হ্রদে মাছ শিকার না করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কাপ্তাই হ্রদ থেকে কোনো রকম মাছ না ধরার অঙ্গীকার করেছেন কাপ্তাই ইউনিয়নের জেলেরা। ৬ জুন কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা এই অঙ্গীকার করেন। অনুষ্ঠানে ২৫৯ জন জেলে উপস্থিত ছিলেন।জানা যায়, কাপ্তাই হ্রদে মাছের ডিম ছাড়ার মৌসুম মে থেকে জুলাই পর্যন্ত তিন মাস। মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে এই তিন মাস হ্রদে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকে। ফলে এ সময় বেকার হয়ে অর্থকষ্টে ভোগেন সংশ্লিষ্ট জেলেরা। তাই সরকার তালিকাভুক্ত ২৫৯ জন জেলের প্রত্যেককে তিন মাস চাল সরবরাহের উদ্যোগ নেয়। প্রত্যেক জেলেকে মাসে ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।চাল বিতরণ করতে গিয়ে উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী জেলেদের উদ্দেশে বলেন, ‘আগামী বছর যাতে জেলেদের ৩০ কেজি করে চাল দেওয়া যায়, সে ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের মাধ্যমে আমি প্রয়োজনীয় উদ্যোগ নেব। তবে নিষেধাজ্ঞা থাকার সময় হ্রদ থেকে কোনো ধরনের মাছ শিকার করা হবে না বলে আপনাদের অঙ্গীকার করতে হবে।’ তাঁর আহ্বানে সাড়া দিয়ে জেলেরা মাছ শিকার না করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা কাজী মো. আবদুর রহমান বলেন, ‘মাছ ধরা বন্ধ থাকার সময় জেলেরা যাতে কষ্ট না পান, সে জন্য সরকার বিনা মূল্যে চাল সরবরাহ করছে।এখন প্রশাসনের পক্ষ থেকে হ্রদে নিয়মিত টহল দেওয়া হবে। কোনো জেলেকে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিনা মূল্যে চাল পাওয়ার তালিকা থেকে সংশ্লিষ্ট জেলের নাম বাদ দেওয়া হবে।’এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাইয়ের ব্যবস্থাপক মো. হারুনর রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ প্রমুখ।