হ্রদের জমিতে পাকা ধানের নাচন
কাপ্তাই হ্রদের ভেসে ওঠা জমিতে ধান পেকেছে। পাকা ধানের গন্ধে নেচে উঠছে কৃষাণ-কৃষাণির মন। গত বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসের তীব্র শীতে হাঁটুসমান কাদায় ধান রোপণ করেছেন তাঁরা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ কয়েক মাস পরিশ্রমের পর এখন পাকা ধানের শিষ হাসছে মাঠজুড়ে। এসব চরে এখন চলছে ধান কাটার উৎসব।কাপ্তাই হ্রদসংলগ্ন বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে, আবহাওয়া ভালো থাকায়, বিশেষ করে বৃষ্টি হওয়ায় এ বছর কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে বোরোর ফলন ভালো হয়েছে। তবে কিছু কিছু জায়গায় ধানের ছড়া ভালোভাবে পুষ্ট হয়নি বলে জানা গেছে।এ ব্যাপারে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. সাদির উদ্দিন জানান, বোরো চাষের একটা নির্দিষ্ট সময় থাকে। ওই সময়ের পরে রোপণ করা হলে ধান পরিপুষ্ট না-ও হতে পারে। তিনি বলেন, কাপ্তাই হ্রদের নিচু এলাকায় ভেসে ওঠা জমিতে দেরিতে রোপণ করা ধান কিছুটা খারাপ হতে পারে। তবে এ বছর হ্রদ এলাকায় ধানের ভালো ফলন হয়েছে।চাষিরা জানান, যেসব চাষি হ্রদের উজানে চাষ করেছেন, তাঁরা ইতিমধ্যে ধান ঘরে তুলতে শুরু করেছেন। অন্যরাও আশায় বুক বেঁধেছেন, আর কয়েক দিনের মধ্যে শুরু হবে ধান কাটা। এর মধ্যে অতিবৃষ্টি শুরু হলেই বিপদ। তাতে হ্রদের পানি বেড়ে গিয়ে নষ্ট করবে চাষিদের পরিশ্রমের ফসল। এখন তাই ঘরে ঘরে বৃষ্টি না হওয়ার প্রার্থনা করছেন তাঁরা। জানা গেছে, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ তৈরির পর পার্বত্য চট্টগ্রামের ৫৪ হাজার একর প্রথম শ্রেণীর ধানি জমি হ্রদের পানিতে তলিয়ে যায়। যদিও পরবর্তীকালে শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমে গেলে ভেসে ওঠা জমিতে ধান চাষ শুরু করেন কৃষকেরা। এসব জমি স্থানীয়ভাবে জলে ভাসা জমি নামে অভিহিত।কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির তথ্য মতে, কাপ্তাই হ্রদের পানি ১ অক্টোরর থেকে কমতে শুরু করে এবং ১ মে থেকে বাড়তে থাকে। এ সময় চার হাজার হেক্টরের বেশি জমিতে চলে চাষাবাদ।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের জলেভাসা জমি রাঙামাটি জেলায় খাদ্য উৎপাদনে বিরাট ভূমিকা রাখে। জেলার কয়েক হাজার পরিবার এ জমির ওপর নির্ভরশীল। জেলার ৪০ ভাগ খাদ্য উৎপাদন হয় কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে। এর পরিমাণ ১৬ হাজার মেট্রিক টনের বেশি।বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামের অমর বিজয় চাকমা (৩৮) তিন একর জমিতে চাষ করেছেন। তিনি জানান, দিনমজুর আর সেচের বাড়তি খরচের কারণে আগের যেকোনো বছরের চেয়ে চাষের খরচ বেড়েছে। তবে ফলন ভালো হয়েছে। মাহিল্যা গ্রামের আবদুল মালেক জানান, এ বছর বৃষ্টি হওয়ায় ধান ভালো হয়েছে। যাঁরা আগে রোপণ করেছেন তাঁরা এখন ধান কাটা শুরু করেছেন বলে তিনি জানান।