হ্যারি পটারই আমার মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই মনে করে, আমার অভিনয়জীবন শুরুই হয়েছে হ্যারি পটার দিয়ে। কিন্তু আসল ঘটনা তা নয়। আমার জীবনের প্রথম সিনেমা হলো ডেভিড কপারফিল্ড। এটা ছিল একটা টেলিফিল্ম। বিবিসি ওয়ানে প্রচারিত হয়েছিল এটা। ডেভিড কপারফিল্ড সিনেমায় আমি ডেভিডের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলাম। সেটা ১৯৯৯ সালের ঘটনা। অবশ্য এই ডেভিড কপারফিল্ড-এ অভিনয়ই আমাকে হ্যারি পটার চরিত্রে অভিনয়ের সুযোগ এনে দেয়। কারণ হ্যারি পটার নিয়ে সিনেমা তৈরির সময় জে কে রাউলিং ও ছবির নির্মাতা প্রতিষ্ঠান এমন কোনো শিশু অভিনেতাকে খুঁজছিল, যে কি না খুব বেশি পরিচিত নয় দর্শকের কাছে। এর কারণ হলো, দর্শকের কাছে অল্প পরিচিত কাউকে হ্যারি পটারের মতো করে তৈরি করে নিতে বেশি সুবিধা হবে। তারা যখন প্রস্তাব পাঠায়, তখন আমার বাবা-মা পুরোপুরি সম্মতি দেননি। কারণ চুক্তিতে লেখা ছিল, হ্যারি পটার চরিত্রে আমাকে টানা সাতটি ছবিতেই অভিনয় করতে হবে আগামী দশ বছর সময়ে। এবং এর সবগুলোরই শুটিং হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। কিন্তু হ্যারি পটারের নির্মাতাদের জোরাজুরিতে আমার বাবা-মা রাজি হন অডিশনের জন্য। এরপর টানা আট মাসের শক্ত অডিশন। এর পরেই তো শুরু হলো হ্যারি পটার সিরিজের প্রথম ছবির চিত্র ধারণ। আমিও কিছুটা বুঝে কিছুটা না বুঝে অভিনয় করে যেতে থাকলাম। তখন মাত্র ১০ বছর বয়স আমার। সে সময় হ্যারি পটার সিরিজের বই পড়েছি ঠিকই, কিন্তু সিনেমার জন্য লেখা স্ক্রিপ্ট পড়ে দেখিনি। আমাকে শুটিংয়ের সময় সবকিছু বুঝিয়ে দেওয়া হতো।২০০১ সালে মুক্তি পেল হ্যারি পটার সিরিজের সর্বপ্রথম সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন। এই একই সিনেমা অবশ্য যুক্তরাষ্ট্র ও ভারতে হ্যারি পটার অ্যান্ড দ্য সরাসার্স’স স্টোন নামে মুক্তি পেয়েছিল। যা-ই হোক, এই সিনেমা মুক্তির পর আমার জীবন যেন আমূল বদলে গেল। আমি আর শুধু বাবা-মায়ের আদরের একমাত্র সন্তান থাকলাম না, আমাকে নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে গেল। এই সিনেমা দেখার পর হ্যারি পটার-এর স্রষ্টা জে কে রাউলিং বলতে লাগলেন যে হ্যারি পটার চরিত্রে এর চেয়ে ভালো অভিনয় আর কেউ করতে পারত না। অবশ্য তাঁর কথা যে কতটা সত্য, তা হ্যারি পটার-এর পরের ছবিগুলোতে আরও বেশি করে ফুটে উঠেছে। আমার বাবা-মা তো বলতেই শুরু করলেন, হ্যারি পটার-এর যত নতুন সিনেমা আসছে, আমি নাকি ধীরে ধীরে ততটাই হ্যারি পটারের মতো হয়ে যচ্ছি। অবশ্য ব্যাপারটা এমনও হতে পারে, আমি হ্যারি পটারের মতো না; হ্যারি পটারই আমার মতো হয়ে যাচ্ছে!! আমি যখন এই চরিত্রে অভিনয় করতে শুরু করি, তখন আমার ধারণাও ছিল না যে আমি আসলে কত বড় কর্মযজ্ঞের ভেতরে ঢুকে পড়েছি। হ্যারি পটার আমাকে এতটা খ্যাতি দেবে, পরিচিতি দেবে, তা কখনো কল্পনাও করিনি।