হ্যালো, এফবিআই আমি এখানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুলবশত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নজরদারিতে পড়েছিলেন হাসান এম এলাহী। সেই থেকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির চিত্রকলার এই শিক্ষক তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত তুলে ধরেন ওয়েবে। এভাবেই তিনি বনে গেছেন ব্যতিক্রমী এক তারকা শিল্পী
ভুলবশত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নজরদারিতে পড়েছিলেন হাসান এম এলাহী। সেই থেকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির চিত্রকলার এই শিক্ষক তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত তুলে ধরেন ওয়েবে। এভাবেই তিনি বনে গেছেন ব্যতিক্রমী এক তারকা শিল্পী

১৯ জুন ২০০২ সাল। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিল্পী হাসান এম এলাহী যখন ডেট্রয়েট বিমানবন্দরে প্রবেশ করছিলেন, তখনো তিনি জানেন না, সেদিন থেকে তাঁর জীবনটা বদলে যাবে বেমালুম!
স্বাভাবিক নিয়মে অভিবাসন কর্মকর্তার হাতে নিজের পাসপোর্টটা তুলে দিয়েছিলেন তিনি। পাসপোর্ট একনজর দেখেই কেমন যেন থতমত খেয়ে গেলেন কর্মকর্তা। ঝাড়া কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে এলাহীর দিকে তাকিয়ে থেকে বললেন, ‘আপনাকে একটু আমার সঙ্গে আসতে হবে।’
ঘটনার বাকি অংশ জেনে নিন স্বয়ং হাসান এলাহীর বয়ান থেকে। ২০১১ সালে দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রবন্ধে এমনটাই লিখেছেন তিনি।
‘ইমিগ্রেশন কর্মকর্তার পিছু পিছু গিয়ে দাঁড়ালাম একটা বড় হলঘরে। সেখানে আরও অনেক লোক জড়ো হয়েছেন। কাছেই দাঁড়ানো একজন কর্মকর্তার কাছে জানতে চাইলাম, ‘আমাকে এখানে কেন আনা হয়েছে?’ তাঁকেও আমার মতোই বিভ্রান্ত দেখাল।
কিছুক্ষণের মধ্যেই কালো স্যুট পরিহিত এক ব্যক্তি আমার মুখোমুখি দাঁড়ালেন। বললেন, ‘আমি তোমাকে আরেকটু বয়স্ক আশা করেছিলাম।’ জানতে চাইলাম, এখানে আসলে হচ্ছেটা কী? তিনি বললেন, ‘তোমাকে নিজের সম্পর্কে কিছু বলতে হবে।’
আমাকে নেওয়া হলো জিজ্ঞাসাবাদ কক্ষে। অনুজ্জ্বল সাদা ঘরটির এক কোনায় একটি ক্যামেরা দাঁড় করানো। একটি ‘এল’ আকৃতির টেবিলের অপর প্রান্তে মুখোমুখি বসলেন লোকটি। কোথায় গিয়েছিলাম, কোথায় যাচ্ছি, নানা ধরনের টুকরা প্রশ্নের পর হঠাৎই জানতে চাইলেন, ‘সেপ্টেম্বরের ১২ তারিখ তুমি কোথায় ছিলে?’
সৌভাগ্যবশত, আমার কিছুটা স্মৃতি সংরক্ষণের বাতিক আছে। আমি আমার পিডিএ (পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট) খুললাম। ক্যালেন্ডারে দেখলাম, ১২ সেপ্টেম্বর, ২০১১। বুধবার। ‘গুদামঘরের ভাড়া পরিশোধ, সকাল ১০টা। জুডিথের সঙ্গে মিটিং, সকাল সাড়ে ১০টা...। নয় মাস আগের একটি দিনের কার্যকলাপ আমি হরহর করে বলে গেলাম। এতটা বোধ হয় তিনি আশা করেননি। চলল তাঁর জিজ্ঞাসাবাদ:
—টাম্পা এলাকায় তোমার একটা গুদামঘর আছে, ঠিক?
—হুম, বিশ্ববিদ্যালয়ের কাছে।
—কী আছে সেখানে?
—শীতের কাপড়, আসবাব, কিছু জঞ্জাল, যেগুলো আমার ঘরে জায়গা হচ্ছিল না।
—কোনো বিস্ফোরক দ্রব্য ছিল?
—আমি নিশ্চিত, কখনোই ছিল না।
—হুম...আমাদের কাছে তথ্য আছে, তোমার গুদামঘরে বিস্ফোরক দ্রব্য ছিল এবং তুমি সেগুলো নিয়ে সেপ্টেম্বরের ১২ তারিখ পালিয়ে গেছ।
...যা হোক, আমার খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব দেখে তিনি বুঝলেন, আমার সম্পর্কে পাওয়া তথ্যে কোনো ভুল হয়েছে।

