পটিয়া পৌর এলাকার মুন্সেফ বাজারের দক্ষিণে ছয়তলা আবাসিক ভবন চার বছর আগে হেলে পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে ভাড়াটিয়াদের ১৫ দিনের মধ্যে বাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৮ মে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আলী আজমের নেতৃত্বে একটি তদন্ত দল ভবনটি সরেজমিন পরিদর্শন করে এ নির্দেশ দেয়। ভবনটি ভেঙে ফেলার জন্য এর আগেও একাধিকবার নোটিশ দেওয়া হলেও এতে মালিক পক্ষের সাড়া মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির মালিক পটিয়ার খরণা গ্রামের বাসিন্দা প্রবাসী মীর কাসেম। পটিয়া পৌরসভার অনুমতি নিয়ে তিনি ২০০৭ সালে ভবনটি নির্মাণকাজ শুরু করে ২০০৯ সালে শেষ করেন। ভবনটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন ১১ পরিবারের অর্ধশতাধিক মানুষ। এদিকে নির্মাণের কয়েক মাস পর ভবনটি হেলে পড়ে। এ নিয়ে ওই সময় আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন প্রকাশ হলে পৌরসভার প্রকৌশল বিভাগ তদন্ত করে এর সত্যতা পায়। পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন জানান, প্রকৌশল বিভাগের তদন্তে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় ২০০৯ সালে ১২ এপ্রিল ভবনটি ভেঙে ফেলার জন্য তৎকালীন পৌর মেয়র ভবনের মালিককে নোটিশ দেন। কিন্তু মালিক এতে সাড়া দেননি। এরপর ২০১০ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেব নাথ ভবনটিতে লোকজনের বসবাস নিষিদ্ধ এবং ভবনটি অপসারণ না করায় মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করেন। ওই বছর ৮ ডিসেম্বর পৌরসভার পক্ষ থেকে মালিককে এবং সর্বশেষ ২০১২ সালে ১০ জানুয়ারি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। সর্বশেষ নোটিশে অন্তত পঞ্চম ও ষষ্ঠ তলা ভেঙে ভবনটি ঝুঁকিমুক্ত করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ এতেও সায় দেননি। পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আলী আজম প্রথম আলোকে বলেন, ‘ভবনটি ভেঙে ফেলার জন্য বার বার অনুরোধ জানানো হলেও মালিকের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সর্বশেষ ৮ মে ঘটনাস্থলে গিয়ে মালিককে না পেয়ে ভাড়াটিয়াদের ডেকে ১৫ দিনের মধ্যে সরে যেতে বলেছি। ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর আমরা ভবনটি সিলগালা করে দেব।’ ভবনের ভাড়াটিয়া সুজন বড়ুয়া বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পৌর কর্তৃপক্ষ আমাদের চলে যেতে বলেছেন। বাসা খুঁজছি। পেলেই চলে যাব।’ ভবনের তত্ত্বাবধায়ক আবদুল মালেক পৌরসভা থেকে বিভিন্ন সময় নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘মালিকের পরামর্শে দু-একদিনের মধ্যে অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবনটি আবার পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টি পৌরসভাকে জানিয়েছি।’ ভবনটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আবদুল মালেক।