হ্যাচারির বর্জ্যে দূষিত হচ্ছে সাগর-উপকূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র উপকূলে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চিংড়িপোনা উৎপাদনকারী ৫২টি হ্যাচারিতে বিষাক্ত বর্জ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। বর্জ্য ফেলা হচ্ছে সাগরে। ফলে সমুদ্রের পানি দূষিত হয়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। দেখা গেছে, শহরের কলাতলী, উখিয়ার সোনারপাড়া ও টেকনাফের মহেশখালীয়াপাড়া সমুদ্র উপকূলে ১৯৯৪ সালের পর থেকে ৫২টি বাগদা চিংড়িপোনা উৎপাদনের হ্যাচারি স্থাপন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এসব হ্যাচারিতে প্রতিবছর প্রায় ৯০০ কোটি পোনা উৎপাদিত হচ্ছে। এসব পোনায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় তিন লাখ হেক্টরের চিংড়ি চাষ হচ্ছে। গভীর সাগর থেকে বিশেষ জাহাজের মাধ্যমে ধরে আনা মা-চিংড়ি হ্যাচারিতে সংরক্ষণ করে পোনা উৎপাদন করা হলেও বিষাক্ত বর্জ্য সংরক্ষণের উদ্যোগ কোনো হ্যাচারিতে নেই। পাইপ লাইনের মাধ্যমে এসব বর্জ্য সাগর ও আশপাশের ফসলি জমিতে ফেলা হচ্ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হ্যাচারির মালিক বলেন, সমুদ্র উপকূলে যখন হ্যাচারি স্থাপন করা হচ্ছিল, তখন এখানে পরিবেশ অধিদপ্তর ছিল না। ফলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হ্যাচারি স্থাপন করতে হয়েছে। তখন বর্জ্য শোধনাগারের বিকল্প ব্যবস্থাও করা হয়নি। এখন সাগরের পানি যেন দূষিত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৯০ কিলোমিটার সমুদ্র উপকূলে স্থাপিত ৫২টি হ্যাচারির কোনোটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) নেই। এ কারণে ৫২টি হ্যাচারি মালিককে দ্বিতীয়বারের মতো নোটিশ পাঠানো হয়েছে। চলতি এপ্রিলের মধ্যে ইটিপি স্থাপনসহ নোটিশের জবাব না দিলে হ্যাচারি মালিকদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে হ্যাচারি মালিকদের সংগঠন ‘শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (সেব) সভাপতি মো. রইচ উদ্দিন বলেন, ‘হ্যাচারি বর্জ্য বা বিষাক্ত রাসায়নিক মোটেও সমুদ্রের পানি দূষিত করছে না। কারণ, হ্যাচারি বর্জ্য মাটিতেই পুঁতে ফেলা হচ্ছে। তার পরও পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য প্রতিটি হ্যাচারিতে ইটিপি চালু করা হচ্ছে। ইটিপি স্থাপন করা ব্যয়বহুল ব্যাপার। গত মৌসুমে হ্যাচারিগুলোতে বিপুল পরিমাণ লোকসান গেছে। এ কারণে ইটিপি স্থাপনে দেরি হচ্ছে।’