হ্যাকাথন কথন

নিবন্ধনের সময় প্রত্যেক প্রতিযোগীর হাতে একটি করে রঙিন কাগজ তুলে দেওয়া হয়েছিল। ‘ভবিষ্যতে তোমার বাংলাদেশকে কোথায় দেখতে চাও’—এই প্রশ্নের উত্তর লিখে কাগজের উড়োজাহাজ বানাতে হবে। না, কার উড়োজাহাজ কত উঁচুতে উঠল, এমন কোনো প্রতিযোগিতা হ্যাকাথনে ছিল না। তবু দৃশ্যটা একবার কল্পনা করুন—নানান রঙের উড়োজাহাজ উড়ছে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, যার গায়ে লেখা বাংলাদেশ নিয়ে তরুণদের একেকটা রঙিন স্বপ্ন!
বলছিলাম গত ১৯ ও ২০ এপ্রিল হয়ে যাওয়া পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৭-এর কথা। মূল আয়োজক ছিল সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মূলত সাতটি ক্যাটাগরিতে তরুণদের কাছে ‘আইডিয়া’ আহ্বান করা হয়। শুধু আইডিয়া দিয়েই শেষ নয়, বানাতে হবে প্রোটোটাইপ বা নমুনাও। আর এর সব কিছুর জন্য সময়? টানা ৪৮ ঘণ্টা। বসুন্ধরার কনভেনশন সেন্টারে টানা ৪৮ ঘণ্টা অবস্থান করেছিলেন দেশের নানা প্রান্ত থেকে আসা ১৬৮টি দলের প্রায় ৯০০ তরুণ। কোডিং, খাওয়া, ঘুম, প্রেজেন্টেশন—সবই এখানে। তবে প্রতিযোগিতা ছাড়াও কাগজের প্লেনে স্বপ্ন ওড়ানোর মতো মজার সব অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছেন প্রতিযোগীরা। তাঁদের দেওয়া ভাবনা আরও ঝালিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছেন বেশ কয়েকজন মেন্টর। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ছাড়াও শিক্ষার্থীরা মেন্টর হিসেবে থাকার সুযোগ পেয়েছেন।

কী কী ছিল পুরো আয়োজনে? বিস্তারিত কথা হলো হ্যাকাথনের একজন মেন্টর ফাতিন হাসনাত চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, উদ্বোধনের পরপরই যার যার ক্যাটাগরিতে নিজেদের আইডিয়া নিয়ে কাজে লেগে পড়ে দলগুলো। কিছুক্ষণ পরেই শুরু হয় প্রথম বিচারকার্য। কার আইডিয়া কত মজবুত, তা যাচাই করা হয় এই সময়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হতে না হতে সবাই ব্যস্ত যার যার আইডিয়া নিয়ে। কোডিং কিংবা প্রোটোটাইপিং করে ভাবনাগুলোকে বাস্তবিক রূপ দিতে চেষ্টা করেছেন অংশগ্রহণকারীরা।
মোট চার ধাপে এই হ্যাকাথনের বিচারকার্য সম্পন্ন হয় বলে জানালেন ফাতিন। মজার ব্যাপার হলো, দ্বিতীয় ধাপের বিচারকার্য শুরু হয়েছিল রাত ১১টায়। এর পরপরই প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছিল আরেক চমক। রাত ১২টার পর হঠাৎ মঞ্চ থেকে ঘোষণা এল, ‘আজ আমাদের সবার জন্মদিন! আমরা সবাই এখন কেক কাটব।’ দুজন প্রতিযোগীও পাওয়া গেল, যাঁদের সত্যিই সেদিন জন্মদিন ছিল। মঞ্চে সেই দুজনকে সঙ্গে নিয়েই কেক কাটা হলো। সবাই মিলে খাওয়াদাওয়ার পর্ব চুকিয়ে আবার যে যার মতো ব্যস্ত হলেন নিজেদের কাজে।
এদিকে রাত যত বাড়ে, সারা দিনের ধকলে শিক্ষার্থীদের চোখের পাতা ততই বুজে আসতে চায়। কী করা যায়? মঞ্চে গিটার নিয়ে হাজির আয়োজকদের কজন। ‘যারা গান গাইতে পারেন, চলে আসুন।’ এই আহ্বানে বেশ কয়েকজনকে পাওয়া গেল। গভীর রাত পর্যন্ত চলল গানবাজনা। নিঃসন্দেহে এই হ্যাকাথন শুধু আইডিয়া, কোডিং বা প্রোটোটাইপিংয়ের নয়। এর বাইরেও আনন্দের যথেষ্ট উপলক্ষ ছিল শিক্ষার্থীদের জন্য। এসবের ফাঁকে দু-তিনটি চেয়ার এক করে, টেবিলের ওপরে কিংবা একটু দূরে এক কোনায় আধশোয়া হয়ে খানিকটা বিশ্রাম নিয়ে নিয়েছেন কেউ কেউ।
হ্যাকাথনের নলেজ পার্টনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসাব) ইনোভেশন সেন্টারের নির্বাহী পরিচালক আরিফ রায়হান মাহি বলেন, ‘হ্যাকাথন করার মূল উদ্দেশ্য ছিল তরুণদের কাছ থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অভিনব সব আইডিয়া বের করে আনা। আর সেই আইডিয়া বের করে আনতে আমরা চেষ্টা করেছি গতানুগতিক প্রতিযোগিতার বাইরে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে, যেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের আইডিয়া তুলে ধরতে পারেন।’