হ্রদের পাড়ে সাম্পানে
ভরদুপুরে খেতে বসে ঠান্ডা বাতাসে মন আনচান। বোঝারই উপায় নেই রোদের প্রকোপ। হঠাৎ হয়তো কৃষ্ণচূড়া ঝরে পড়বে গায়ে। সিঁড়িতে বসে হ্রদের পানিতে পা ডুবিয়ে মেতে উঠতে পারেন তুমুল আড্ডায়। প্রিয়জনের সঙ্গে আয়েশ করে খেতে পারেন, এমন জায়গা ঢাকা শহরে সত্যি মেলা ভার। আর খাবারের সঙ্গে বোনাস হিসেবে এত্ত সুবিধা লুফে নিতে চলে আসতে পারেন সাম্পানে। ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কের লেকের পাশে সাম্পানে খেতে পাবেন মজাদার সব ফাস্টফুড, কাবাবসহ দেশি-বিদেশি নানা খাবার। হরেক রকমের কফি, জুসও পাবেন। কোলাহলময় পথের ধারেই এমন নিরিবিলি রেস্তোরাঁ হতে পারে, না ঢুকলে টেরই পাবেন না। হ্রদের সবুজ পানিতে দেখবেন গাছের ছায়া। মনে হবে, শুধু এ জন্যই তো সারা দিন বসে কাটিয়ে দেওয়া যায় এখানে। একটু পরেই চলে আসবে ধোঁয়া তোলা মজাদার খাবার। ব্যস, আর কী চাই।প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১০টা—এই সময়ের মধ্যেই ঢুঁ মেরে যেতে পারেন এখানে।‘যে কেউ চাইলে পার্টির আয়োজন করে দেওয়া হয়। সে ক্ষেত্রে আগেভাগে জানাতে হবে। সাম্পানের জনপ্রিয় খাবারের মধ্যে চিকেন ললিপপ অন্যতম’, জানালেন সাম্পানের ব্যবস্থাপক (ম্যানেজার) এনামুল হক।বার বি কিউ আইটেমের মধ্যে চিকেন টিক্কা ১২০, চিকেন বটি ১০০, চিকেন রেশমি কাবাব ২৪০, চিকেন কড়াই গ্রেভি প্রতি প্লেট ৩১০, চিকেন গ্রিন কড়াই প্রতি প্লেট ৩০০, বিফ শিক কাবাব ৯০, বিফ বটি ১২০, বিফ লাহরি কাবাব গ্রেভি ৩০০, খাসির বটি ১৩০ ও খাসির কারি ৩৩০ টাকা। সঙ্গে নান, পরটা, রুমালি রুটি মিলবে ২০ থেকে ৩০ টাকায়।ফাস্টফুড আইটেমের মধ্যে আছে চিকেন ব্রোস্ট সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ও রুটি ১৭০, চিকেন ললিপপ সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ও রুটি ১৫০, চিকেন পপস ও ফ্রেঞ্চ ফ্রাই ১৪০, চিকেন উইংস ১৫০, ক্রাঞ্চি চিকেন বার্গার ১৫০, চিকেন স্টেক বার্গার ১২০, বিফ স্টেক বার্গার ১৩০, চিকেন বা বিফ স্যান্ডউইচ ৮৫ ও ক্লাব স্যান্ডউইচ ১০০-১৪০ টাকা। নানা ধরনের কফি ও চায়ের দাম পড়বে ৪০-৯০ টাকা।