তবে তা-ই হোক
এফবিআই তাদের ভুল বুঝতে পারলেও পুুরোপুরি নিস্তার পেলেন না হাসান এলাহী। টানা ছয় মাস এফবিআইয়ের কার্যালয়ে হাজিরা দিতে হলো তাঁকে। কখনো আল- কায়েদার কারও সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, ইসলামি জিহাদের সঙ্গে তাঁর কোনো যোগসাজশ আছে কি না, ঘুরেফিরে বারবার এসব প্রশ্নের উত্তর দিতে হলো। কোথায় যাচ্ছেন, কী করছেন, কোথায় ছিলেন...হাজারটা প্রশ্নের মুখোমুখি প্রতিদিন। ধৈর্য ধরে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন এলাহী।
অবশেষে একদিন একজন এজেন্ট জানালেন, হাসান এলাহীকে তাঁরা ‘ক্লিয়ার’ মনে করছেন। আর হাজিরা দিতে হবে না। এলাহী এখন মুক্ত, তবে তিনি দূরে কোথাও গেলে যেন এফবিআইকে জানান। এফবিআই তাঁকে নজরে রাখতে চায়।
শুরু হলো হাসান এলাহীর এলাহি কারবার! তাঁর বক্তব্য, ‘তোমরা আমাকে নজরে রাখতে চাও? বেশ। আমি আমার সম্পর্কে তোমাদের এমনই বিস্তারিত তথ্য দেব, যা তোমরা জীবনেও পাওনি!’ জন্মের পর থেকে এলাহী যতগুলো প্লেনে চড়েছেন, যেসব জায়গায় গেছেন, সমস্ত তথ্য এফবিআইকে মেইল করতে শুরু করলেন। নিজের মুঠোফোনটিকে বানিয়ে ফেললেন ট্র্যাকিং ডিভাইস, যাতে এফবিআই সর্বক্ষণ জানতে পারে, তিনি কোথায় আছেন।
২০০৩ সাল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের চোখ কপালে তুলে দিয়ে হাসান এলাহী একটি অভূতপূর্ব ওয়েবসাইট খুলে ফেললেন (http://elahi.umd.edu/track/) প্রতি ঘণ্টায় তাঁর কার্যক্রমের ছবি তুলে ওয়েবসাইটটিতে আপলোড করতে শুরু করলেন। কী খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন ট্রেনে চড়ছেন, এমনকি যে প্রসাধনকক্ষ ব্যবহার করছেন, বাদ গেল না সেসবের ছবিও! ওয়েবসাইটটিতে অসংখ্য ছবি ছাড়াও আছে একটি ম্যাপ, যাতে হাসান এলাহীর বহন করা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে তাঁর প্রতি মুহূর্তের অবস্থান জানান দেওয়া হয়। সারা দিনের প্রতিটি ক্রয়-বিক্রয় এবং ক্রেডিট কার্ডের রসিদ, ব্যাংক ও ফোন কোম্পানি থেকে প্রাপ্ত তথ্য, আয়-ব্যয়ের হিসাব, এসব ছবিও ওয়েবসাইটটিতে আপলোড করা হয়।
হাসান এলাহীর উদ্দেশ্য এখন শুধু এফবিআইয়ের হেনস্তা থেকে নিরাপদ থাকা নয়, এটি তাঁর কাছে একধরনের শিল্পও। এ প্রসঙ্গে হাসান এলাহী বলেন, ‘ব্যাপারটা বেশ মজার। আমার প্রাত্যহিক জীবনটাই আমার কাছে শিল্পের অংশ।’ ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিষয়ের এই সহযোগী অধ্যাপকের মতে, ‘নিজের “প্রাইভেসি” অটুট রাখার সবচেয়ে সহজ উপায় হলো “প্রাইভেট” বলে কিছু না রাখা।’ তিনি দাবি করেন, এখন তাঁর জীবনে গোপনীয়তা বলে কিছু নেই। মজা করেই বলেছিলেন, ‘এই তো সেদিন, এফবিআইকে সঙ্গে নিয়ে আমার দশম বিবাহবার্ষিকী উদ্যাপন করলাম!’
যুক্তরাষ্ট্রে হাসান এলাহী এখন শুধু একজন শিল্পীই নন। ছোটবেলা থেকে যুক্তরাষ্ট্রে বড় হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মানুষটি এখন একজন বড় তারকাও।

অসংখ্য ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন হাসান এলাহী।
অসংখ্য ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন হাসান এলাহী।


স্ব-নজরদারি যখন শিল্প

স্ব-নজরদারির অংশ হিসেবে তোলা অসংখ্য ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন হাসান এলাহী। ‘ট্র্যাকিং ট্রানজিয়েন্স’ শিরোনামে ছবিগুলো নিয়ে তিনি হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন বিখ্যাত প্রদর্শনীতে। যার মধ্যে আছে সাইট সান্তা ফে, সেন্টার জর্জেস, পমপিডো, সানডেন্স চলচ্চিত্র উৎসব, ভেনিস বিয়েনেলসহ ফ্লোরিডার কিছু প্রদর্শন কেন্দ্র। নিউইয়র্ক টাইমস, ফোর্বস, সিএনএন, ফক্সসহ বিখ্যাত সব সংবাদমাধ্যম বড় পরিসরে হাসান এলাহীকে তুলে ধরার পর রীতিমতো ‘সেলিব্রেটি’ বনে গেছেন তিনি!