হ্রদের জলে পানকৌড়ির মাতামাতি
শিমুল তুলার মতো আকাশে মেঘের ওড়াউড়ি। ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির। দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি । উঁচু-নিচু পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে হ্রদ। হিমহিম বাতাস। হ্রদের নীল জলে পানকৌড়ির মাতামাতি। শিমুল-পলাশের ডালে চলছিল ঘুঘু-শালিকের খুনসুটি। দূরে কোথাও অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। এরই মাঝে রচিত হচ্ছে সূর্যের সাগর চুম্বনের অপরূপ দৃশ্য। পাহাড়চূড়ায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে দেখতে কানেরও শুশ্রূষা হচ্ছিল হাজারো পাখির কলতানে।ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম নয়। চট্টগ্রাম সেনানিবাস এলাকায় অবস্থিত পাহাড়ঘেরা ভাটিয়ারি হ্রদের তীরে এক বিকেলের গল্প এটি। ভাটিয়ারি হ্রদের রূপমাধুরী প্রচারমাধ্যমে তেমন না এলেও প্রকৃতিপ্রেমীদের কাছে অচেনা নয় জায়গাটি।ভাটিয়ারি হ্রদে সারা বছরই আসে পর্যটকেরা। তবে শীত মৌসুমেই ভিড় থাকে বেশি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুই ধারে পর্যটকদের জন্য রয়েছে বসার জায়গা। দুই ধারে সবুজ পাহাড়ের দেয়াল, তার মাঝে বয়ে চলেছে হ্রদ। হ্রদের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য নৌকার ব্যবস্থাও আছে। শরতের এই সময়ে হ্রদে ঢেউয়ের নাচন আর মৃদু-মন্দ বাতাস আপনার মনে দোলা দেবেই। পর্যটকদের জন্য রয়েছে সেনানিবাস কর্তৃপক্ষ পরিচালিত একটি ক্যানটিন। আছে নান্দনিক পার্কও।চট্টগ্রাম শহর থেকে দুভাবে ভাটিয়ারি হ্রদে যাওয়া যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় নেমে পূর্ব দিকে দুই কিলোমিটার গেলে পৌঁছে যাবেন গন্তব্যে। চট্টগ্রাম শহর থেকে উত্তরে হাটহাজারী সড়ক ধরেও যাওয়া যায় ভাটিয়ারি লেকে। মুরাদপুর থেকে রওনা দিয়ে প্রথমে যেতে হবে বড়দীঘির পাড় এলাকায়। এখান থেকে ১২ কিলোমিটার দীর্ঘ ভাটিয়ারি সংযোগ সড়ক পার হতে হবে। অবশ্য পথে খিল্লাপাড়ার পর আপনাকে দাঁড়াতে হবে সেনাবাহিনীর চেকপোস্টে। ব্যক্তিগত গাড়ি নিয়ে কিংবা মোটরসাইকেলে গেলে সঙ্গে থাকতে হবে চালক-সনদ ও সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, হেলমেট ইত্যাদি।চেকপোস্টে কর্তব্যরত সেনাসদস্যদের অনুমতি পেলেই আপনি যেতে পারবেন ভাটিয়ারি হ্রদে। বড়দীঘির পাড় সংযোগ সড়ক ধরে ভাটিয়ারি হ্রদে যাওয়াটা বেশ উপভোগ্য। যাওয়ার সময় সড়কের দুই ধারের অসংখ্য শিমুল, পলাশ, শিশুগাছ ও সবুজ পাহাড় আপনাকে সঙ্গ দেবে।২৭ সেপ্টেম্বর বিকেলে ভাটিয়ারি হ্রদের তীরে পর্যটকদের ভিড়।কেউ হ্রদের ধারে বসে গল্প করছেন। কেউ বা নৌকায় হ্রদে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ হ্রদে বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত। কথা হয় হাটহাজারীর ইমতিয়াজ রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘চট্টগ্রামে ঘুরে বেড়ানোর অনেক জায়গা আছে। তবে আমি ভাটিয়ারির রূপে মুগ্ধ। এখানে সবকিছুই খুব শান্ত, নিরিবিলি।’