হ্যাঁ ভাই, আসিতেছে...মহাসমারোহে... ঈদুল ফিতর...ঈদুল ফিতর...ফিতর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহা! কী মজা রে! ঈদ আসছে। প্রতিবছরই আসে। ঈদ তো হ্যালির ধূমকেতু না যে ৭৫ বছর পর পর আসবে। ঈদের ভাবই আলাদা। এই ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দেবেন। টিভি চ্যানেলগুলো ৮-১০ দিনব্যাপী ‘বিশেষ অনুষ্ঠান’ প্রচার করবে, যে অনুষ্ঠান দেখতে হলে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো অসংখ্য বিজ্ঞাপন অতিক্রম করতে হবে। সিনেমা হলগুলো মুক্তি দেবে ‘ঈদের বিশেষ ছবি’ (মূলত সেখানে নায়ক-নায়িকা আর ভিলেনের বিশেষ পোজ দেওয়া ছবি থাকবে)। পত্রিকাগুলো প্রকাশ করবে বিজ্ঞাপনে পরিপূর্ণ বিশেষ ঈদসংখ্যা। আরও কত কী! ঈদ নিয়ে চারদিকে এত কিছু হচ্ছে, আর রস+আলো বাহিনী ঝিম মেরে বসে থাকবে, তা কিছুতেই হতে পারে না। অতএব, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এটিই রস+আলোর ঈদসংখ্যা। এই রস+আলোয় যা কিছু আছে (শর্ত প্রযোজ্য) তার সবই ঈদবিষয়ক। কিন্তু শুধু কথায় যেমন চিঁড়ে ভেজে না, তেমনি শুধু লেখাতে পাঠকের মন ভেজে না। পাঠকেরা খুবই আবেগপ্রবণ। এমনিতেই রস+আলো পড়ে তাদের রাগের কোনো ঠিক-ঠিকানা থাকে না, তার ওপর বিশেষভাবে ঈদের শুভেচ্ছা না জানালে তাদের রাগের মাত্রা আরও বেড়ে যেতে পারে। তা ছাড়া শুভেচ্ছা জানাতে তেমন কোনো টাকা-পয়সাও লাগে না। অতএব, ‘প্রিয় পাঠক, রস+আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের বিশেষ শুভেচ্ছা...ঈদ মোবারক।’