সিনেমায় অভিনয় করা মানে বিশালসংখ্যক দর্শকের সামনে নিজের পারফরম্যান্স দেখানো। এটা বেশ কঠিন। কিন্তু আমার কাছে মঞ্চ অভিনয়টাকে অনেক বেশি কঠিন মনে হয়। আমি অনেক মঞ্চ নাটকে কাজ করেছি এবং এখনো করছি। মঞ্চে অভিনয় করতেও আমার অনেক ভালো লাগে। আমি ক্রিকেটের ভক্ত। ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে আমার ভালো লাগে। আমি শচীন টেন্ডুলকারের দারুণ ভক্ত। লর্ডসে ইংল্যান্ড-ভারতের মধ্যে টেস্টের সময় আমি তাঁর অটোগ্রাফ নিয়েছি। রক ও আন্ডারগ্রাউন্ড মিউজিক আমার ভালো লাগে। অবসর সময় তেমন একটা পাই না। তবে যতটুকু পাই, সেই সময়টাতে আমি বই পড়ি।আমি জানি না, কীভাবে দেখতে দেখতে ১০টা বছর কেটে গেল। হ্যারি পটার যখন শুরু করেছিলাম, তখন আমি ছিলাম ১০ বছরের বাচ্চা আর এখন হ্যারি পটার-এর শেষে এসে আমি ২১ বছরের একজন তরুণ। আমি অনেক বিখ্যাত সেটা ঠিক আছে, কিন্তু এই খ্যাতির কারণে আমাকে অনেক চাপও সহ্য করতে হয়েছে এই মাত্র ২১ বছরের জীবনেই। হ্যারি পটার সিরিজের প্রথম ছবি মুক্তির পরেই আমার স্কুলে যাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। যেখানেই যেতাম, সেখানেই ভিড় জমে যেত। শেষে স্কুল ছেড়ে হ্যারি পটার-এর সেটেই আমার পড়াশোনা শুরু করি টিউটর রেখে। আমার সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে, শপিংয়ে যেতে খুব ভালো লাগে। সাধারণ জীবনটাই আমার বেশি পছন্দ। এখন আমার অনেক টাকা। আমি অনেক সম্পত্তির মালিক হয়েছি এই অল্প বয়সেই। অনেকে মনে করেন, আমি হয়তো খুব বিলাসবহুল জীবন যাপন করি, কিন্তু আমি সাদাসিধা জীবনযাপন বেশি পছন্দ করি। আমি খুব একটা বেশি খরচ করি না। আমার আসল খরচ হয় পাপারাজ্জিদের হাত থেকে নিরাপদে চলার জন্য বডিগার্ড নিয়ে চলাফেরা করতে। এ ছাড়া আমার সারা মাসের খরচের সবচেয়ে বড় অংশটা আমি খরচ করি বই কিনে। বই পড়তে আমার খুব বেশি ভালো লাগে। বই ছাড়া আমি থাকতেই পারি না।হ্যারি পটার-এর শেষ ছবিটি অবশেষে মুক্তি পেল। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ-২। এই ছবিতে অভিনয়ের সময় এই কথাটা ভাবতে আমার খুব কষ্ট হতো যে আমি আর হ্যারি পটার চরিত্রে অভিনয় করব না, আর কখনো ফিরে যাব না হ্যারি পটারের জাদুর রাজ্যে। আমি এখনো ভাবলে অবাক হই, কী করে যেন ১০টা বছর পার করে দিয়েছি। গত ১০ বছর আমি প্রায় প্রতিদিনই হ্যারি পটারের সেটে গিয়েছি। অন্য কোনো মুভির সেটে গেলে আমার এখনো কেন জানি অস্বস্তি লাগে। তবে যা-ই হোক না কেন, সিনেমাই আমার প্রথম ভালোবাসা। সামনে বছর আসছে আমার নতুন ছবি দ্য ওমেন ইন ব্ল্যাক। আগামী দিনগুলোতেও অভিনয়ের মধ্যেই থাকব। হয়তো বা সামনের দিনগুলোতে আমাকে চিত্রপরিচালক হিসেবেও দেখা যাবে। ক্যামেরার সামনে কাজ করতে যেমন উপভোগ করেছি, ঠিক তেমনটাই উপভোগ করতে চাই ক্যামেরার পেছনে কাজ করার সময়ও। তবে আমি কোনো ঐতিহাসিক কাহিনি নিয়ে ছবি তৈরি করব না। আমি সাধারণ ঘটনা নিয়েই ছোট ছোট ছবি বানাতে আগ্রহী। কারণ আমি সাধারণ জীবনযাপন পছন্দ করি।সূত্র: ইন্টারনেট, ইংরেজি থেকে অনুবাদ: ফয়সাল হাসান