হেলে পড়েছে ১৫টি গাছ আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটিআই ক্যাম্পাসে হেলেপড়া একটি গাছ l প্রথম আলো
পিটিআই ক্যাম্পাসে হেলেপড়া একটি গাছ l প্রথম আলো

কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ক্যাম্পাসে হেলে পড়েছে ১৫টি বড় গাছ। এসব গাছ যেকোনো মুহূর্তে উপড়ে পড়ে প্রাণহানির আশঙ্কা করছেন প্রশিক্ষণরত শিক্ষকেরা। এতে প্রশিক্ষণরত শিক্ষক রয়েছেন ১৮০ জন।
এদিকে আতঙ্কে আছেন পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরাও। কারণ, পিটিআই ক্যাম্পাসের অভ্যন্তরে দোতলা ভবনে বিদ্যালয়টির অবস্থান। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ৩৫০ শিক্ষার্থীর পাঠদান চলে। ক্লাস শুরু ও শেষে শিশুরা পিটিআই ক্যাম্পাসেই খেলাধুলা করে।
কয়েকজন অভিভাবক জানান, ৩ এপ্রিল সকালে ঝোড়ো হাওয়ায় বিদ্যালয়ের সামনের কয়েকটি বয়স্ক ইউকেলিপটাসগাছ হেলে পড়েছে। গাছের নিচে খেলাধুলা করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবার ঝড় হলে এসব উপড়ে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পিটিআইয়ের অভ্যন্তরে প্রায় ২০০ গাছ রয়েছে। এর মধ্যে গোড়ার মাটি সরে পশ্চিম দিকে (ভবনের দিকে) ছয়টি ও সীমানাপ্রাচীরের লাগোয়া ১০টি গাছ হেলে পড়েছে। এসব গাছের মধ্যে রয়েছে ইউকেলিপটাস, ঝাউ ও গর্জন।
পিটিআই সূত্র জানায়, গাছগুলোর বয়স ২০ থেকে ৫০ বছর।
প্রশিক্ষণার্থী শিক্ষক শামীম আরা পারভীন বলেন, ক্যাম্পাসে যাতায়াতে আতঙ্কে থাকতে হয়। গাছগুলো দ্রুত কাটা দরকার। অন্যথায় আবার ঝড় হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পিটিআই সুপারিনটেনডেন্ট বেগম কামরুন নাহার বলেন, ‘অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে পিটিআইয়ের অভ্যন্তরে থাকা ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে দেওয়ার জন্য আমরা বন বিভাগের কাছে লিখেছিলাম। তারা কেটে ফেলার জন্য ১৫টি ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে দিয়েছে। কিন্তু নানা কারণে গাছগুলো কাটা হচ্ছে না।’