হোয়াইটওয়াশড টাইগারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: তুলি
অাঁকা: তুলি

দ্য নিউ রয়েল বেঙ্গল সার্কাস পার্টি গেছে ওয়েস্ট ইন্ডিজে, মানে সেই ক্যারিবিয়ান মুলুকে। গিয়েই পড়েছে ফ্যাসাদে! খেলা কী দেখাবে, পাইরেট মানে জলদস্যুদের কবলে পড়ে অবস্থা নাকাল! সার্কাস দলের কোচ পাথুরেসিংহের খুব টেনশনের বাতিক। নাম পাথুরেসিংহে হলে কী হবে, মনটা তাঁর আইক্লাউডের মতোই দুর্বল! যেকোনো সময় যে কেউ হ্যাক করে ফেলতে পারে। আর হ্যাক হলেই দফারফা! এমনিতে তাঁর দলের বাঘগুলো বেশি কথাটথা শোনে না। তার ওপর এমন পরিস্থিতিতে একেবারে লেজেগোবরে অবস্থা। পাথুরেসিংহে দিনে তিন বেলা নিজের কান নিজে মলে দেন! অনেক আশা নিয়ে খোদ সুন্দরবনের বাঘ দিয়ে খেলা দেখাবেন বলে সার্কাস দলটার কোচ হয়েছিলেন। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে সে আশার গুড়েবালি!
তার পরও শো তো আর বাতিল হতে পারে না। শো মাস্ট গো অন। কিন্তু প্রতিদিনই পাইরেটরা বাঘদের এমন নাকানি–চুবানি খাওয়াতে শুরু করল যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! একদিন সকালবেলা, শো শুরু হয়েছে; বাঘদের পারফরম্যান্স যা–তা! দর্শক হতাশ। পাথুরেসিংহে খালি কপাল চাপড়ান। অন্যদিকে পাইরেটরা হা রে রে রে বলে উঠে পড়ল মঞ্চে। ওদের মধ্যে এক হোমরাচোমরা গোছের নেতা এসে পাথুরেসিংহকে বলল, ‘ভাই সাহেব, আপনারা তো আমাদের গেস্ট। অসম্মান করা যায় না। তো আসেন, আমরা আপনাদের বাঘদের দিয়ে ডাক, মানে হাঁস খাওয়ানোর একটা কম্পিটিশন করি।’ পাথুরেসিংহে আর কী বলবেন, কাষ্ঠহাসি হেসে বলেন, ‘অবশ্যই অবশ্যই, আপনারা বলেছেন। এই কী বলিস তোরা?’ এমনিতে বাঘেদের পেটে খিদে, তার ওপর ডাক খাওয়ার লোভনীয় অফার। চোখগুলো চকচক করে উঠল তাদের।
শুরু হলো ডাক খাওয়ার খেলা। পাইরেটরা শূন্যে ডাক, মানে হাঁস ছুড়ে দেয়। আর বাঘেরা লাফিয়ে উঠে খপখপ করে ধরে কপকপ করে খেয়ে ফেলে। খেয়ে মুখ মুছতে মুছতে ডাগআউটে এসে গা এলিয়ে দেয়। আর ফেসবুকে পোস্ট দেয়, ‘ইটিং ডাক উইথ গাইজ!’ সব বাঘের কপালে অবশ্য ডাক জোটে না। কেউ কেউ সারা দিন লাফ–ঝাঁপ দেয়, ডাক কেবল শূন্যে ভেসে ভেসে চলে যায় ‘সীমানার বাইরে’! দিন শেষে তারা ক্লান্তি কাটানোর জন্য ‘এ জীবন রাখব না’ টাইপ মুখ করে লাফিয়ে পড়ে সমুদ্রে।
এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। পাইরেটরাও বেশ মজা পেয়ে গেছে ডাক খাওয়ানোর খেলায়। বাঘেরাও মুখিয়ে থাকে কখন ডাক খাবে! তত দিনে শোয়ের বারোটা বেজে গেছে। পাথুরেসিংহের মাথার চুলও আর অবশিষ্ট নেই। কিছু বলতেও পারেন না, সইতেও পারেন না। ওদিকে বাংলাদেশে বসে দ্য নিউ রয়েল বেঙ্গল সার্কাস পার্টির মালিক তত দিনে খবর পেয়েছেন, ওয়েস্ট ইন্ডিজে বাঘেরা ডাক খাওয়ার খেলা শুরু করেছে। মাথায় হাত দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ওই মাথার ওপরেই একটা ১০০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব জ্বলে উঠল! পরের ফ্লাইটেই উড়ে গেলেন ঘটনাটা দেখতে। গিয়ে তাঁর চক্ষু–কর্ণের বিবাদ ভঞ্জন হলো। আবার মাথায় হাত দিতে যাচ্ছিলেন। কিন্তু বাঘেরা যখন সমুদ্রে দাপাদাপি করে সৈকতে উঠছে, তখনই তার চোখ গেল সমুদ্রের পানিতে। সামনে গিয়ে দেখেন, সমুদ্রের পানির রং অরেঞ্জ জুসের মতো হলুদ! এক সহকারীকে ডেকে বললেন, ‘পানি হলুদ কেন?’ সহকারী তার হলদেটে দাঁত বের করে বলল, ‘বস, পানি লেগে বাঘগুলার গায়ের রং ধুয়ে গেছে। তাই পানি হলুদ দেখাচ্ছে। দেখেন না বাঘদের গায়ের রংও কেমন সাদা হয়ে যাচ্ছে!’ সার্কাস দলের মালিক রহস্যময় হাসি হেসে বললেন, ‘একটা বালতি, মানে বাকেট নিয়ে আয়। আইস বাকেট চ্যালেঞ্জ শেষ, এবার হবে টু পাইস বাকেট চ্যালেঞ্জ!’
পরদিন সকাল থেকেই সার্কাস দলের তাঁবুর পাশে একটা শরবতের দোকান দেখা গেল। দোকানের নাম—দ্য নিউ রয়েল বেঙ্গল শরবত! দুই টাকায় এক গ্লাস। বিক্রি হতে লাগল ধুমসে। ক্যারিবিয়ান মুলুকে পড়ে গেল তুমুল হইচই। মানুষ লাইন ধরে শরবত কিনে খায়। ঢেকুর তুলতে তুলতে বলে, ‘দুই টাকার জিনিস, লাখ টাকার ফায়দা।’
সার্কাস দলের মালিকের মুখে ফিচেল হাসি। পকেট তার বেজায় গরম! এতই গরম যে সেখানে কাঁচা ভুট্টা রেখে দিলে পপকর্ন হয়ে বেরোয়! বাঘের খেলা দেখিয়ে পয়সা করতে না পারলেও বাঘগুলোকে হোয়াইটওয়াশ করানো হলুদ শরবত বেচে তিনি লালে লাল! তত দিনে বাংলাদেশ থেকে একটার পর একটা ফোন যেতে শুরু করল বাঘদের কাছে। ফোন ধরলেই ওপাশ থেকে বলে, ‘ভাই, আপনি আমাদের ফেয়ারনেস ক্রিমের মডেল হন না, প্লিজ!’ বাঘদের কেউ কেউ বলে, ‘বয়স তো কেবল ২৩, এখন মডেল না হলে কখন?’