বিদ্যালয়ে শিক্ষকেরা বলেন, সীমান্তবর্তী অমরেন্দ্রনাথপাড়ার আশপাশের চার কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। বিদ্যালয় না থাকার কারণে এলাকার ছোট ছেলেমেয়েরা চার কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে দুদুকছড়া ও হারুবিল বিদ্যালয়ে পড়তে যেত। বিদ্যালয়ের চারজন শিক্ষক ও ৬৬ জন শিক্ষার্থী এখন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। উন্নয়নবঞ্চিত এই বিদ্যালয়ের ফলাফলও ভালো। গত দুই বছর ধরে প্রথমিক সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন শ্রেণিকক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনের খুঁটি ভেঙে গেছে। এতে ভবনটি হেলে পড়েছে। এ ছাড়া ছাদের ছাউনির কিছু অংশ ও বেশির ভাগ বেড়াও ভেঙে পড়েছে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নমিতা চাকমা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ননাধন চাকমা বলে, বৃষ্টির সময় টিনের ফুটো দিয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। তা ছাড়া স্থান সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়।
বিদ্যালয়ের অভিভাবক স্বপন চাকমা বলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।
সহকারী শিক্ষক সুখমনি চাকমা বলেন, বিদ্যালয়টি এমনিতে জরাজীর্ণ, তার ওপর গত বছর ঝড়ে হেলে পড়েছে। এখন সামান্য বাতাসেও নড়ে। গত মাসে অভিভাবক ও শিক্ষকেরা মিলে কোনো রকম ভবনটি মেরামত করেছি। কিন্তু এভাবে জোড়াতালি দিয়ে ভবনটি টিকিয়ে রাখা সম্ভব নয়।
প্রধান শিক্ষক স্বর্ণা চাকমা বলেন, বিদ্যালয়টি মেরামত করার জন্য বিভিন্ন মহলে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। গত বর্ষায় বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢুকেছিল। দুর্গম এলাকা হওয়ার পরেও বিদ্যালয়ে সব সময় শতভাগ ছাত্রছাত্রী উপস্থিত থাকে।
বিদ্যালয়ের সহসভাপতি জগদ্ধীশ্বর চাকমা বলেন, ‘এলাকার শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হবে এই আশায় এলাকাবাসী মিলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। শিক্ষকেরা বিনা বেতনে পড়াচ্ছেন। গতবারের ঝড়ে বিদ্যালয়টি ভেঙে যাওয়ার পর কোনো রকমে মেরামত করেছি। ভবন ভেঙে পড়লে এলাকার শিশুরা শিক্ষার মুখ দেখবে না। প্রশাসন এগিয়ে এলে বিদ্যালয়টি রক্ষা পাবে।’
লোগাং ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকার শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছে। ইউনিয়ন পরিষদের বাজেট না থাকায় বিদ্যালয় ভবন তৈরিতে সহায়তা করা সম্ভব হচ্ছে না। তবে পার্বত্য জেলা পরিষদ বা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এগিয়ে এলে বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী পাকা ভবন তৈরি করা সম্ভব।
পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ। কিন্তু এটি বেসরকারি হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় নাম ওঠেনি।’
পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, ‘এই বিদ্যালয়ের ব্যাপারে শিক্ষা অফিস থেকে কোনো তালিকা আসেনি। তালিকা পেলে আমরা মন্ত্রণালয়ে পাঠাতাম নতুন ভবন নির্মাণের জন্য।’