হোক প্রতিবাদ সর্বত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা রুখতে এগিয়ে আসতে হবে সবাইকে। ছবিটি প্রতীকী l ছবি: প্রথম আলো
নারীর প্রতি সহিংসতা রুখতে এগিয়ে আসতে হবে সবাইকে। ছবিটি প্রতীকী l ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়গুলোতে জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ-বিষয়ক এক কর্মশালায় শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্যাম্পাসে নারীরা কেন যৌন হয়রানির শিকার হন।
এক তরুণের জবাব, ‘রক্ষণশীল পোশাক না পরার জন্য।’
আরেকজন বলেন, ‘কারণ তাঁরা (নারী) খুব বেশি কথা বলেন। তাঁরা অনেক বেশি খোলামেলা।’
দুজনের কথায় আপত্তি জানান এক তরুণী। তাঁর ভাষ্য, ‘না, এটা সত্যি নয়। আমি নম্র, তবু হয়রানির শিকার হই।’
আরেক তরুণী যোগ করেন, ‘পুরোপুরি হিজাব ও জিনস পরার পরও আমি যৌন হয়রানির শিকার হই।’
আরেকজন জানান, তাঁর প্রতিবেশী তিন বছর বয়সী একটি শিশু নিজের ঘরেই ধর্ষণের শিকার হয়েছে।
সহিংসতা থেকে রক্ষা পেতে নারীর কী করা উচিত আর কী করা উচিত না—তা নিয়ে শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের সমাজেও নানা দিকনির্দেশনা দেওয়ার রীতি আছে। দেশ, সংস্কৃতি, ধর্ম, নৃগোষ্ঠী, ভাষাভেদে নারীর পোশাক, আচরণ, কথাবার্তার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়ার চল লক্ষ করা যায়। নারীকে বলা হয়, এসব নির্দেশনা মানলে তাঁদের প্রতি সহিংসতা রোধ করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের এক প্রতিবেদন অনুসারে, বিশ্বে কমপক্ষে ৩৫ শতাংশ নারী শারীরিক বা যৌন হয়রানির শিকার হন। এ বিষয়ে যেসব দেশ নিজেরা জরিপ করেছে, তাতে দেখা যায়, নারীর প্রতি সহিংসতার এই হার অনেক বেশি।
নারীর প্রতি সহিংসতা বিষয়ে ইউএনএফপিএর সহায়তায় ২০১৩ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি জাতীয় জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, ৮৭ শতাংশ বিবাহিত নারী তাঁদের জীবনে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
২০১৩ সালে আটটি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চালায় ইউএন উইমেন। এতে দেখা যায়, ৭৬ শতাংশ নারী শিক্ষার্থী জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন।
২০০৭ সালে ঢাকা শহরে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, অফিসে কাজ করা নারী কর্মীদের ১১ শতাংশ, স্কুলশিক্ষিকাদের ২৯ শতাংশ, পোশাক কর্মীদের ৮৫ শতাংশ এবং দিনমজুর হিসেবে নিয়োজিত নারীদের ১০০ শতাংশই তাঁদের কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক ও যৌন হয়রানির শিকার হয়েছেন।
এই তথ্য এটাই প্রমাণ করে যে, মাতৃমৃত্যু হ্রাস, প্রাথমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সমতা অর্জনসহ জেন্ডারভিত্তিক সমতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করলেও নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে সবাইকে আরও অনেক কিছু করতে হবে। পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।
সমাজে বিদ্যমান গভীর কাঠামোগত অসমতারই বহিঃপ্রকাশ-নারীর প্রতি সহিংসতা। বিষয়টি বাংলাদেশের নারীদের জীবনের অনেক সম্ভাবনাকে সীমিত করে দেয়। দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৪০ শতাংশের কম। পুরুষের ক্ষেত্রে এই হার ৮৫ শতাংশ। শ্রমশক্তিতে অংশ নেওয়া নারীর গড় আয় পুরুষের চেয়ে অনেক কম।
নারীর প্রতি সহিংসতায় জড়িত নন এমন ব্যক্তিরা ভাবতে পারেন, বিষয়টি তাঁদের জন্য কোনো সমস্যা নয়। কিন্তু তাঁদের এই ভাবনা ভুল। সহিংসতার ভীতি অসম-সমাজ তৈরি করে। ওই সমাজে কোনো ক্ষেত্রে নারী সমমর্যাদায় অংশ নিতে পারেন না, পারেন না কোনো অবদান রাখতে। ।
যাত্রীবাহী বাসে আমরা কজন নারীকে দেখি? স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন বা স্থানীয় বাজেট বরাদ্দ-বিষয়ক আলোচনায় কজন নারী তাঁর পারিবারিক চাহিদাসম্পর্কিত তথ্য তোলেন? কজন নারী পাশের যুবকেন্দ্র বা ফুটবল মাঠে যান? কতজন নারী চায়ের দোকানে বসে প্রাণখুলে চা পান উপভোগ করেন? বিকেলে অফিস ছুটির ব্যস্ত সময়ে কজন নারীকে দেখা যায়?
সহিংসতার ভীতি নারীকে সমনাগরিক হওয়া থেকে বিরত রাখে। এটা অস্বীকার করার জো নেই—এতে সবাই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যার সমাধান সব পর্যায় থেকেই হতে হবে।
নারীর প্রতি সহিংসতা বন্ধে ২০০৯ সালে হাইকোর্ট একটি নির্দেশনা জারি করেন। সব কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ওই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। তবে এ ব্যাপারে দুর্বলতা এখনো রয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।
বর্তমানে আলোচনা ও সংসদে পাসের জন্য একটি খসড়া আইন প্রস্তুত আছে। আইনটি পাস হলে তা নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে জোরালো ভূমিকা রাখবে।
তবে আশার কথা হলো, বাংলাদেশের সুশীলসমাজ নিশ্চুপ নয়। পয়লা বৈশাখে নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ সভা-সমাবেশ-মিছিল হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও তীব্র প্রতিবাদ হয়েছে। বাংলাদেশের মানুষ যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার এবং তারা এর অবসান চায়—এসব প্রতিবাদ এরই ইঙ্গিত বহন করে।
এই বিক্ষোভ-প্রতিবাদে আমাদের সবার শামিল হওয়া উচিত। আমাদের বন্ধুরা যদি নারীকে হয়রানি করেন, তার তীব্র প্রতিবাদ করা উচিত। আমাদের চাচা-চাচিরা যদি তাঁদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিতে চান, তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। বাইরের জগৎ নারীর জন্য নিরাপদ করতে আমাদের সবাইকে সক্রিয় হতে হবে।
নারীর প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) প্রচার-কর্মসূচি উপলক্ষে ইউএনএফপিএ ও ইউএন উইমেনের যৌথ নিবন্ধ থেকে অনূদিত।