হোলাই কালো থেকে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শতাব্দী। বৌদ্ধ পইিণ্ডত ইজিং এসেছিলেন ভারতের নালন্দায়। তাঁর ভ্রমণকাহিনিতেই প্রথম ‘হোলাই কালো’র উল্লেখ পাওয়া যায়। সেই হোলাই কালো বা হরিকেলই আজকের চট্টগ্রাম। তারও আগে দ্বিতীয় শতাব্দীতে গ্রিক-রোমানদের কাছে চট্টগ্রাম বন্দর পরিচিত ছিল পেন্টাপলিশ (পাঁচ নগরের মিলনকেন্দ্র) নামে। আরবরা নাম দিয়েছিল ‘সমন্দর’। ইবনে বতুতার বর্ণনায় ‘সুদকাওয়া’ বা ‘সাত্তিজাম’। শুধু তাই নয়, এ অঞ্চলের ছিল স্বতন্ত্র মুদ্রা, নৌযান নির্মাণ ও পরিচালনার অনন্য কৌশল। চট্টগ্রাম বন্দরের বাণিজ্যপথ বিস্তৃত ছিল দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও লোহিত সাগর পর্যন্ত। গত শুক্রবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে ‘দ্য ডেইলি স্টার-হেরিটেজ চাটিগ্রাম হিস্ট্রি কনফারেন্স’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ ও ভারতের ইতিহাসবিদেরা জানালেন এসব তথ্য। ডেইলি স্টার-এর ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবকে সামনে রেখে আয়োজন করা হয় দুই দিনের আলোচনা অনুষ্ঠান। গত শুক্র ও শনিবার দুই দিনে মোট চারটি অধিবেশনে ইতিহাসবিষয়ক ১২টি প্রবন্ধ উপস্থাপন করেন গবেষকেরা। বন্দর নগরের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে সম্মেলনে বক্তারা বলেন, ‘অবিলম্বে এ অঞ্চলের স্থানীয় ঐতিহ্যিক জ্ঞান (লোকাল ইনডিজেনাস নলেজ) ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ প্রয়োজন। তা না হলে কালের গর্ভে হারিয়ে যাবে চট্টগ্রামের বৈচিত্র্যময় বর্ণিল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ স্মারক।’ সম্মেলনের প্রথম দিনে ‘দ্য ডেইলি স্টার-আবদুল করিম সাহিত্য বিশারদ স্মারক’ বক্তব্য দেন ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণবীর চক্রবর্তী। তিনি বলেন, ‘চট্টগ্রামের ইতিহাস সবকিছু ছাপিয়ে মানুষে মানুষে যোগাযোগের ইতিহাস। জাতি-রাষ্ট্র গড়ে ওঠার আগে এ জনপদ গড়ে উঠেছিল পাঁচটি ভৌগোলিক অঞ্চল নিয়ে। সে সময়ের হরিকেল হলো আজকের চট্টগ্রাম। কোনো রাজকীয় শাসকের নাম ছাড়া শুধু এলাকার নামেই হরিকেল মুদ্রার প্রচলন ছিল। সে সময়ের বিবেচনায় এ দৃষ্টান্ত বিরল।’ প্রথম দিনের অধিবেশনে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিয়ে ইউরোপের বণিকেরা চট্টগ্রামে এসেছিলেন। প্রাচীনকাল থেকেই পূর্ববঙ্গের ব্যবসা-বাণ্যিজের কেন্দ্র ছিল চট্টগ্রাম।’দুই দিনের সম্মেলনে চট্টগ্রাম বন্দরের ইতিহাস, হরিকেলে দেব শাসকদের সময়কাল, প্রশাসনিক কাঠামো, বাণিজ্যবিস্তার, সুলতানি বাংলা, ধাও-জাংক আর বালাম নামের নৌযানের সমুদ্রযাত্রা, কৃষি, যোগাযোগব্যবস্থা, মোগল স্থাপত্যসহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। কেন এই ইতিহাসের সন্ধান। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তা-ও জানিয়েছেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক ইতিহাস নিয়ে আমরা গর্বিত হলেও প্রাচীন ইতিহাস এখনো অবহেলিত। চট্টগ্রাম শহর যে ১৪০০ বছরের পুরোনো তা-ই বা কজন জানেন। তাই অদম্য চট্টগ্রাম উৎসবের প্রথম আয়োজন ইতিহাস নিয়েই। এর মাধমে আমরা ইতিহাস যেমন জানব, তেমনি ভবিষ্যতের দিক নির্দেশনাও খুঁজব।’ শুক্র ও শনিবার এ দুই দিনই আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ও নজরুল স্মরণে পরিবেশন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।