ক্লাসে চুপচাপ বসে আছি। পুরো ঘর গমগম করছে। মনে হচ্ছে আমি একা। ছুটির হোমওয়ার্ক করতে কীভাবে ভুলে গেলাম নিজেও জানি না। স্যার যখন বন্ধের আগের দিন বন্ধের হোমওয়ার্ক দিচ্ছিলেন, তখন আমার উচ্ছ্বাসই ছিল সবচেয়ে বেশি। অথচ সেই আমিই কিনা ভুল মেরে বসে আছি! এই শীতের মধ্যে কুলকুল করে ঘামতে লাগলাম।
অবশেষে স্যার ক্লাসে এলেন। আমার হার্টবিট তখন লিনকিন পার্কের মেটাল সংকেতকেও হার মানাবে, এমন অবস্থা। স্যার ক্লাসে এসে শুরুতেই আমাকে ডাকলেন। দুরুদুরু বুকে সামনে গেলাম। স্যার জিজ্ঞেস করলেন, হোমওয়ার্ক করেছিস? আমি শুকনো মুখে হ্যাঁ-না কী বললাম, বোঝা গেল না। স্যার বললেন, আমি জানি তুই করেছিস। তোরটা দেখানো লাগবে না। তুই বরং সবার খাতা জমা নে। কে করেনি, সেটাও আমাকে বলবি। চাবকে সিধে করব আজ সবগুলাকে। আমি গম্ভীর মুখে বললাম, জি স্যার অবশ্যই। এটা কোনো ব্যাপার হলো! হোমওয়ার্ক না করে পালাবে কোথায়? আমি আছি না!
মোহাম্মদ ইমরান
চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।