হ্নীলায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার বিভিন্ন স্থানে পানি জমছে। এতে শিক্ষার্থী ও পথচারীসহ সাধারণ লোকজনের দুর্ভোগ বাড়লেও কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।
বৃষ্টি হলেই হ্নীলার বাস স্টেশন, বাজার ও হাসপাতাল সড়ক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে ময়লা পানি ডিঙিয়ে চলাচল করতে হয় পথচারীদের। গত সোমবার সকালে সরেজমিনে হাসপাতাল সড়কে গিয়ে দেখা গেছে, নালা উপচে ময়লা পানি ও কাদা ছড়িয়ে আছে সড়কের ওপর।
বৃষ্টির পর টেকনাফ ডিগ্রি কলেজ, উখিয়া ডিগ্রি কলেজ, হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নাকাল হন।
হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাসলিমা আকতার নিয়মিত এই সড়ক দিয়ে চলাচল করে। প্রশ্ন করলে সে বলে, চলন্ত গাড়িগুলো সড়কে জমে থাকা পানি ছিটিয়ে চলে যায়। এ কারণে এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে জামা-কাপড় নষ্ট হয়।
সড়কের পানি সরতে না পারায় ঢুকছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে।
হ্নীলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির আহমদ বলেন, গত কয়েক দিনের বৃষ্টিপাতে প্রধান সড়কের বাজার, স্টেশন ও হাসপাতালসহ কয়েকটি স্থানে হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে।
নালাগুলো ভরাট হয়ে ময়লা পানি সড়কে উপচে পড়ছে। পাশাপাশি দোকানেও ঢুকে পড়ছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শঙ্কর চন্দ্র দেবনাথও জলাবদ্ধতাকে দুর্ভোগ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, সড়কে ময়লা-আবর্জনা জমে থাকায় রোগীরা খুব দুর্ভোগ পোহাচ্ছে।
জানতে চাইলে হ্নীলা ইউপি চেয়ারম্যান মীর কাশেম বলেন, বৃষ্টির পানির সঙ্গে মাটি নেমে আসায় নালা ভরাট হচ্ছে। পরিষ্কার করলেও আবার তা ভরে যাচ্ছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ সমস্যা দূর করার চেষ্টা চলছে।