হ্যান্ডবল কন্যাদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুম বৃষ্টি। মেঘের তর্জনগর্জন ছাপিয়ে আনন্দের ফোয়ারা বইছে ইডেন কলেজের কমনরুমে। আড্ডায় মেতেছেন ইডেনের হ্যান্ডবল দলের সদস্যরা। আনন্দের উপলক্ষ একটাই, চতুর্দশ ডেল্টা লাইফ উইমেন কলেজ/ইউনিভার্সিটি হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। কথা হলো তাঁদের সঙ্গে।সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া দলনেতা অভির কাছে দলের প্রাপ্তিটাই বড়। ভিকারুননিসা কলেজের এত দিনের জয়ের প্রাচীর ভেঙে ইডেনের বিজয়ের জন্য দলকেই ধন্যবাদ দিলেন তিনি। বললেন, ‘জয়ের নেশাই আমাদের দলের মূল শক্তি। জিততে হবে, এই প্রতিজ্ঞা করেই আমরা মাঠে নেমেছিলাম। যদিও অনেকে ছিল একেবারেই নতুন। যেমন পিংকি।’ পিংকি বলেন, ‘মাঠের কোণে বসে আপুদের খেলা দেখছিলাম। দেখে আমারও খেলতে ইচ্ছে হলো। আর কি, উপায় করে নিলাম।’ আরও নতুন খেলোয়াড় ছিলেন রুমকি, তাসনুভা, পপি। তাঁদের মধ্যে তাসনুভার কলেজ ছিল ভিকারুননিসা। নিজের কলেজের বিরুদ্ধে খেলা? এ শুনে অন্যরা ফোড়ন কাটলেন, তাই তো তাসনুভা মাঠে কোনো গোল দেয়নি। ভিকারুননিসার ছাত্রী ছিলেন বন্যাও। নাম রেখেছেন নিজের, গোলের বন্যা বইয়ে দিয়েছেন মাঠে। তাঁর সঙ্গে তাল মেলালেন চার গোল দেওয়া সমাপ্তি। নবীন খেলোয়াড় রুমকি বললেন, ‘ভয়ে ছিলাম, মাঠে যা কাদা, পড়ে যাব না তো? ভাবতে না ভাবতেই চিতপটাং।’ পপি ছিলেন অতিরিক্ত গোলকিপার। দুঃখ করেই বললেন, ‘মাঠে ছিলাম দুই মিনিট, তাতেই দুই গোল।’ তাঁর দুঃখ দেখে অন্যরা হেসেই বাঁচেন না। মুন্নি বললেন, ‘গোল খাওয়ার জন্যই তোকে নামানো হয়েছে।’গোলকিপার বাঁধনের কথা না বললেই নয়। অসাধারণ দক্ষতায় তিনি প্রতিহত করেছেন ভিকারুননিসার দুর্বার সব আক্রমণ। বললেন, ‘শুরুতেই ভেবে রেখেছিলাম, হাত খুলে গেলেও বল ছেড়ে দেব না।’ সত্যিই তিনি একটিও বল ছাড়েননি। ঠিক যেমন হাল ছাড়েনি তাঁর দল। সবাই স্বীকার করলেন, ভিকারুননিসা অনেক ভালো খেলে। ভালো লেগেছে ওদের মতো ভালো একটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। আমাদের লক্ষ্য একটাই, জয় অব্যাহত রাখা।ইডেনের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ও খেলার শিক্ষক লায়লা আঞ্জুমান বলেন, ‘ফেডারেশন চাইলে আমাদের মেয়েরা জাতীয় দলে খেলবে। আমি মনে করি, ওরা সেই মান অর্জন করেছে।’