হ্রদের পানি না কমায় বোরো চাষ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি কমে যাবে ভেবে বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। তবে তাঁদের প্রত্যাশা অনুযায়ী কমেনি পানি, জেগে ওঠেনি জলেভাসা জমি। তাই অনিশ্চয়তায় পড়েছে বেরো ধানের আবাদ। হ্রদের পাশে জেগে ওঠা এক চিলতে জমিতেই চলছে ধানের চারা রোপণ। ছবিটি রাঙামাটির ঝগড়াবিল মৌজা এলাকা থেকে ৯ ফেব্রুয়ারি তোলা l সুপ্রিয় চাকমা
পানি কমে যাবে ভেবে বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। তবে তাঁদের প্রত্যাশা অনুযায়ী কমেনি পানি, জেগে ওঠেনি জলেভাসা জমি। তাই অনিশ্চয়তায় পড়েছে বেরো ধানের আবাদ। হ্রদের পাশে জেগে ওঠা এক চিলতে জমিতেই চলছে ধানের চারা রোপণ। ছবিটি রাঙামাটির ঝগড়াবিল মৌজা এলাকা থেকে ৯ ফেব্রুয়ারি তোলা l সুপ্রিয় চাকমা

সময় যত যাচ্ছে রাঙামাটির দুই হাজার চাষি পরিবারের হাহাকার ততই বাড়ছে। কাপ্তাই হ্রদের পানি না কমায় জলেভাসা জমিতে চাষ করতে পারেননি তাঁরা। কৃষি সম্প্রসারণ বিভাগও বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছে। তবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বলছে, হ্রদের পানি রুলকার্ভ (সময়সূচি ভিত্তিক পানি ওঠা নামার মাপ) ঠিক আছে।
কৃষি কর্মকর্তা ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদে পানি ধরে রাখা হয়। শুষ্ক মৌসুমে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পানি ধীরে ধীরে ছাড়া হয়। তখন পানি নেমে গেলে ভেসে ওঠে হ্রদে ডুবন্ত জমি। স্থানীয় লোকজনের কাছে ‘জলে ভাসা’ নামে পরিচিত এসব জমিতে বোরো মৌসুমে ধান চাষ হয়।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি জেলার নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও সদর উপজেলার সাড়ে আট হাজার হেক্টর এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় প্রায় এক হাজার হেক্টর জলেভাসা জমিতে বোরো চাষ করা হয়। এসব জমিতে কমপক্ষে দুই হাজার পরিবার ধান চাষ করে।
রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার চাষিরা অভিযোগ করেন, অন্যান্য বছর এ সময় হ্রদের তিন ভাগের দুই ভাগ জমিতে ধানের চারা রোপণের কাজ শেষ হয়। কিন্তু এ বছর চার ভাগের এক ভাগ জমিতেও চারা রোপণ সম্ভব হয়নি।
সম্প্রতি রাঙামাটির রাঙাপানি এলাকায় গিয়ে দেখা যায়, হ্রদের ধারের অল্প পানি জমে থাকা এক চিলতে জমিতে চারা রোপণ করছেন কিছু কৃষক। কর্মরত কৃষকেরা হ্রদের দিকে দেখিয়ে বলেন, গত বছর জানুয়ারি মাসের প্রথম দিকে হ্রদের ওই সব এলাকায় ধান লাগিয়েছিলেন তাঁরা। এখন ওই সব জমি পানিতে ডুবে আছে।
লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের পেটান্যেমাছড়া মৌজার হেডম্যান নিউটন চাকমা বলেন, আগের বছরগুলোতে যে সব জমিতে চারা রোপণ শেষ করে আগাছা পরিষ্কারের প্রস্তুতি নিতে হতো এ বছর সেই সব জমি এখনো পানির নিচে। অনেক ধানের চারা বীজতলায় রয়ে গেছে।
জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের চাষি সমর সেন চাকমা বলেন, ‘আমাদের সবার মাথায় বাজ পড়ার অবস্থা। চাষ করতে না পারলে এ বছর খাব কী?’
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি না কমায় এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। চাষিরা পানি নামার আশায় আগাম বীজতলা তৈরি করায় চারার বয়স বেড়ে গেছে। চারার বয়স ৪০ দিনের বেশি হলে তা রোপণ করা উচিত না। কারণ তাতে ফলন হয় না।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির সর্বোচ্চ উচ্চতা ১০৯ এমএসএল (মিন সি লেভেল) থাকে নভেম্বর মাসে। সর্বনিম্ন উচ্চতা ৭৬ এমএসএল জুন-জুলাই মাসে। ফেব্রুয়ারি মাসে থাকে ৯৬ এমএসএল। পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো. আবদুর রহমানের দাবি, হ্রদের পানির উচ্চতা ঠিক রয়েছে। পরিমাণ মতো পানি ছেড়ে বিদ্যুৎ উৎপাদন চলছে।
কয়েকজন কৃষি কর্মকর্তার ধারণা, চাষিরা রুলকার্ভ অনুসরণ না করে নিজেদের অভিজ্ঞতা থেকে বীজতলা তৈরি করেছে। অন্যান্য বছর এই সময় পানি অনেক কম থাকে। তবে গত বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় হ্রদের পানি সর্বোচ্চ উচ্চতায় গেছে। গত ১৫-২০ বছর ধরে এমন বৃষ্টিপাত হয়নি।