
রমজান মাসের শুরুতেই অনেকে একসঙ্গে সারা মাসের বাজার করে রাখেন। সারা বছরের তুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামেও তারতম্য দেখা যায় এ সময়ে। মাসের বাজেট বা বাজার করার আগে তাই দেখে নিন নানা পণ্যের দাম। ঢাকার কারওয়ান বাজার ও সুপার শপগুলোর দর জানানো হলো।
কারওয়ান বাজার
ইফতারের মূল উপাদানগুলোর মধ্যে প্রতি কেজি মুড়ি পাবেন ৫০-৬০ টাকা, ছোলা ৫৫-৬০ টাকা, বুট ৬৫ টাকা, খেজুর ৮০-৮৫০ টাকা, চিড়া ৫০-৬০ টাকা। ডালের মধ্যে প্রতি কেজি মসুর ডাল ৯০-১০০ টাকা, মুগ ডাল ৮০-১২০ টাকা, বুটের ডাল ৬০ টাকা, মাষকলাই ৯০-১০০ টাকা। বেসন পাবেন ৬০-৯০ টাকায়; আটা ৩২-৩৫ টাকা, ময়দা ৩৮ টাকা এবং সুজি ৬০ টাকা প্রতি কেজি। চিনি ৪৫-৪৮ টাকা, আখের গুড় ৬০ টাকা এবং খেজুর গুড় পাবেন ৭০ টাকা প্রতি কেজি।
সবিজর মধ্যে শসা প্রতি কেজি ২০-২৫ টাকা, গাজর ৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, টমেটো ৪০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা এবং আলু ২০ টাকা। তা ছাড়া পুদিনাপাতা ২০০ টাকা ও ধনেপাতা ১২০ টাকা প্রতি কেজি। কাঁচা মরিচ ৪০ টাকা, শুকনো মরিচ ১৫০ টাকা। পেঁয়াজ বিদেশি ২৫ টাকা, দেশি ৩৫ টাকা, রসুন ৮০ টাকা প্রতি কেজি। সরিষার তেল পাঁচ লিটারের বোতল ৫৫০-৫৬০ টাকা, খোলা ১০০ টাকা প্রতি লিটার। পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম ৫৫০-৫৬০ টাকা। লবণ ১৫-২৫ টাকা, বিট লবণ ৮০ টাকা প্রতি কেজি।
কেজিপ্রতি মরিচগুঁড়া ১৬০ টাকা, হলুদগুঁড়া ১৮০ টাকা, আদা ১৬০ টাকা, জিরা ৩৮০ টাকা, ধনেগুঁড়া ২২০ টাকা, গোলমরিচ ৯৫০ টাকা, এলাচি ১২০০ টাকা, লবঙ্গ ১৪৫০ টাকা ও দারুচিনি ২৯০ টাকা।
ইফতার চলবে কিন্তু ফল থাকবে না, তাই কি হয়? কিন্তু ইদানীং ফরমালিন-আতঙ্কে ফল কিনতে মানসিক বল খুঁজে পান না অনেকেই। মাত্র ২০০ টাকায় আপনিও নিতে পারেন একটি ফরমালিন টেস্টার আর ফল কিনতে পারেন নিশ্চিন্তে। বাজারে আম কেজিপ্রতি ৬০-১০০ টাকা, মাল্টা ১৩০ টাকা, পেয়ারা ১২০ টাকা, আনারস ১৫-২৫ টাকা, আপেল ১২০ টাকা, লটকন ৬০-৭০ টাকা, ডেউয়া ৮০ টাকা, কলা ৫০-৬০ টাকা ডজন, জামরুল ৮০ টাকা প্রতি কেজি।
শরবতের জন্য নিতে পারেন বেল, আকারভেদে দাম ৫০ থেকে শুরু, প্রতি কেজি ৫০ টাকা দরে নিতে পারেন তোকমাও। লেবু পাবেন ১৫-৫০ টাকা প্রতি হালি।
সুপার শপ
ছোলা ৬০ টাকা, মুড়ি ৫০ টাকা, চিড়া ৬০ টাকা, খেজুর ২২০-৩৩৬ টাকা, মসুর ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, বুটের ডাল ৭৫ টাকা, মাষকলাই ১১০ টাকা, বেসন ১০০ টাকা, আটা ৩০ টাকা, ময়দা ৪০ টাকা, সুজি ৬০ টাকা, চিনি ৫০ টাকা, আখের গুড় ৭৫ থেকে ৮৫ টাকা, খেজুর গুড় ৯০ টাকা, চালের গুঁড়া ৬৫ টাকা প্রতি কেজি। মুড়ির মোয়া (২০টি) ৫০ টাকা, চিড়া ভাজা (২০০ গ্রাম) ৪৫ টাকা।
প্রতি কেজি পেঁয়াজ ৩৩-৩৬ টাকা, রসুন ৭৭-৮৮ টাকা, আদা ২৯০ টাকা, পুদিনাপাতা ২৮০ টাকা, ধনেপাতা ২২০ টাকা, গোলমরিচ (কালো ৬৮ টাকা, সাদা ১০৫ টাকা প্রতি কেজি), ৫০ গ্রাম জিরা ৩৫ টাকা, এলাচি ২১ টাকা, দারুচিনি ২৫ টাকা। ১০০ গ্রাম চীনাবাদাম ২০ টাকা, পেস্তা বাদাম ১৩৮ টাকা ও খাবার সোডা পাবেন ১৬ টাকায়। কষ্ট করে নারকেল কোরানোর ঝামেলা নেই, ১০০ গ্রাম নারকেলের গুঁড়া পাবেন ৪০ টাকায়।