হোস্টেল কি বন্দী খাঁচা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনাদের তারে জামিন পার সিনেমার ঈশানের কথা মনে আছে? ঈশান। সেই দুষ্টু ছেলেটি, মায়ের চারপাশেই ছিল তার সারা দিনের খুনসুটি। যে ভয় পেত অন্ধকারে, কখনো চায়নি মা-বাবার কাছ থেকে দূরে যেতেও। মাকে সে কতটা ভালোবাসে, সে টের পেয়েছিল হোস্টেল-জীবনে এসে। অনেক বন্ধুর মধ্যেও সে ছিল একা। হোস্টেলে দেওয়ায় মা-বাবার প্রতি তার জমে উঠেছিল পাহাড়সমান অভিমান।

মা-বাবারা শিশুর উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ঈশানের বয়সী অনেক শিশুকেই হোস্টেলে পাঠান। হয়তো সে শিশুটি এগিয়ে যায় জীবনের পথে, কিন্তু বাস্তবে কি আনন্দের হয় তাদের শৈশব? নাকি তাদের মনে ক্রমে পুঞ্জীভূত হয় মা-বাবার প্রতি অভিমান? শিশুটির শিশুমনের এমন ভুল ধারণা ভেঙে দেওয়ার দায়িত্ব কিন্তু মা-বাবারই। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের জয়নুল আবেদীন হাউসের হাউস টিউটর ফাতেমা জোহরা জানান, যেকোনো বয়সেই শিশুকে হোস্টেলে দেওয়া যেতে পারে। যে শিক্ষাপ্রতিষ্ঠানের যে রকম সুবিধা, মা-বাবারা শিশুদের সে অনুযায়ী রাখতে পারেন। তবে তাঁদের দায়িত্ব হলো শিশুর মনে জীবনে বড় হয়ে ওঠার একটি স্বপ্ন বুনে দেওয়া। সে স্বপ্নের সঙ্গে যোগ করে দিতে হবে হোস্টেল-জীবনকে। হোস্টেল তার জন্য জীবনপাঠের একটি বড় পাঠশালা—এ বিষয়টিও শিশুটিকে বন্ধুর মতো বুঝিয়ে বলতে হবে।

সব মা-বাবাই চান তাঁদের সন্তান কাছে থাকুক। কর্মজীবী মা-বাবাদের পক্ষে একটি শিশুর পড়ালেখার বিষয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা সম্ভব হয় না। স্কুলে সময়মতো আনা-নেওয়া ছাড়াও শিশুটিকে বাসায় একা রাখার দুশ্চিন্তা তো রয়েছেই। সেদিক থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো মানের একটি হোস্টেল শিশুটিকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা কমিয়ে দিতে পারে। এটি অনেকটাই নির্ভর করে হোস্টেলের যিনি তত্ত্বাবধায়ক, তাঁর আন্তরিকতার ওপরও। জানান ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আকীফ রহমানের বাবা আশিকুর রহমান।

একটি শিশু হোস্টেল থেকে অনেক কিছু শিখতে পারে। সময়মতো ঘুম থেকে ওঠা, সময়মতো খাবার খাওয়া, ঠিক সময়ে সবার দেখাদেখি পড়াটা তৈরি করে রাখা, খেলাধুলা, ঠিক সময়ে ঘুমাতে যাওয়ার মতো নিয়মানুবর্তিতার চর্চা তাকে ভবিষ্যৎ জীবনের জন্য দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। হোস্টেলে শিশুরা সমবয়সী অনেকের সঙ্গে মেশার সুযোগ পায়। তাদের মধ্যে দলগতভাবে মিলেমিশে কাজ করা, নিজের কাজ নিজে করা এবং কোনো সুবিধা ভাগাভাগির মতো মানসিকতাও গড়ে ওঠে। এ বিষয়গুলোর পাশাপাশি মা-বাবাকেও ভাবতে হবে তাঁদের শিশুটি যেন হোস্টেলে দেওয়ার কারণে নিজেকে বঞ্চিত মনে না করে। এ বিষয়ে ঢাকার একটি প্রতিষ্ঠিত স্কুলের হোস্টেল সুপার কিছু পরামর্শ দিয়েছেন।

l         একটি শিশুকে হোস্টেলে দেওয়ার আগে গল্পচ্ছলে তার মধ্যে হোস্টেল সম্পর্কে একটি ইতিবাচক ধারণা দিতে হবে।

l         হোস্টেল কোনো বন্দীশালা নয়, বরং হোস্টেল হচ্ছে বন্ধু ও সহপাঠীদের নিয়ে একসঙ্গে জীবনের কিছু সুন্দর সময় পার করা। জীবনের এই অভিজ্ঞতা বাসায় থাকলে অর্জন সম্ভব নয়—এভাবে শিশুটিকে বোঝানো যেতে পারে।

l         শিশুটিকে হোস্টেলে রেখে আসার মুহূর্তটিতে যেন মা-বাবার কোনো কান্নাকাটি বা মানসিক দুর্বলতা প্রকাশ না পায়, যেটা দেখে শিশুটির মন খারাপ হয়ে যাবে। ফলে হোস্টেল সম্পর্কে তার মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

l         ‘হোস্টেলে থাকা মানেই তুমি আমাদের থেকে দূরে চলে যাচ্ছ না, বরং নতুন নতুন বন্ধু পাবে’—এভাবেও বোঝানো যেতে পারে।

l         শিশুটিকে হোস্টেলে দিয়ে মা-বাবাকেও সচেতনভাবে কিছু দায়িত্ব পালন করতে হবে। প্যারেন্টস ডেগুলোয় সব সময় উপস্থিত থাকতে হবে। শিশুটির জন্মদিনসহ অন্য বিশেষ দিনগুলো কোনোভাবেই ভুলে যাবেন না। দেখা করে শুভেচ্ছা জানানো সম্ভব না হলে তাকে উপহার পাঠিয়ে চমকও দিতে পারেন মাঝেমধ্যে।

l         শিশুটি ছুটিতে বাড়িতে এলে তাকে পরিবারের একজন সদস্য হিসেবে গুরুত্ব দিন। তার সঙ্গে পারিবারিক যেকোনো বিষয়ে আলোচনা করুন। তার মতামতকে গুরুত্ব দিন। তার হোস্টেল-জীবনের মজার মজার অভিজ্ঞতাগুলোরও ভাগীদার হোন।