কক্সবাজারের পেকুয়া উপজেলার হোমিও চিকিৎসক হারাধন দাশ হত্যামামলায় পাঁচ মাসেও কোনো অগ্রগতি নেই। ধরা পড়েনি মূল হোতারা। হত্যাকাণ্ডের পর বাজারের দুই পাহারাদারকে গ্রেপ্তার করা হলেও সম্প্রতি তাঁরাও জামিনে বেরিয়ে এসেছেন।গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত গলায় গামছা পেঁচিয়ে কবির আহমদ চৌধুরী বাজারের হোমিও চিকিৎসক হারাধান দাশকে হত্যা করে। এ সময় তিনি তাঁর চেম্বার ন্যাশনাল হোমিও হলেই অবস্থান করছিলেন। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি সাতকানিয়ার নয়াহাট গ্রামে তাঁকে দাহ করা হয়। এ ঘটনায় তাঁর পুত্র বাবলা দাশ বাদী হয়ে পেকুয়া থানায় হত্যামামলা দায়ের করেন। এতে কাউকে আসামি করা হয়নি।মামলার বাদী বাবলা দাশ বলেন, ‘সাড়ে পাঁচ মাস চলে গেল, এখনো জানতে পারলাম না আমার বাবাকে কারা হত্যা করেছে। দুর্বৃত্তরা তাঁকে কেন টার্গেট করেছে বিষয়টিও আমাদের কাছে খোলাসা নয়। আমাদের ধারণা এখনো মূল হোতাকে চিহ্নিতই করতে পারেনি পুলিশ।’ থানা সূত্র জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, গলায় শক্ত কিছু প্যাঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশ বাজারের পাহারাদার আবুল খায়ের (৪৫) ও শাহ আলমকে (৩৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সম্প্রতি তাঁরা আদালত থেকে জামিন পান।পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ জানান, ১০ বছর ধরে হোমিও চিকিৎসক হারাধন দাশ এ অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকতা নুর-ই খাজা আলামীনকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো মামলার দৃশ্যমান অগ্রগতি নেই। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘সন্দেহভাজনদের কললিস্টসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাই করছি। এ মামলার তদন্তে কক্সবাজার গোয়েন্দা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহযোগিতা করছে। মামলাটি এখনো তদন্তাধীন। আশা করি, শিগগির প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।’