হ্যানোভারের সিবিট মেলা
কম্পিউটার প্রযুক্তির সৃষ্টি থেকে তার ক্রমবিকাশ ও বিবর্তনের ধারা মানুষের সমাজজীবনকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, সেই শেষ কথা বলার সময় হয়তো কখনোই হবে না। জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা তাই বরাবরের মতো এবারও দেখাল প্রযুক্তির ঝলক।পৌনে দুই লাখ বর্গমিটার জায়গাজুড়ে ৫ থেকে ৯ মার্চ হয়ে গেল ২৭তম সিবিট মেলা। মেলা পল্লির ২৬টি বিশাল হলে এই আয়োজনে অংশ নিয়েছিল ৭০টি দেশের চার হাজার ১০০ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। আর মেলায় হাজির হয়েছিল ১২০টি দেশের প্রায় দুই লাখ ৮০ হাজার মানুষ।হ্যানোভারের সিবিট মেলাতেই সাধারণত নতুন ও আগামী দিনে আসছে এমন প্রযুক্তির প্রর্দশন হয়ে থাকে। আর আউটসোর্সিং কাজের বড় যোগাযোগ বা চুক্তি এই মেলাতেই হয়ে থাকে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জানান, তথ্যপ্রযুক্তির প্রসার পৃথিবীব্যাপী মানুষের কল্যাণে ব্যবহারের প্রতি সব দেশের সরকার ও রাজনীতিকদের সচেতন হতে হবে। প্রযুক্তির ভাষা হতে হবে আরও সহজ। উদ্বোধনী অনুষ্ঠানে এবারের মেলার সহযোগী দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক উপস্থিত ছিলেন। যে চারটি বিষয়ে এই মেলার সব আয়োজন দেখা গেছে, সেগুলো হলো সিবিট প্রো, সিবিট লাইফ, সিবিট ল্যাব আর সিবিট গভর্নমেন্টসিবিট প্রোসিবিট প্রো অংশে ক্রেতা আর বিক্রেতাদের স্বার্থে ব্যবসায়িক সমাধান, ডিজিটাল নিরাপত্তা ও সমাধান এবং এ-সম্পর্কিত মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এখানে প্রদর্শকেরা দেখিয়েছেন ব্যবসার রূপান্তর, প্রাতিষ্ঠানিক অ্যাপ্লিকেশনস, লজিস্টিক সফটওয়্যার সলিউশন, ব্যবসা বিশ্লেষণ, ওয়েব সিটি ইন্টারনেট সমাধান এবং সফটওয়্যার ও সিস্টেম ব্যবস্থাপনার নানা বিষয়। এ ছাড়া ছিল নিরাপত্তা, ব্যবসায়িক যোগাযোগ, ব্যাংকের কাজে প্রযুক্তির ব্যবহার, ক্লাউড কম্পিউটিং, ওপেন সোর্স সলিউশন, হার্ডওয়্যার ও মাল্টিমিডিয়া সলিউশন।সিবিট লাইফসিবিট লাইফে প্রদর্শকেরা দেখিয়েছেন স্বাস্থ্য, বিনোদন, গ্রাফিকস ডিজাইন, মোবাইল অ্যাপস ইত্যাদি। এখানে এসেছে মানুষের দৈনন্দিন জীবনে যে প্রযুক্তিগুলো অহরহ ব্যবহূত হচ্ছে, সেগুলোই উঠে এসেছে এখানে। তবে বেশি নজর দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে। দৈনন্দিন জীবনে কাজে লাগে, স্মার্টফোনের এমন নানা অ্যাপ্লিকেশনও দেখা গেছে মেলায়।সিবিট ল্যাবসিবিট ল্যাবে পাওয়া গেছে আগামী দিনের প্রযুক্তির কিছু ধারণা। এখানে যে বিষয়গুলো মুখ্য ছিল, তা হলো, গবেষণা, দূরদৃষ্টি, নতুন প্রযুক্তি ও উদ্যোগ, সৃজনশীলতা ও দক্ষতা ব্যবস্থাপনা এবং ওপেন ক্লাউড প্রযুক্তি। গবেষণায় দেখানো হয়েছে শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য ব্যবহূত নানা প্রযুক্তিগত পদ্ধতি।সিবিট গভর্নমেন্টনিত্যনতুন প্রযুক্তির মাধ্যমে সরকার ও প্রসাশনিকব্যবস্থা আরও উন্নত ও গতিশীল কীভাবে করা যায়, সে রকম দুটি বিষয় সামনে এসেছে। ই-হেলথ ও নগর প্রসাশন পরিচালনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দেখানো হয়েছে।মেলায় বাংলাদেশসিবিট মেলায় বাংলাদেশ একটি পুরোনো নাম। বেশ কয়েক বছর বিরতি দিয়ে দুই বছর ধরে বাংলাদেশ আবার সরকারিভাবে মেলায় যোগ দিচ্ছে। এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে সিবিট মেলায় ৬ নম্বর হলে বাংলাদেশ নেক্সেট নামে আর নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলোপিং কান্ট্রিস বা সিবিআইয়ের অধীন এবং সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের অধীন এনটিএফ-২ প্রোগামের অধীনে সর্বমোট ১৯টি প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। সংখ্যার দিক দিয়ে মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আগের চেয়ে বড়। মেলায় বেসিসের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের পক্ষ থেকে আয়োজিত সেমিনারে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসার নিয়ে প্রবন্ধ পড়েন আলমাস কবীর। বিশ্ব প্রযুক্তির ঝলকে বাংলাদেশ ক্রমান্বয়ে আন্তর্জাতিক যোগাযোগ আর আউটসোর্সিং অঙ্গনে জায়গা করে নিক, বিশ্ব প্রযুক্তির পাশাপাশি চলুক, এই আমাদের কামনা।